গ্রেট ক্রিকেটার হওয়ার পথেই ব্র্যাভো: লারা
অনেকেই ড্যারেন ব্র্যাভোর মধ্যে ব্রায়ান লারাকে খুঁজে পান। লারার সঙ্গে ব্র্যাভোর মিল কতটুকু, তার চেয়েও বড় কথা এই ব্র্যাভো ত্রিনিদাদের রাজপুত্রকে দেখেই ব্যাট হাতে নিয়েছেন। হয়েছেন উদ্দীপ্ত। গুরুর পথ অনুসরণ করেই তিনি এখন ওয়েস্ট ইন্ডিজ দলে সেই জায়গাটিই অলংকৃত করেছেন, যা ছিল লারার।ক্যারিবীয় দলের বাংলাদেশ ও ভারত সফরে ব্র্যাভো ছড়িয়ে দিয়েছেন নিজের প্রতিভার পূর্ণ দ্যুতি। তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে তিনি প্রমাণ করেছেন-ক্যারিবীয় ক্রিকেটের আগামীর ঝান্ডা এখন তাঁরই হাতে। ব্রায়ান লারা শিষ্যকে দেখেছেন বেশ ভালোমতোই। প্রতিভাদীপ্ত ব্র্যাভো এখন থেকে নিজের প্রতিভার কারণেই প্রতিপক্ষ দলের লক্ষ্যবস্তুতে পরিণত—সেটা বলে দিয়েছেন লারাই।‘ব্র্যাভোকে এখন আগের চেয়ে অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে। আরও কৌশলী হতে হবে। কারণ, প্রতিপক্ষ দলগুলো ব্র্যাভোর প্রতিভার খোঁজ পেয়ে গেছে।’ বলেছেন লারা।তিনি বলেছেন, ‘যদিও প্রথম সেঞ্চুরি পেতে ব্র্যাভোকে অনেক পরিশ্রম করতে হয়েছে। খুব ধীরে-সুস্থেই নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছে সে। টেস্ট সেঞ্চুরির স্বাদ সে পেয়ে গেছে। এখন এই পারফরম্যান্সকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তার নিজেরই।’ব্রায়ান লারার মতে, আগামীতে ব্র্যাভোকে যথেষ্ট চাপে পড়তে হবে। কারণ, প্রতিপক্ষ দলগুলো ব্র্যাভোকে একজন প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবেই লক্ষ্য রাখবে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো দলগুলো ব্র্যাভোর সামনে চ্যালেঞ্জ হয়েই দেখা দেবে।সবশেষে ব্রায়ান লারা অকপটেই ব্র্যাভোকে জানিয়ে দিলেন নিজের মতামতটা। বলেছেন, ‘গ্রেট ক্রিকেটার হওয়ার পথেই রয়েছে ব্র্যাভো। আমি নিশ্চিত সে এই পথে দারুণভাবেই হেঁটে যাবে।’গুরু লারার কাছ থেকে বিশাল স্বীকৃতি পেয়ে গেছেন ব্র্যাভো। এখন দেখা যাক, তিনি নিজেকে লারার পাশে প্রতিষ্ঠিত করতে পারেন কি না। ওয়েবসাইট।