গ্রুপ পর্বেই 'বিশ্বকাপ ফাইনাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবার ফাইনালে মুখোমুখি হওয়া দুই দল এবার মুখোমুখি হচ্ছে গ্রুপ পর্বেই
গতবার ফাইনালে মুখোমুখি হওয়া দুই দল এবার মুখোমুখি হচ্ছে গ্রুপ পর্বেই

১১ জুলাই ২০১০। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে জোহানেসবার্গে সেদিন মুখোমুখি হয়েছিল স্পেন ও হল্যান্ড। অতিরিক্ত সময়ে করা একমাত্র গোলে ডাচদের হারিয়ে শিরোপার উত্সবে মেতে উঠেছিল স্প্যানিশরা। এগিয়ে আসছে আরেকটা বিশ্বকাপ। ব্রাজিলের রিও ডি জেনিরোতে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৩ জুলাই। সেদিন স্পেন-হল্যান্ড আবারও মুখোমুখি হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটা ব্যাপার এরই মধ্যে নিশ্চিত হয়েছে, বিশ্বকাপ ফাইনালের আবহটা ফিরে আসবে আসর মাঠে গড়ানোর ঠিক পরের দিনই। ১৩ জুন বাংলাদেশ সময় রাত দুইটায় গ্রুপ পর্বের খেলাতেই মুখোমুখি হচ্ছে গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা।
গত রাতে অনুষ্ঠিত হয়েছে ২০১৪ বিশ্বকাপের ‘ড্র’। স্পেন ও হল্যান্ড পড়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপের অপর দুই সদস্য চিলি ও অস্ট্রেলিয়া। চার দলের মধ্যে দুটি দল যাবে দ্বিতীয় রাউন্ডে। এর মানে অঘটন না ঘটলে হেসেখেলেই গ্রুপ পর্বের বাধা টপকে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। ছিটকে পড়ার আশঙ্কা না থাকলেও নিজেদের প্রথম ম্যাচে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ারই ইঙ্গিত দিলেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক, ‘ড্র আমাদের জন্য সহজ হয়নি, বরং কঠিন হয়েছে। সকালেই বন্ধুদের বলেছিলাম, গ্রুপ পর্বে হল্যান্ডকে পেতে পারি আমরা। সেটাই হয়েছে। প্রথম ম্যাচেই আমাদের প্রতিপক্ষ হল্যান্ড। হল্যান্ডের খেলার ধরন আগের মতো নেই। তবে ফন ডার ভার্ট, রোবেন ও ফন পার্সি ঠিক আগের মতোই ফর্মে আছে। আমাদের সেরা খেলাটাই নিশ্চয় প্রত্যাশা করবে হল্যান্ড।’
প্রথম ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়নদের সামনে পড়ে ডাচ কোচ লুই ফন গালের কণ্ঠে অস্বস্তি, ‘প্রতিপক্ষ বিবেচনায় আমাদের গ্রুপটা বেশ শক্তিশালী। প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা কঠিন। বাছাইপর্বে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে স্পেন। মাত্র তিনটি গোল হজম করেছে ওরা।’

ড্র অনুষ্ঠানটি টেলিভিশন পর্দায় সরাসরি দেখেছেন হল্যান্ডের অধিনায়ক রবিন ফন পার্সি। গ্রুপ পর্বে স্পেনকে পেয়ে মোটেই শঙ্কিত নন তিনি; বরং ব্যাপারটাকে ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ হিসেবেই দেখছেন পার্সি, ‘ব্যাপারটা মজার হবে। ২০১০ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরেছিলাম আমার। সুযোগ এসেছে আরেকটা বিশ্বকাপের শুরুতেই ওই হারের প্রতিশোধ নেওয়ার। ওই ম্যাচের পরই নিজেদের অবস্থানটা বুঝতে পারব আমরা। আমি মনে করি, গ্রুপে আমাদের ম্যাচগুলোর ধারাবাহিকতা দারুণ হয়েছে।’ সূত্র: ওয়েবসাইট।