গ্রুপ পর্বের ইতি আজ
শেষ হয়ে যাচ্ছে আজই। না, চমকে উঠবেন না। বিশ্বকাপ এখনই শেষ হওয়ার প্রশ্নই আসে না। ১১ জুন জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপের যাত্রা। শুরু হয়েছিল আসলে প্রথম রাউন্ড। আজ ব্লুমফন্টেইনে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড-হন্ডুরাস, একই সময়ে প্রিটোরিয়ায় স্পেন ও চিলি। এই দুটি ম্যাচ দিয়ে শেষ হয়ে যাবে গ্রুপ পর্ব। শেষ হয়ে যাবে বিশ্বকাপের ৪৮টি ম্যাচ। ঝরে যাবে ১৬টি দল।এরই মধ্যে ১৩টি দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে। গতবারের রানার্সআপ ফ্রান্স ফিরেছে লজ্জায় অধোবদন হয়ে। কাল প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন ইতালিও। আজ নিশ্চিত হয়ে যাবে, অনেক স্বপ্ন নিয়ে এবারের বিশ্বকাপে আসা স্পেন বিশ্বকাপের রঙ্গমঞ্চে থেকে যাচ্ছে, নাকি তাদেরও সঙ্গী হচ্ছে হতাশা! চিলির বিপক্ষে ম্যাচটা স্পেনের জন্য তাই অস্তিত্ব রক্ষার লড়াই। গ্রুপ পর্বের শেষ দিনের লড়াইয়ে স্পেন-চিলি ম্যাচেই হয়তো সবারই কৌতূহল থাকবে বেশি। এমনিতে কিন্তু সেই আলোটা কেড়ে নেওয়ার কথা ছিল ব্রাজিল-পর্তুগালের। গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্রয়ের পর থেকেই আলোচনায় এই ম্যাচটি। ‘গ্রুপ অব ডেথে’র প্রতিটি ম্যাচ নিয়েই বাড়তি আকর্ষণ। দল দুটোর নাম ব্রাজিল-পর্তুগাল হওয়ায় সেই আকর্ষণে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। যদিও ব্রাজিল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আগেই, কাগজ-কলমের ফাঁকটুকু অগ্রাহ্য করলে পর্তুগালও হিসাব-নিকাশ শুরু করে দিয়েছে দ্বিতীয় রাউন্ড নিয়ে।হিসাবটা অনেক মাথা খাটিয়েই করতে হচ্ছে। কারণ দ্বিতীয় রাউন্ডে ভুলের কোনো ছাড় নেই। নকআউট পর্ব বলে এখানে একটা ম্যাচে খারাপ কিংবা প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারা মানেই যে পাততাড়ি গুটিয়ে বাড়ি ফেরা। আগামীকালই যেমন নিশ্চিত হয়ে যাবে বিদায়ের তালিকায় যোগ হচ্ছে কোন দুটি দল। এদিন নকআউট পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হচ্ছে উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া। রাত সাড়ে বারোটায় মুখোমুখি যুক্তরাষ্ট্র-ঘানা।দ্বিতীয় রাউন্ডে সবচেয়ে জমজমাট লড়াই হবে ইংল্যান্ড আর জার্মানির মধ্যে। ২৭ জুন ব্লুমফন্টেইনে মুখোমুখি এই দুই চির প্রতিদ্বন্দ্বী। এ নিয়ে বিশ্বকাপে পঞ্চমবারের মতো মুখোমুখি হবে এই দুই দল। ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে এই জার্মানিকেই হারিয়ে একমাত্র শিরোপা জিতেছিল ইংল্যান্ড। জার্মানরা অবশ্য আজও ওই ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। দ্বিতীয় রাউন্ডেই যে এমন একটা ম্যাচ হতে পারে, সেই ইঙ্গিত পাওয়ার পর থেকেই ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সেই কবে থেকেই তোপ দাগাচ্ছেন। ইংলিশরাও হাত গুটিয়ে বসে নেই। একই দিন আর্জেন্টিনা মুখোমুখি হবে মেক্সিকোর। গত বিশ্বকাপেও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাকে মেক্সিকো-বাধা টপকাতে হয়েছিল। ঘামও ঝরেছিল বিস্তর। ৯৮ মিনিটে ম্যাক্সি রদ্রিগেজের দুর্দান্ত গোল কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়েছিল আর্জেন্টিনাকে। যে গোলটি পেয়েছিল সেই টুর্নামেন্ট-সেরার স্বীকৃতিও।