গ্রিনিজ নন আসছেন মুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের কোচ শেন জার্গেনসেন অস্ট্রেলিয়ান। এবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলও পাচ্ছে একজন অস্ট্রেলিয়ান কোচ। আগামী বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে নিউ সাউথ ওয়েলসের সাবেক উইকেটকিপার ডেভিড মুরের হাতে তুলে দেওয়া হবে যুবদলের দায়িত্ব। কাল বিসিবির পরবর্তী সভায় অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে তাঁর নিয়োগ চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে। সভার সম্ভাব্য তারিখ ২৮ ফেব্রুয়ারি।প্রথম শ্রেণীর ক্রিকেটে একটা মাত্র ম্যাচই খেলেছেন তিনি নিউ সাউথ ওয়েলসের হয়ে। খেলোয়াড় মুরের চেয়ে তাই কোচ মুরের অভিজ্ঞতাটাই বেশি। কোচ হিসেবে কাজ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ায়। ২০০১ সালে নিউ সাউথ ওয়েলস মহিলা দলের কোচ ছিলেন। পরের বছর কমনওয়েলথ ব্যাংক ক্রিকেট একাডেমিতে কাজ করেছেন বেনেট কিং, ট্রয় কুলিদের সঙ্গে। কিংয়ের সঙ্গে পরে ওয়েস্ট ইন্ডিজ দলের সহকারী কোচেরও দায়িত্ব পালন করেছেন। মুর ছাড়া আরও যে দু-একজন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন জাতীয় দলের সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান কোচ গর্ডন গ্রিনিজও। কিন্তু কোচিং থেকে দূরে আছেন বলে তাঁকে বিবেচনায় আনেনি বিসিবি।বিসিবির একটি সূত্র জানিয়েছে, আপাতত ২০১৪ সালের জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় পরবর্তী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্তই চুক্তি হবে মুরের সঙ্গে। এদিকে কালই বাংলাদেশের ক্রিকেটে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন আরেকজন অস্ট্রেলিয়ান ডেভিড ড্রয়ার। জাতীয় দলের নতুন ট্রেনার তিনি।