
স্পেন ও নেদারল্যান্ডের ফাইনাল দিয়েই শেষ হয়েছিল গতবারের বিশ্বকাপ। আর এবার শুরুতেই মুখোমুখি হবে ইউরোপের অন্যতম সেরা এই দুই দল। ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় দিনেই একে অপরের বিপক্ষে মাঠে নামবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। আজ বিশ্বকাপের গ্রুপ নির্ধারণী ড্রতে ‘বি’ গ্রুপে স্থান পেয়েছে গতবারের শিরোপা জয়ী স্পেন ও রানার আপ নেদারল্যান্ড। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ চিলি ও অস্ট্রেলিয়া।
‘এ’ গ্রুপে স্বাগতিক ব্রাজিলের সঙ্গী হয়েছে ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুন। ২০১৪ বিশ্বকাপের পর্দা উঠবে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচটি দিয়ে।
আগামী বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’ নিশ্চিতভাবেই গ্রুপ ‘ডি’। ড্র ভাগ্য একই গ্রুপে ফেলে দিয়েছে ইংল্যান্ড, ইতালি ও উরুগুয়েকে। কোনোই সন্দেহ নেই যে, তিনটি বিশ্বকাপজয়ী দলকেই প্রথম রাউন্ডের বাধা পেরোনোর জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে হবে। ‘ডি’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ কোস্টারিকা।
‘সি’ গ্রুপে একে অপরের বিপক্ষে লড়বে কলম্বিয়া, গ্রিস, আইভরি কোস্ট ও জাপান।
‘ই’ গ্রুপ থেকে প্রথম রাউন্ডের বাধা পেরোতে হয়তো খুব বেশি ঘাম ঝরাতে হবে না ১৯৯৮ সালের শিরোপাজয়ী ফ্রান্সকে। গ্রুপ পর্বে তাদের খেলতে হবে ইকুয়েডর, সুইজারল্যান্ড ও হন্ডুরাসের বিপক্ষে।
ব্রাজিল বিশ্বকাপের অন্যতম ফেবারিট আর্জেন্টিনাও পড়েছে তুলনামূলক সহজ গ্রুপে। ‘এফ’ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য লিওনেল মেসিদের মুখোমুখি হতে হবে ইরান, নাইজেরিয়া ও বসনিয়ার।
যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানকে নামতে হবে কঠিন পরীক্ষায়। গ্রুপ পর্বেই তাঁকে খেলতে হবে নিজ দেশ জার্মানির বিপক্ষে। ‘জি’ গ্রুপে জার্মানি ও যুক্তরাষ্ট্রের অপর দুই সঙ্গী ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও ঘানা।
‘এইচ’ গ্রুপে জায়গা করে নিয়েছে বেলজিয়াম, আলজেরিয়া, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া।
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ:
‘এ’ গ্রুপ: ব্রাজিল, ক্রোয়েশিয়া, মেক্সিকো, ক্যামেরুন
‘বি’ গ্রুপ: স্পেন, নেদারল্যান্ড, চিলি, অস্ট্রেলিয়া
‘সি’ গ্রুপ: কলম্বিয়া, গ্রিস, আইভরি কোস্ট, জাপান
‘ডি’ গ্রুপ: উরুগুয়ে, কোস্টারিকা, ইংল্যান্ড, ইতালি
‘ই’ গ্রুপ: সুইজারল্যান্ড, ইকুয়েডর, ফ্রান্স, হন্ডুরাস
‘এফ’ গ্রুপ: আর্জেন্টিনা, বসনিয়া, ইরান, নাইজেরিয়া
‘জি’ গ্রুপ: জার্মানি, পর্তুগাল, ঘানা, যুক্তরাষ্ট্র
‘এইচ’ গ্রুপ: বেলজিয়াম, আলজেরিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া