গ্রিসকে উড়িয়ে সেমিতে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের শুরুতেই জোয়াকিম লোর একটা চমক উপহার। তিন গোল করে দারুণ ফর্মে থাকা মারিও গোমেজই নেই! নেই লুকাস পোডলস্কি আর টমাস মুলারও! এর বদলে একাদশে আন্দ্রে শুরলে আর মার্কো রেউসের সঙ্গে কিনা ‘বুড়ো’ মিরোস্লাভ ক্লোসা!জার্মান কোচের জুয়াটা জ্যাকপটই জিতল। ক্লোসা আর রেউসই এনে দিলেন গোল। সব মিলে গ্রিসকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল জার্মানি। আক্ষরিক অর্থেই গ্রিসকে নিয়ে যেন এদিন খেলল জার্মানরা। পুরো ম্যাচে গ্রিস একটা মুহূর্তের জন্যই ম্যাচের লাগাম পেয়েছিল। ৫৫ মিনিটে পাল্টা-আক্রমণে অপ্রস্তুত জার্মান রক্ষণে দিমিত্রিয়স সালপিনগিদিসের ক্রস থেকে বল জালে জড়িয়েছিলেন গিওর্গিওস সামারাস। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে করা সালপিনগিদিসের আরেকটি গোলে ব্যবধান শুধুই কমেছে। ম্যাচ শেষ তারও অনেক আগেই।প্রথমার্ধে জার্মানি ১৫টি শট নিয়েছে, ৫টিই অন-টার্গেট। ছিল ৮২ শতাংশ বলের দখলও। এখান থেকেই পরিষ্কার জার্মানদের দাপট। কিন্তু গোলমুখ কিছুতেই খুলতে পারছিল না। ৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ফিলিপ লাম এগিয়ে দিয়েছিলেন দলকে। ৫৫ মিনিটে সেই গোলটাই শোধ করে দেন সামারাস। কিন্তু জার্মানরা এদিন সব তেড়েফুঁড়ে দেওয়ার মেজাজেই ছিল। ৬১ মিনিটে দারুণ ভলি থেকে ২-১ করেন খেদিরা। ৬৮ মিনিটে ক্লোসার সেই প্রতিদান দেওয়া গোলের পর ৭৪ মিনিটে ৪-১ বানান রেউস। এএফপি।