গ্রিসের কাছে নাইজেরিয়ার পরাজয়
বিশ্বকাপের ‘বি’ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফ্রিকার ‘সুপার ঈগল’ নাইজেরিয়ার। আজ ব্লুমফনটেইনে অনুষ্ঠিত খেলায় গ্রিস নাইজেরিয়াকে হারিয়েছে ২-১ গোলে।খেলার শুরুতে অবশ্য গোল খেয়ে পিছিয়ে পড়ে গ্রিস। খেলার ১৬ মিনিটের সময় কালু উচে ফ্রি-কিক থেকে গোল করে নাইজেরিয়াকে এগিয়ে দেন।খেলার ৩৩ মিনিটের সময় নাইজেরিয়ার সানি কেইটা গ্রিসের দিমিত্রিস সালপিংগিদিসকে বল ছাড়াই লাথি মারলে কলম্বিয়ার রেফারি অসকার রুইজ তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এর পরই মূলত খেলায় ফিরে আসে গ্রিকরা। ১০ জনের নাইজেরিয়া হয়ে পড়ে কিছুটা রক্ষণাত্মক। একজন খেলোয়াড় বেশি নিয়ে খেলার সুবিধাটা পুরোপুরি কাজে লাগিয়ে ৪৪ মিনিটেই খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসে গ্রিস। গোল করেন দিমিত্রিস সালপিংগিদিস। খেলার ৭১ মিনিটের সময় গ্রিসের পক্ষে জয়সূচক গোলটি করেন ভাসিলিস টোরোসিডিস। আজকের খেলায় জয়ের ফলে গ্রিসের দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন টিকে এখনো টিকে রইল।‘বি’ গ্রুপ থেকে আর্জেন্টিনা দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দক্ষিণ কোরিয়া ও গ্রিস উভয় দলই একটি করে ম্যাচ জিতে দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইটিকে জমিয়ে রেখেছে। এক হিসেবে অবশ্য গ্রিসের চেয়েও সুবিধাজনক অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। কারণ তাদের পরের ম্যাচ নাইজেরিয়ার বিপক্ষে। গ্রিসকে লড়তে হবে মেসি-হিগুইয়েনদের ফেবারিট আর্জেন্টিনার বিপক্ষে।