গ্রুপ পর্বেই শেষ বাংলাদেশের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৯ রানে হারের পরেই টলোমলো হয়ে গিয়েছিল বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন। গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান, নিউজিল্যান্ডকে হারানোর পর আরও জটিল হয়ে গিয়েছিল বাংলাদেশের সুপার এইটে যাওয়ার হিসেবনিকেশ। আজ পাকিস্তানের বিপক্ষে কাজটা অনেক কঠিন জানার পরও লড়াকু মনোভাব নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশ শিবিরে আশার সঞ্চারও করেছিলেন সাকিব-তামিম-মুশফিকরা। কিন্তু শেষরক্ষা হলো না। বোলিং ব্যর্থতায় আট উইকেটের হার নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। আর আট উইকেটের এই জয় দিয়ে সুপার এইটে চলে গেল পাকিস্তান। জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হাফিজ বাহিনী।বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করেছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতেই ১২৪ রানের জুটি গড়ে পাকিস্তানকে ভালো ভিত্তি গড়ে দিয়েছিলেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও ইমরান নাজির। ১৪তম ওভারে এই দুইজনকেই সাজঘরে পাঠিয়েছিলেন আবুল হাসান। কিন্তু এরপর আর কোন সফলতার দেখা পায়নি বাংলাদেশী বোলাররা। বাকি কাজটা নির্বিঘ্নেই সেরে ফেলেছেন নাসির জামশেদ ও কামরান আকমল। ৩৬ বলে ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ইমরান নাজির। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে এসেছে ৪৫ রান।