প্রথম ম্যাচে চীনা তাইপের বিপক্ষে ৪-২, দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জয় ৪-১ গোলে। ব্যাংককে চলমান এএইচএফ কাপ হকিতে কাল গ্রুপের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই গ্রুপ পর্ব শেষ করল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশের দাপুটে জয়ে অধিনায়ক রাসেল মাহমুদের (জিমি) অবদানই সবচেয়ে বেশি। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন জাতীয় দলের স্ট্রাইকার। টুর্নামেন্টে এটিই প্রথম হ্যাটট্রিক। ম্যাচের ৮ মিনিটে গোল-উৎসবের সূচনা পেনাল্টি বিশেষজ্ঞ মামুনুর রহমানের (চয়ন) স্টিকে। এরপর চলে ‘জিমি শো’। ১১ ও ১৫ মিনিটে দুটি ফিল্ড গোলের পর হ্যাটট্রিক পূর্ণ করেন পেনাল্টি কর্নার থেকে, ১৮ মিনিটে। ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্কোর ৫-০ করেন মামুনুর। প্রথমার্ধের ৫ গোলের পর দ্বিতীয়ার্ধে হয়েছে আরও চারটি। ৩৯ মিনিটে কৃষ্ণ, ৪১ মিনিটে ইকবাল নাদির (প্রিন্স) ও ৫৭ মিনিটে রাসেল মাহমুদ করেন ফিল্ড গোল। ৫২ মিনিটের গোলটি পেনাল্টি কর্নার থেকে, করেছেন মামুনুর রহমান। আগামী ২৩ এপ্রিল সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ওমান বা শ্রীলঙ্কা।