গ্রুপপর্বেই দুই বিশ্ব চ্যাম্পিয়নের 'ফাইনাল'
ইতালি, উরুগুয়ে, ইংল্যান্ড, কোস্টারিকা। প্রথম তিন দল মিলে জিতেছে সাতটি বিশ্বকাপ, যেখানে শেষের দলটি মূল আসরে খেলেছে মাত্র তিনবার, দুবারই বিদায় তাদের গ্রুপপর্ব থেকেই। ব্রাজিল বিশ্বকাপের ড্র হয়ে যাওয়ার পর তাই ফুটবল বিশ্ব ধরেই নিয়েছিল, দ্বিতীয় পর্বের টিকিটের জন্য লড়বে সাবেক শিরোপাজয়ী তিন দল। কোস্টারিকার জালে বেশি বেশি গোলের হিসাবটাই ঠিক করবে গ্রুপ রানার্সআপ।
কিন্তু সব হিসাব উল্টে দিল ‘পুঁচকে’ কোস্টারিকা, পিছিয়ে পড়েও ৩-১ গোলে প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হারিয়ে। সাম্প্রতিক ফর্ম বিচারে যেখানে অনেকেই বাজি ধরেছিলেন উরুগুয়ে দ্বিতীয় পর্বে যাবে বলে, সেখানে অস্কার তাবারেজের দলকে চোখ রাঙাচ্ছে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার ভয়। প্রথম ম্যাচে ইতালির কাছে ২-১ গোলে পরাজিত ইংল্যান্ডের সঙ্গে আগামীকালের ম্যাচটি এখন তাই কাভানি-ফোরলানদের জন্য বাঁচা-মরার লড়াই। সংগত কারণেই তাবারেজের চোখে খেলাটি পাচ্ছে ‘ফাইনালে’র মর্যাদা।
‘এটা একটা ফাইনাল, যেটি আমাদের জিততেই হবে। প্রথম ম্যাচে আমরা খারাপ খেলিনি, কিন্তু কোস্টারিকার গোলগুলো ছিল পীড়াদায়ক। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি’—বলেন তাবারেজ।
ওদিকে ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নে খেলা লা সেলেস্তে অধিনায়ক ডিয়েগো লুগানো ভাবছেন ইতালি ও ইংল্যান্ডকে হারানো এভারেস্ট জয়ের মতোই কঠিন, ‘এই প্রজন্মের জন্য এটা সবচেয়ে বড় পরীক্ষা। আমাদের দল তাই অন্য যেকোনো সময়ের চেয়ে জেতার জন্য বেশি মরিয়া। ইংল্যান্ড অবশ্যই ফেবারিট, কিন্তু বৈরী পরিস্থিতিতেও সফল হতে জানে উরুগুয়ে।’
কোস্টারিকা ম্যাচের আগে সংবাদ সম্মেলনেই মূল একাদশ জানিয়ে দিয়েছিলেন তাবারেজ, কিন্তু এবার সেটি জানাতে পারছেন না। লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজ চোট কাটিয়ে দলে ফেরার সম্ভাবনাকে ঘিরে রাখছেন রহস্যে, ‘সম্ভাবনা আছে, এর বেশি কিছু বলতে পারছি না।’
সুয়ারেজের দাবি, ইংল্যান্ডকে হারানোর নীলনকশাটা তাঁর জানা, ‘ওদের সবাইকে আমি চিনি, হয় সতীর্থ হিসেবে নয় প্রতিপক্ষ হিসেবে। ওদের রক্ষণভাগে ফাটল ধরানো সম্ভব, কিন্তু কীভাবে সেটা আমি বলব না।’
তবে সুয়ারেজের ক্লাব সতীর্থ ইংল্যান্ড স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ চান চোট সেরে তাঁর মুখোমুখি হন উরুগুয়ে স্ট্রাইকার, ‘আমরা উরুগুয়ের সেরা দলটির বিপক্ষেই খেলতে চাই। আমাদের মূল লক্ষ্য নিজেদের সেরাটা খেলা। সুয়ারেজ খেলুক বা না খেলুক আমরা আমাদের মতোই খেলব।’
লিভারপুলের হয়ে একসঙ্গে আক্রমণ শানালেও সুয়ারেজের সঙ্গে এখন যোগাযোগবিচ্ছিন্ন স্টারিজ। স্বেচ্ছায়ই হয়তো করেছেন। বন্ধুত্ব পুনরুজ্জীবিত হবে বিশ্বকাপ শেষে লিভারপুলে। কিন্তু এখন তো তাঁরা যুদ্ধক্ষেত্রে মুখোমুখি! এএফপি ও ওয়েবসাইট।