গ্রুপসেরা বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোলবল বিশ্বকাপে ফিলিপাইন আসেনি। ওয়াকওভার পেয়ে স্কেট পায়ে নাচতেই শুরু করে দিল বাংলাদেশের মেয়েরা। কাল মিরপুর ইনডোরে l প্রথম আলো
রোলবল বিশ্বকাপে ফিলিপাইন আসেনি। ওয়াকওভার পেয়ে স্কেট পায়ে নাচতেই শুরু করে দিল বাংলাদেশের মেয়েরা। কাল মিরপুর ইনডোরে l প্রথম আলো

পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে তখন তুমুল চিৎকার। বাংলাদেশ মেয়েদের দলের খেলোয়াড়েরা উৎসাহ দিতে গ্যালারিতে নাচছেন, গাইছেন। কোর্টের পশ্চিম পাশে বসা পাকিস্তান দলের খেলোয়াড়েরাও কোরাস তুলেছেন, ‘বাংলাদেশ, বাংলাদেশ’। রোলবল বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। একের পর এক তুলে নিচ্ছে জয়। কাল পুরুষ দল গ্রুপ পর্বের দুটি ম্যাচেই জিতেছে। মেয়েদের দল ওয়াকওভার পেয়েছে ফিলিপাইনের বিপক্ষে।
সকালে মিরপুর ইনডোরে বাংলাদেশ পুরুষ দল ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে মিয়ানমারকে। দ্বীন হাসান হৃদয় ৩টি গোল করেছে। ইন্তেসার, আরাফাত, সাগর ও ওয়ালতুরের গোল ২টি করে। এরপর সন্ধ্যায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে হারিয়েছে ৯-০ গোলে। এই ম্যাচেও সর্বোচ্চ গোলদাতা হৃদয়, করেছে ৪টি গোল। এখন পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতাও হৃদয়। চার ম্যাচে তার ২০ গোল। কাল ম্যাচ শেষে উচ্ছ্বসিত হৃদয়ের মুখে ছিল আরও গোল করার ক্ষুধা, ‘আমি এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হতে চাই।’
এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আর দুই ম্যাচের একটি জয় ও একটি ওয়াকওভার পাওয়ায় দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মেয়েদের দলও।
কাল বেনিন মহিলা দল ৫-২ গোলে চীনকে, ইংল্যান্ড ১-০ গোলে থাইল্যান্ডকে, কেনিয়া ১৩-০ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছে। ইরান পুরুষ দল ৬-১ গোলে জিতেছে উগান্ডার বিপক্ষে। তানজানিয়া ও মিসরের ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে।