গ্রেগকে পাগল বললেন সৌরভ
সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেলের তিক্ত সম্পর্কের কথা সবারই জানা। গাঙ্গুলী যখন দলের অধিনায়ক আর গ্রেগ তখন কোচ। সম্পর্কের অবনতিটা সেখান থেকেই শুরু। তবে ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সফরে আলোচনায় আসেন গ্রেগ। কারণ টেন্ডুলকারদের ঠেকাতে ক্লার্কদের পরামর্শ দেবেন গ্রেগ চ্যাপেল। যেহেতু টেন্ডুলকার, দ্রাবিড় ও লক্ষ্মণদের কোচিং করিয়েছেন, তাই অনেকের ভাবনা গ্রেগের পরামর্শ পন্টিংদের বেশ এগিয়ে রাখবে।কিন্তু গাঙ্গুলী বলছেন অন্য কথা। সাবেক এই অধিনায়ক বলছেন, ‘গ্রেগের পরামর্শে শচীন-দ্রাবিড়দের থামানো যাবে না। আরও একধাপ এগিয়ে আজ সোমবার বললেন ‘গ্রেগের মাথা ঠিক নেই। খারাপ শোনালেও বলতে বাধ্য হচ্ছি, ও একটা পাগল।’ক্লার্কদের গ্রেগের পরামর্শের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সৌরভ বলেছেন, ‘আমি শুনে খুব খুশি হয়েছি। এটা ভারতের জন্য ভালোই হলো। কারণ এর আগে ও (গ্রেগ) যতবারই কোনো দলকে কোচিং করিয়েছে, ততবারই ওই দল ডুবেছে।’২৬ ডিসেম্বর ভারত-অস্ট্রেলিয়ার ব্যাট-বলের লড়াই শুরু। সিরিজ শুরু হলেই আসলে বোঝা যাবে, পরামর্শ কতটুকু কাজে লাগাতে পেরেছে অস্ট্রেলিয়া। পিটিআই।