গ্রুপ চ্যাম্পিয়নের দিকেই দৃষ্টি চেলসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম তিন ম্যাচেই জিতে নকআউট পর্বে এক পা দিয়েই রেখেছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড। আজ নিজ নিজ ম্যাচে জিতলেই নিশ্চিত হয়ে যাবে শেষ ষোলোর টিকিট।দুই ম্যাচ বাকি থাকতেই নকআউটপর্ব নিশ্চিত করার আশায় দুই দলই খেলবে প্রতিপক্ষের মাঠে। বার্সেলোনা মুখোমুখি হচ্ছে স্কটিশ ক্লাব সেল্টিকের। ইউনাইটেড যাচ্ছে পর্তুগিজ ক্লাব ব্রাগার মাঠে। দুই সপ্তাহ আগে ব্রাগাকে নিজেদের মাঠে ৩-২ গোলে হারিয়েছিল ফার্গুসনের দল। প্রতিশোধের তাগিদ তো আছেই, তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তিন নম্বরে থাকা ব্রাগার জন্য এই ম্যাচ টিকে থাকার লড়াইও। আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি, রানার্সআপ বায়ার্ন মিউনিখ। নামছে জুভেন্টাসও। তিন দলেরই লক্ষ্য—পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিজেদের সম্ভাবনা উজ্জ্বল করা। এর মধ্যে চেলসি-জুভেন্টাস একই গ্রুপে। তিন ম্যাচেই ড্র করা জুভেন্টাস আছে ‘ই’ গ্রুপের তিন নম্বরে। চার পয়েন্ট নিয়ে চেলসি দুইয়ে। সাত পয়েন্ট নিয়ে শীর্ষে শাখতার দোনেৎস্ক। আজ ইউক্রেনের এই ক্লাবটিরই মুখোমুখি চেলসি। দুই সপ্তাহ আগে যাদের মাঠে গিয়ে রবার্তো ডি মাত্তেওয়ের দল হেরে এসেছিল ২-১ গোলে। ওই হতাশা তো আছেই, চেলসির সাম্প্রতিক সময়টাও ভালো যাচ্ছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ চার ম্যাচের মাত্র একটিতে জয়। গেল শনিবার সোয়ানসি সিটির সঙ্গে ড্র করে লিগে হারিয়েছে শীর্ষস্থানও।তবে চেলসি কোচ ডি মাত্তেওর জন্য স্বস্তির খবর, চার ম্যাচে নিষেধাজ্ঞা শেষে আজ প্রথম একাদশে ফিরবেন অধিনায়ক জন টেরি। খেলতে পারেন চোটের কারণে সোয়ানসির বিপক্ষে না-খেলা হুয়ান মাতাও। এর চেয়েও বড় স্বস্তি, চেলসি ম্যাচটা খেলবে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে। যেখানে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ২৭ ম্যাচ ধরে অপরাজিত চেলসি।স্ট্যামফোর্ড ব্রিজ অনুপ্রেরণা হতে পারে শাখতারেরও। নিজেদের মাঠে চেলসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে সর্বশেষ হেরেছিল ২০০৩ সালের অক্টোবরে রোমানিয়ান ক্লাব বেসিকতাসের কাছে। ওই ম্যাচে বেসিকতাসের কোচ ছিলেন যিনি, সেই মির্সেয়া লুসেস্কুই এখন শাখতারের কোচ। মাতার কাছে আজকের ম্যাচটার গুরুত্ব তাই অন্য রকম। ম্যাচটিকে ‘ফাইনালের’ মর্যাদা দিচ্ছেন এই স্প্যানিয়ার্ড, ‘গ্রুপের এক নম্বর হিসাবে শেষ করতে চাইলে এই ম্যাচটা আমাদের জন্য ফাইনালের মতো।’‘ই’ গ্রুপেরই অন্য ম্যাচে জুভেন্টাসের প্রতিপক্ষ মাত্র এক পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা নরশেলান। ডেনমার্কের ক্লাবটি এই এক পয়েন্ট অবশ্য পেয়েছে দুই সপ্তাহ আগে নিজেদের মাঠে জুভদের রুখে দিয়েই। রয়টার্স, এএফপি।‘এফ’ গ্রুপে ভ্যালেন্সিয়া, বাতে বরিসভের সঙ্গে বায়ার্নেরও ৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বর্তমান রানার্সআপরা তিন নম্বরে! নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ পয়েন্টশূন্য লিল।