আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ ‘এ’ রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সেমিফাইনালটা নিশ্চিত হয়েছিল ঈদের আগের দিন। ঈদের পর দিন চীন থেকে বাংলাদেশের মেয়েরা শোনালেন আরও বড় খুশির খবর। শ্রীলঙ্কাকে হারিয়ে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। পরশু গুয়াংজুতে স্বল্প রানের ম্যাচে মাত্র ৫ রানে জিতেছে সালমার দল। আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ ‘এ’ রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।গ্রুপের প্রথম ম্যাচে চীনকে ৬৩ ও দ্বিতীয় ম্যাচে নেপালকে ৪৫ রানে অলআউট করা বাংলাদেশ পরশু নিজেরাই পড়ে যায় লজ্জায়। ১৮ ওভারে মাত্র ৬২ রানেই শেষ বাংলাদেশের ইনিংস। রুমানা আহমেদ এক প্রান্তে দাঁড়িয়ে না গেলে এই রানটাও হয় না। ৩৪ রান তুলতেই নেই ৭ উইকেট। রানটা ৫০ ছাড়াল রুমানা-নুজহাতের ২৮ রানের জুটিতে। ১৮তম ওভারের দ্বিতীয় বলে ৬২ রানে নুজহাত তাসনিয়ার (৬) বিদায়ের চার বল পরই শেষ বাংলাদেশের ইনিংস। শেষ ৩ উইকেট পড়েছে পাঁচ বলের মধ্যে। ৩৩ বলে ২ চারে অপরাজিত ২৫ রান করা রুমানা আর স্ট্রাইকই পাননি। বাংলাদেশের ইনিংসে শুধু রুমানাই দুটি চার মারতে পেরেছেন। ৭ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ওপেনার লতা মণ্ডলের। শ্রীলঙ্কার সন্দামালি দোলাওয়াতে এক ওভার বোলিং করে কোনো রান না দিয়েই নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের ইনিংসের শেষ ওভারটি করেছিলেন এই লেগ স্পিনারই। বাঁহাতি স্পিনার ইনোকা রানাবীরাও ৪ ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের সেরা বোলারও একজন স্পিনার। অধিনায়ক সালমা খাতুন তাঁর অফ স্পিনে পেয়েছেন ৪ উইকেট। ৩.৪ ওভারে মাত্র ৬ রানেই এই ৪ উইকেট ম্যাচসেরা সালমার। প্রথম ওভারের শেষ বলে চামারি আতাপাত্তুকে এলবিডব্লু করে প্রথম উইকেট পান পেসার জাহানারা আলম। অন্য প্রান্তে উইকেট না পেলেও প্রথম দুই ওভারে কোনো রান দেননি পান্না ঘোষ। পঞ্চম ওভারে আক্রমণে এসে সালমা যখন আরেক ওপেনার এশানি কৌশল্যকে ফিরিয়ে দেন, লঙ্কান মেয়েদের রান তখন মাত্র ৮। ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরায় দোলাওয়াতে (১৫) ও অধিনায়ক শশীকলা সিরিবর্ধনের (১৩) ৩১ রানের জুটি। এই জুটি হুমকি হয়ে উঠতেই আঘাত হানেন সালমা। ১৫তম ওভারে প্রতিপক্ষ অধিনায়ককে উইকেটকিপার নুজহাতের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। শেষ ওভারে গিয়েও ম্যাচটা ঝুঁকে ছিল শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কার দরকার ছিল ৮ রান, বাংলাদেশের ৩ উইকেট। কিন্তু শ্রীলঙ্কাকে জিততে দেননি সালমা। প্রথম দুই বলে রাসাঙ্গিকা ও রানাবীরাকে ফেরানোর পর চতুর্থ বলে রুমানার সঙ্গে মিলে শেষ ব্যাটসম্যান প্রবোধানিকে রানআউট করেন সালমা। বাংলাদেশ জিতে যায় ৫ রানে। আগের ম্যাচে নেপালের ৪৫ রান ১০.৩ ওভারেই টপকে যায় বাংলাদেশ। শারমিন (২১*) ও লতার (১৪) উদ্বোধনী জুটি ৭ ওভারে তুলেছিল ৩৪ রান। বোলিংয়েও ১ উইকেট নেওয়া লতা মণ্ডলই ম্যাচসেরা। তথ্যসূত্র: ক্রিকইনফো।