গ্রুপ পর্ব শেষের অনিশ্চয়তা
গ্রুপ পর্বের শেষ দিন আজ। ‘এ’ থেকে ‘এফ’ গ্রুপের সেরা ৬টি দল চূড়ান্ত হয়ে গেছে। আজ ‘জি’ গ্রুপ থেকে কোন দুটি দল শেষ ষোলোতে যাবে, সেটাও মোটামুটি চূড়ান্ত। কিন্তু গ্রুপের ৪৮টি ম্যাচের শেষ দুটি ম্যাচ জটিল সমীকরণ সাজিয়ে রেখেছে। কারণ ‘এইচ’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা আছে ৪টি দলেরই।গ্রুপ ‘এইচ’এই গ্রুপের সমীকরণটা অত সোজা নয়। কাগজে-কলমে চার দলেরই সম্ভাবনা আছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। এক কথায়—১. চিলির ড্র করলেই চলবে। ২. স্পেন জিতলেই নিশ্চিন্ত। ৩. হন্ডুরাস ড্র করলেই বাদ। ৪. দুটো খেলাই ড্র হলে চিলির সঙ্গে যাবে স্পেন।চিলি: স্পেন ১-চিলি ০; সুইজারল্যান্ড ২-হন্ডুরাস ১—আজ এমন স্কোরলাইন হলে ৬ পয়েন্ট নিয়েও বাদ পড়বে এখন গ্রুপের শীর্ষে থাকা চিলি! উঠে যাবে স্পেন আর সুইজারল্যান্ড। কীভাবে? এই স্কোরলাইনে স্পেন, চিলি আর সুইজারল্যান্ডের পয়েন্ট সমান হলেও গোল-পার্থক্যে শীর্ষে থাকবে স্পেন আর বেশি গোল করার সুবাদে দ্বিতীয় হবে সুইজারল্যান্ড। স্কোরলাইনটা স্পেন ১-চিলি ০ এবং সুইজারল্যান্ড ১- হন্ডুরাস ০ হলে কিন্তু উঠে যাবে চিলি। কারণ তখন চিলি ও সুইজারল্যান্ডের গোল-পার্থক্য ও গোলসংখ্যা সমান হয়ে যাবে, বিবেচিত হবে এই দুই দলের ম্যাচের ফল; যাতে জিতেছে চিলি।শুধু ড্র করলেই অবশ্য উঠে যাবে চিলি। একই সঙ্গে গ্রুপের শীর্ষস্থানটাও নিশ্চিত হয়ে যাবে তাদের। তবে গ্রুপের অন্য ম্যাচটা যদি ড্র হয় বা হন্ডুরাস জেতে, তবে হেরে গেলেও কোনো হিসাব-নিকাশের ধার ধারতে হবে না চিলিকে।স্পেন: জিতলে তো নিশ্চিতই, ড্র করলেও চলবে, যদি অন্য ম্যাচটি ড্র হয় বা হন্ডুরাস জেতে। এমনকি স্প্যানিয়ার্ডরা হারলেও শেষ ষোলোতে যাবে, যদি হন্ডুরাস সুইজারল্যান্ডকে হারিয়েও স্পেনের সঙ্গে তাদের গোল-পার্থক্যের ব্যবধান (+৪) ঘোচাতে না পারে।সুইজারল্যান্ড: জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত নয়। নিশ্চিত বলা যাবে, যদি অন্য ম্যাচটি ড্র হয় বা চিলি জিতে। স্পেন জিতলে সুইজারল্যান্ডের চিলির সঙ্গে গোল-পার্থক্যের ব্যবধান ঘোচানো জয় চাই।হন্ডুরাস: জিতেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। স্পেন ড্র করলেই সম্ভাবনা শেষ। স্পেন যদি হেরে যায়, তাহলে হন্ডুরাসকে বড় ব্যবধানে হারাতে হবে সুইজারল্যান্ডকে (যেমন চিলি ১-০ গোলে স্পেনকে হারালে হন্ডুরাসকে জিততে হবে কমপক্ষে তিন গোলের ব্যবধানে)। চিলি যত বেশি গোলের ব্যবধানে স্পেনকে হারাবে, হন্ডুরাসকে তত কম গোলের ব্যবধানে সুইজারল্যান্ডকে হারালে চলবে; কিন্তু এখানে হিসাব-নিকাশ ক্ষণে ক্ষণে পাল্টাবে। যেমন চিলি যদি তিন গোলের ব্যবধানে স্পেনকে হারায়, তাহলে হন্ডুরাস এক গোলের ব্যবধানে সুইজারল্যান্ডকে হারালেও সুইজারল্যান্ডই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে।গ্রুপ ‘জি’ব্রাজিলের সঙ্গী হওয়া প্রায় নিশ্চিত পর্তুগালের। পর্তুগাল কাজের কাজটি করে রেখেছে উত্তর কোরিয়াকে ৭ গোলের ব্যবধানে হারিয়ে। আইভরিকোস্টের সঙ্গে তাদের গোল-পার্থক্যের ব্যবধান এখন ৯। তাই দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে আইভরিকোস্টকে জিতলেই চলবে না, এই ব্যবধান ঘোচাতেও হবে। শর্ত আছে আরও—ব্রাজিলের কাছে পর্তুগালকে বড় ব্যবধানে হারতে হবে।ব্রাজিল ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন। পর্তুগালের কাছে হারলেই শুধু শীর্ষস্থান হারাবে তারা।