গ্রুপেই তাঁর শেষ?

চোখের পলকে তিনটি ডামি, পায়ের কারিকুরিতে আরেকজনকে বোকা বানানো। ম্যাচের বয়স তখন মোটে ৫ মিনিট। মানাউসের গ্যালারিতে গর্জন। এবার বুঝি দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদোর সেরাটা! কিন্তু প্রভাত সূর্যে দিনের ইঙ্গিত ছিল সামান্যই। ম্যাচ যত গড়িয়েছে, ততই আলো হারিয়ে নিষ্প্রভ হলেন। বোঝা গেল, চোট আসলে পিছু ছাড়েনি রোনালদোর। ম্যাচের বেশির ভাগজুড়েই ফিফা বিশ্বসেরা ছিলেন ম্রিয়মাণ। মাঝেমধ্যেই চেনা ঝলক দেখিয়েছেন, ক্যামেরাও খুঁজে পেয়েছে প্রায়ই। কিন্তু হাঁটুর চোটের কারণেই হয়তো দেখা যায়নি সেই দুরন্ত স্প্রিন্ট, প্রতিপক্ষের রক্ষণে তিরের ফলা হয়ে ঢুকে পড়া।
শেষের জন্য অবশ্য জমিয়ে রেখেছিলেন জাদুকরি একটি মুহূর্ত। ম্যাচ শেষের ২৫ সেকেন্ড আগে তাঁর অসাধারণ ক্রস থেকে করা ভ্যারেলার হেডেই টুর্নামেন্টে বেঁচে আছে পর্তুগাল। তবে কত দিন এই বেঁচে থাকা? ‘গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত’ বলে দেওয়ায় আসলে খুব বেশি ঝুঁকি নেই। সম্ভাবনা টিকে আছে আসলে অঙ্কের হিসাবে। বাস্তবতার নিরিখে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষই। গ্রুপের শেষ ম্যাচিট স্রেফ আনুষ্ঠানিকতা!
তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের কারণে ডেথ গ্রুপ বলা হচ্ছিল ডি গ্রুপকে। কিন্তু ‘জি’ গ্রুপকেও মৃত্যুকূপ বলা যায় আসলে অনায়াসেই। সবচেয়ে জমজমাট লড়াই হচ্ছে এই গ্রুপেই। শেষ ম্যাচের আগে চার দলের সামনেই আছে দ্বিতীয় রাউন্ডের গাণিতিক সম্ভাবনা। তবে রোনালদোর দলের সম্ভাবনাটাই সবচেয়ে ম্লান। পর্তুগালের জন্য সমীকরণটা এমন—শেষ ম্যাচে হারাতে হবে ঘানাকে আর অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে হবে জার্মানিকে। শেষ নয় এখানেই, দুই ম্যাচেই ব্যবধানটা হতে হবে বেশ বড়! আর যুক্তরাষ্ট্র-জার্মানি ম্যাচ ড্র হলেই বাদ পর্তুগাল। প্রথম দুই ম্যাচের যা পারফরম্যান্স, তাতে ক্লিন্সমানের যুক্তরাষ্ট্রকে হারাতে যথেষ্টই বেগ পেতে হবে জার্মানিকে। তবে এর েচয়েও কঠিন পর্তুগালের নিজেদের কাজটা। আগের দুই ম্যাচে রোনালদোকে বাদ দিলে এই দলটাকে মনে হয়েছে গড়পড়তারও নিচে। জার্মানিকে প্রায় হারিয়ে দেওয়া ঘানার বিপক্ষে এই নড়বড়ে পর্তুগাল দলের জয় এই মুহূর্তে অন্তত কল্পনা করা কঠিন। আর গোল ব্যবধানেও অনেক পিছিয়ে পর্তুগাল (গোল করেছে ২টি, হজম করেছে ৬টি)। সব মিলিয়ে অভাবনীয় কিছু না হলে ফিফা বর্ষসেরা বিশ্বকাপ অভিযান শেষ আগামী পরশুই।
পর্তুিগজ কোচ পাওলো বেন্তোও মনে হচ্ছে বুঝে ফেলেছেন বাস্তবতা, ‘আজকের (পরশু) ড্র আমাদের জন্য খুব খারাপ হলো। বিশ্বকাপ শেষ হয়ে যায়নি আমাদের, তবে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। অন্যদের ওপর নির্ভর করতে হবে আমাদের, গোল ব্যবধানেও আমরা পিছিয়ে। শেষ ম্যাচে নিজেদের উজাড় করে দিতে হবে আমাদের, সম্ভাবনা যতটুকু আছে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তবে সত্যি বলতে, সম্ভাবনা আছে সামান্যই!’
চোটজর্জর রোনালদো যেমন নিজের সঙ্গে লড়ে খেললেন দুই ম্যাচ, তাঁর দলকেও সেভাবে শেষ ম্যাচে ছুটতে হবে অসম্ভবের লক্ষ্যে। এএফপি, ওয়েবসাইট।