গ্রুপ শীর্ষে ব্লাঁর ‘লা ব্লুজ’
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দৃঃস্মৃতি সরিয়ে এগিয়ে চলছে লরাঁ ব্লাঁর ‘নতুন ফ্রান্স’। সেই চলার পথে পরশু ইউরো ২০১২ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে রোমানিয়াকে ২-০ গোলে হারিয়েছে ‘লা ব্লুজ’রা। গোল দুটি করেছেন দুই ‘সুপার সাব’ লোইচ রেমি ও ইওয়ান গুরকাফ। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত ভরা স্টাড ডি ফ্রান্স স্টেডিয়ামকে অবশ্য আনন্দে ভাসিয়ে দিতে পারেনি ফ্রান্স। ভালো খেলেও কাঙ্ক্ষিত গোল বের করতে পারছিলেন না বেনজেমা-নাসরিরা। অবশেষে সেই গোল আসে ৮৩ মিনিটে, বদলি খেলোয়াড় রেমির পা থেকে। ৬৮ মিনিটে ম্যাথু ভালবুয়েনার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রেমি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর এই প্রথম ফ্রান্সের পক্ষে মাঠে নামা গুরকাফ গোল করেছেন অতিরিক্ত সময়ে। গোল পেতেই যা দেরি হয়েছে, না হলে নিজেদের মাঠে শুরু থেকেই উজ্জ্বল ছিল ‘নতুন’ ফ্রান্স। নাসরি আর ভালবুয়েনা মাঝমাঠের এনে ফেলেন লা ব্লুদের পায়ে। গোল করার পরিষ্কার সুযোগও তারা পেয়ে গিয়েছিল ম্যাচের ১৯ মিনিটেই। কিন্তু নাসরির ডিফেন্স-চেরা পাস থেকে পাওয়া বলটি জালে পাঠাতে পারেননি ফ্লোরেন্ত মালুদা। বিরতির মিনিট চারেক আগে দ্বিতীয় সুযোগ থেকেও গোল করতে পারেনি ফ্রান্স। এবার অবশ্য ভাগ্য গোল-বঞ্চিত করেছে তাদের। রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমার বাঁকানো শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়েও রোমানিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারছিল না ফ্রান্স। এ কারণে অবশ্য মানসিকভাবে ভেঙে পড়েনি তরুণ দলটি। কোচ ব্লাঁ যে তাঁদের কানে খেলার আগে জপে দিয়েছিলেন যেকোনো ম্যাচে শেষ মিনিট পর্যন্ত জয়ের সুযোগ থাকে, ‘আমি খেলোয়াড়দের বলেছিলাম, একটা ম্যাচ ৬০ মিনিটেই শেষ হয়ে যায় না। শেষ ১০ মিনিটেও একটি ম্যাচ জেতা যায়। দলও আশা তুলে নেয়নি, তারা বুঝেছিল জয় পেতেই পারে। এই মনোভাবটাই আমার পছন্দ।’ এই মনোভাবই ফ্রান্সকে ইউরো বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের শীর্ষে রেখেছে। ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট তাদের। আলবেনিয়া আর বেলারুশের পয়েন্ট ৫ করে। বাছাইপর্বে হার দিয়ে শুরু করলেও ধীরে ধীরে উন্নতি করছে ফ্রান্স। ম্যাচ শেষে মালুদা বড় করে দেখালেন সেটাকেই, ‘অনেক পরিবর্তন হয়েছে। তবে এই কেবল শুরু। বসনিয়ার বিপক্ষে ম্যাচের (ফ্রান্স ২-০ গোলে জিতেছিল) পর আমি বলেছিলাম, আমরা ভালো খেলতে পারি। ভালো খেলা আর ভালো ফল আত্মবিশ্বাসের জন্য জরুরি।’ এএফপি, রয়টার্স।