গ্রেগের পর ম্যাকগ্রাও
ভারতের কাছে নিজেদের মাটিতে কখনো টেস্ট সিরিজ হারেনি অস্ট্রেলিয়া। দুই দলের সাম্প্রতিক যে পারফরম্যান্স, তাতে বলা হচ্ছে, এবারই ভারতের সেরা সুযোগ। তবে অস্ট্রেলিয়াও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। আটঘাট বেঁধেই নামছে। গ্রেগ চ্যাপেলের পর এবার অস্ট্রেলিয়ার রণাঙ্গনে যোগ দিলেন গ্লেন ম্যাকগ্রাও। অস্ট্রেলীয় তরুণ পেসারদের গুরু হিসেবে কাজ করবেন সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি পেসার।প্যাট কামিন্স, জেমস প্যাটিনসন, ট্রেন্ট কোপল্যান্ড, মিচেল স্টার্ক—সাম্প্রতিক সময়ে ম্যাকগ্রার উত্তরসূরি হিসেবে এই তরুণেরা পা রেখেছেন টেস্ট দলে। কয়েকজন বেশ ভালো বোলিং করে নজর কেড়েছেন। তাঁরা নজর কেড়েছেন ম্যাকগ্রারও, ‘তারা ঠিক রাস্তাতেই আছে। জায়গামতো বল ফেলে ব্যাটসম্যানদের ওপর চাপও তৈরি করছে। সর্বশেষ হোবার্ট টেস্টে আমরা বেশ কয়েকটি ক্যাচ ফেলেছি। যেগুলো নিতে পারলে ফলাফল অন্য রকম হতো। তবে এটা শেষ পর্যন্ত খেলারই অংশ।’চ্যাপেল, ম্যাকগ্রার পাশাপাশি মার্ক ওয়াহও আছেন। সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক আছেন পরোক্ষভাবে। টুকটাক পরামর্শ দিয়েই চলেছেন। দুবার বিশ্বকাপ জেতা স্টিভ এবার বললেন, ভারতের বিপক্ষে মানসিক প্রস্তুতিটাও অনেক জরুরি। কারণ মাঠে হরদম চলবে মনস্তাত্ত্বিক খেলা। স্টিভ এই পরামর্শও দিচ্ছেন, ‘যদি ব্যাটিং লাইনআপে ধসও নামে, সেটা ভুলে গিয়ে নিজের খেলায় পুরো মনোযোগ দিতে হবে। সেটা করতে পারলে ভালো রান আসবেই।’ অধিনায়ক হিসেবে ঈর্ষণীয় সাফল্য পাওয়া স্টিভ সাফল্যের রহস্যটাও জানিয়ে দিলেন, ‘কোনো জাদু নেই। শুধু নিজের নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখতে হবে। করতে হবে কঠোর পরিশ্রম।’অস্ট্রেলিয়াকে ভাবতে হচ্ছে অনেক কিছু নিয়েই। ভারতের ভাবনায় অবশ্য শুধু তাদের বোলিং। ব্যাটসম্যানরা প্রস্তুতি ম্যাচেও ভালো করেছেন। দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে ইশান্ত শর্মার চোট। দলের সঙ্গে থাকলেও অনুশীলন করছেন না ইশান্ত। বক্সিং ডে টেস্টে তাঁকে পাওয়া নিয়ে সংশয় এখনো কাটেনি। ওয়েবসাইট।