কেউ বললেন, দুঃসাহসী। কেউ বললেন, বোকামি। বাকিরা অবাক। বাকরহিত। কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। সেই ম্যাচেই কি না আক্রমণভাগ পুরো ঢেলে সাজালেন জোয়াকিম লো! টুর্নামেন্টে এর আগে তিন ম্যাচে তিন গোল। তার পরও একাদশে জায়গা হলো না মারিও গোমেজের! আগের ম্যাচে গোল করা লুকাস পোডলস্কিও নেই। রাখা হয়নি টমাস মুলারকেও। একাদশে জায়গা পেলেন এর আগে টুর্নামেন্টে মাত্র ২৬ মিনিট খেলা আন্দ্রে শুরলে। টুর্নামেন্টেই প্রথমবারের মতো মাঠে নামলেন মার্কো রিউস। আর মিরোস্লাভ ক্লোসা, যাঁকে শেষ ১০-১৫ মিনিট খেলানোর জন্যই নাকি এনেছিলেন জোয়াকিম লো! জার্মান কোচ কি তবে জুয়া খেলতে চেয়েছেন!জুয়াই যদি হয়, তবে সেটি দারুণভাবেই জিতলেন লো। ক্লোসা ৬৪তম গোল করে আরও একটু এগিয়ে গেলেন জার্মান রেকর্ডটির দিকে। ২৩ বছর বয়সী রিউস মাত্র সপ্তম ম্যাচে করলেন নিজের দ্বিতীয় গোল। শুরলেই শুধু গোল পাননি। কিন্তু ৬টি শট নিয়েছেন, যার দুটোই অন-টার্গেট! লো জিতলেন, একতরফা জয় পেল জার্মানিও। কোয়ার্টার ফাইনালে গ্রিসকে শুধু ৪-২ গোলেই হারাল না, বাকিদের এই বার্তাও দিয়ে রাখল, তারা চ্যাম্পিয়ন হতেই এসেছে। ১৬ বছরের শিরোপাবুভুক্ষু এই জার্মানি সর্বগ্রাসী, বিধ্বংসী!না, জুয়া নয়। এখন বোঝা যাচ্ছে, ঠান্ডা মাথার হিসাব। সবাই যখন এক ম্যাচ ধরে হিসাব করছেন, লোয়ের মাথায় তখন পুরো টুর্নামেন্ট। নিজের দলের মধ্যেই তিনি গড়ে তুলছেন প্রতিযোগিতা। তিন গোল করেও গোমেজ তুমি নিশ্চিত নও। পোডলস্কি, তোমাকেও নামতে হতে পারে বদলি হিসেবে। মুলার, নিজের সেরাটা বের করে আনো, ২০১০ বিশ্বকাপের সেই ফর্ম। একটা দলের মধ্যে যখন বেঞ্চের খেলোয়াড়েরাও সেরা একাদশে জায়গা পাওয়ার জোর দাবি জানান, সেই দলই তো আসলে সত্যিকারের চ্যাম্পিয়ন!ম্যাচে জার্মানি ফেবারিট ছিল, সন্দেহ নেই। কিন্তু এমন একতরফা ম্যাচ হবে, সেটি কল্পনারও বাইরে। সব মিলিয়ে ২৪টি গোলপ্রচেষ্টা ছিল জার্মানদের। এর মধ্যে ১৪টি শটই ছিল গোলসম্ভবা! ১০টি কর্নার পেয়েছে জার্মানি। আর গ্রিস মাত্র একটি, সেটিও দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে! প্রথমার্ধে ৮০ শতাংশের বেশি বল দখল ছিল জার্মানদের। কিন্তু এতসব পরিসংখ্যানকে ৬০ মিনিট পর্যন্ত অর্থহীনই দেখাচ্ছিল। কারণ স্কোরলাইন যে তখন ১-১!২০০৬ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে করা গোলটির হুবহু একই রকম একটি গোল করে ৩৯ মিনিটে দলকে এগিয়ে দিয়েছিলেন ফিলিপ লাম। বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া গোলার মতো সেই শটে হাত ছুঁইয়েও কিছু করতে পারেননি গ্রিক গোলরক্ষক। এর পরও জার্মানরা একের পর এক আক্রমণ শাণিয়েও ব্যবধান বাড়াতে পারছিল না। আর গ্রিস ছিল নয়জনকে রক্ষণে রেখে পাল্টা-আক্রমণের সুযোগ সন্ধানে। ৫৫ মিনিটে এমনই একটা পাল্টা-আক্রমণে গোল করে সমতা ফেরান গিওর্গস সামারাস। ঠিকমতো মার্ক করে রাখতে না-পারার ভুলটা জেরোম বোয়াটেংয়ের। জার্মান ডিফেন্ডার সেই ভুলের প্রতিদান দেন ৬ মিনিটের মধ্যেই। দারুণ এক ক্রস দেন তিনি সামি খেদিরাকে। রিয়াল মিডফিল্ডারের দুর্দান্ত ভলি স্বস্তি ফেরায় জার্মান শিবিরে (২-১)। এর পরই ক্লোসা আর রিউসের আস্থার প্রতিদান দেওয়ার পালা। ৬৮ মিনিটে কর্নারের কাছ থেকে নেওয়া মেসুত ওজিলের ফ্রি-কিকে হেড করে বল জালে পাঠান বাছাইপর্বে ৯ গোল করা ক্লোসা। জার্ড মুলার এখন তাঁর থেকে মাত্র ৪ গোলের দূরত্বে। ব্যবধানটি তিনে নামিয়ে এনেছিলেন প্রায়। কিন্তু ৭৫ মিনিটে ক্লোসার শট ঠেকিয়ে দেন গ্রিক গোলরক্ষক। ফিরতি বলই জালে পাঠান রিউস। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল গ্রিস পেয়েছে বটে। কিন্তু তা ছিল সান্ত্বনা পুরস্কার। এএফপি, রয়টার্স।