গ্রুপপর্ব নিয়েই ভাবছেন প্রানদেল্লি

পেছনে গত বিশ্বকাপের দুঃসহ স্মৃতি, সামনে এবারের বিশ্বকাপের মৃত্যুকূপ। এ দুইয়ের মাঝে সর্বশেষ ইউরো বাদ দিলে ইতালির পক্ষে বাজি ধরা খুব কঠিনই। কিন্তু দলটা যে ইতালি! খুব বেশি হইচই তাদের নিয়ে কখনোই হয় না। কিন্তু নীরবেই আজ্জুরিরা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন, বিশ্বকাপের দ্বিতীয় সফল দল!
পেছনের হতাশা যতই তাড়া করুক, সামনে যতই মৃত্যুকূপের চোখ রাঙানি থাকুক, ইতালিকে তবু বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবেই দেখতে হচ্ছে। কোচ সিজারে প্রানদেল্লি অবশ্য এখনই অত দূরে চোখ রাখতে রাজি নন। তাঁর প্রাথমিক লক্ষ্য গত বিশ্বকাপের দুঃসহ স্মৃতি থেকে দলকে উদ্ধার করা। দক্ষিণ আফ্রিকায় গ্রুপপর্বই পেরোতে পারেনি ইতালি। প্রানদেল্লি চান এবার আগে সেই বাধাটা পার হতে।
জার্মানিতে ২০০৬ বিশ্বকাপের শিরোপা জিতিয়েই দায়িত্ব ছেড়েছিলেন ইতালির সাবেক কোচ মার্সেলো লিপ্পি। কিন্তু তার পরে রবার্তো ডোনাডোনির সময়টা এত বাজে গেছে যে, ২০১০ বিশ্বকাপের আগে সেই লিপ্পিকেই ফিরিয়ে আনা হয় কোচ হিসেবে। আর ড্রয়ের পর যখন প্যারাগুয়ে, নিউজিল্যান্ড আর স্লোভাকিয়াকে নিজেদের গ্রুপে পায় ইতালি, স্বস্তির নিঃশ্বাস ফেলেন লিপ্পিও। কিন্তু এমনই মন্দ কপাল, প্রথম দুই ম্যাচ ড্রয়ের পর স্লোভাকিয়ার কাছে ৩-২ গোলে হেরে সহজ গ্রুপেই চতুর্থ ইতালি! ব্রাজিল (১৯৬৬) ও ফ্রান্সের (২০০২) পর তৃতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে পরের বিশ্বকাপে গ্রুপ থেকেই বিদায় নেওয়ার কলঙ্কজনক রেকর্ড গড়ল আজ্জুরিরা।
সেই দুঃস্মৃতি এখনো তাড়া করছে বলেই এবার প্রাথমিক লক্ষ্যটা খুব বড় নয় ইতালি কোচের, ‘আমরা জানি, আমাদের গ্রুপটা কত কঠিন। তাই প্রাথমিক লক্ষ্য হচ্ছে গ্রুপটা পেরোনো। দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে আসল লক্ষ্য ঠিক করব।’ গতবার প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই ড্র করে বড় ধাক্কা খেয়েছিল লিপ্পির দল। এবার পরীক্ষা আরও বড়, গ্রুপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ মনে করছেন ইতালির কোচও, ‘বড় একটা দলকে হারিয়ে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট নিতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ।’
ইংল্যান্ড, উরুগুয়ে আর কোস্টারিকাকে নিয়ে গড়া মৃত্যুকূপ থেকে বেরিয়ে যেতে পারলে দ্বিতীয় রাউন্ডে ইতালির সম্ভাব্য প্রতিপক্ষ কলম্বিয়া অথবা আইভরিকোস্ট। কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে স্বাগতিক ব্রাজিল বা বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে। যে দলই হোক, আত্মবিশ্বাসী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ভয় পাচ্ছেন না, ‘সব দলকে হারানো কঠিন। তবে আমরা এবার এমন একটা দল, যাদের হারাতে অন্যদের কঠিন পরিশ্রম করতে হবে। আমরা ইতালি, সবারই উচিত আমাদের ভয় পাওয়া।’ ওয়েবসাইট।