গ্রেগারিয়াসের শিরোপা উদ্ধার
গত দুই মৌসুম হাতছোঁয়া দূরত্বে ছিল শিরোপা। দুবারই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় দ্য গ্রেগারিয়াসকে। কিন্তু এবার চ্যাম্পিয়ন তারা। প্রিমিয়ার বাস্কেটবলের শেষ ম্যাচে কাল ইউরোপা ইয়ুথকে ৮২-৬০ পয়েন্টে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল দ্য গ্রেগারিয়াস। এর আগে ২০১০ সালে প্রিমিয়ারে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।কাল ম্যাচের আগে সমান ৭টি করে জয় ছিল দুই দলেরই। এই ম্যাচটি তাই অলিখিত ‘ফাইনাল’ হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয় ও বিদেশিদের নিয়ে গড়া দুই দলই প্রথমার্ধে খেলেছে সমানতালে—স্কোর: গ্রেগারিয়াস ৪০-৩৪ ইউরোপা। তবে দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে গ্রেগারিয়াস। জাতীয় দলের খেলোয়াড় মিথুন ও রাশেদের সঙ্গে বিদেশি উইল ওয়াকারের দুর্দান্ত পারফরম্যান্স ব্যবধান গড়ে দেয় গ্রেগারিয়াসের অনুকূলে।ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামের গ্যালারিতে দুই দলের সমর্থকের উল্লাসে কান পাতা ছিল দায়। ঢাক-ঢোল, বাঁশি বাজিয়ে সারাক্ষণ সমর্থন জোগাতে দেখা যায় হাজার খানেক দর্শককে। দলের পরাজয়ের জন্য বিদেশিদেরই দুষলেন ইউরোপার কোচ ডেভিড ওয়াটস, ‘আমাদের বিদেশিরা আজ একদমই খেলতে পারেনি। জেমস পুরো ফিট ছিল না। তবুও ওকে খেলিয়েছি।’ উচ্ছ্বসিত গ্রেগারিয়াসের কোচ সৈয়দ আখলাক হোসেন বললেন, ‘গত দুবার চ্যাম্পিয়ন হতে পারেনি বলে এবার ভালো মানের দল গড়ার পরিকল্পনা করি। লিগে সবাই ভালো খেলেছে। এই সাফল্যের পুরো কৃতিত্ব খেলোয়াড়দের।’ অধিনায়ক রাশেদের জন্য এবারের লিগটা ছিল চ্যালেঞ্জের, ‘জয়টা আমাদের জন্য খুবই দরকার ছিল। বিশেষ করে আমার জন্য। আমি গত বছর ইউরোপায় খেলেছিলাম। নতুন দলে এসে প্রথম লক্ষ্যই ছিল দলকে চ্যাম্পিয়ন করা। চ্যাম্পিয়ন হতে পেরে তাই খুব ভালো লাগছে।’