গ্রেট ফুটবলার, ব্যর্থ কোচ
আর্জেন্টিনার কোচ হিসেবে একেবারেই সফল হতে পারেননি ডিয়েগো ম্যারাডোনা। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল ম্যারাডোনার শিষ্যদের। তবে শুধু আর্জেন্টিনার মতো শীর্ষ দলের কোচ হিসেবেই না, দুবাইয়ের একটি ছোট ক্লাবের কোচ হিসেবেও সফল হতে পারেননি আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি। সম্প্রতি ম্যারাডোনাকে কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে দুবাইয়ের আল ওয়াসল। তবে শুধু ম্যারাডোনা একাই নন, খেলোয়াড় হিসেবে ফুটবলবিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন কিন্তু কোচ হিসেবে একেবারেই সফল হতে পারেননি এমন আরও অনেক ফুটবলার আছেন। তেমন পাঁচজন কিংবদন্তি ফুটবলারের কথাই থাকছে প্রথম আলো ডটকমের পাঠকের জন্য।ডিয়েগো ম্যারাডোনাম্যারাডোনা নিশ্চিতভাবেই ফুটবলবিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। জাতীয় দল ও ক্লাব ফুটবল—দুই ক্ষেত্রেই সমানভাবে সফল ছিলেন আর্জেন্টাইন সাবেক এই ফুটবলার। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে প্রায় একাই শিরোপা জিতিয়েছিলেন ম্যারাডোনা। ব্যর্থতার মুখ দেখেননি ক্লাব ফুটবলের জগতেও। ইতালিয়ান লিগে নাপোলিকে দুইবার জিতিয়েছেন লিগ শিরোপা। একবার জিতেছেন উয়েফা কাপও। নাপোলিতে তিনি এখনো শ্রদ্ধার পাত্র। কিন্তু এই ফুটবল জাদুকর একেবারেই সফল হতে পারেননি কোচিং ক্যারিয়ারে। নিজ দেশ আর্জেন্টিনার কোচ হিসেবেই যাত্রা শুরু করেছিলেন ম্যারাডোনা। কিন্তু ২০১০ বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে বিবেচিত হলেও আর্জেন্টিনাকে বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। জার্মানির কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হারের পর নিজে থেকেই কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। পাড়ি জমিয়েছিলেন ক্লাব ফুটবলের জগতে। অনেক জল্পনা-কল্পনার পর তিনি যোগ দিয়েছিলেন আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলে। কিন্তু সেখানেও সফল হতে পারেননি কোচ ম্যারাডোনা। ১২ দলের প্রতিযোগিতায় আল ওয়াসল এবারের লিগ শেষ করেছে অষ্টম দল হিসেবে। এর পরই ৫১ বছর বয়সী ম্যারাডোনাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ক্লাবটি।পল গ্যাসকোয়েনপুরো ক্যারিয়ারেই অনেক বিতর্কের জন্ম দিলেও ফুটবলার হিসেবে বেশ সফলই ছিলেন পল গ্যাসকোয়েন। ক্লাব ফুটবলে টোটেনহামের পক্ষে জিতেছিলেন এফএ কাপ। তবে ১৯৯০ সালে তাঁর পারফরমেন্স মন জয় করেছিল ইংল্যান্ড-সমর্থকদের। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ইংল্যান্ডকে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনালে। শেষ পর্যন্ত জার্মানির কাছে পেনাল্টিতে হেরে বিদায় নিতে হলেও গ্যাসকোয়েনকে সফল ফুটবলারের আসনেই বসিয়েছিলেন সমর্থকেরা। কিন্তু কোচিং ক্যারিয়ারটা মোটেও সফল নয় ‘গাজ্জা’র। ছোট ক্লাব কেটেরিং টাউনের কোচ হিসেবে অল্প কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর অতিরিক্ত মদ্যপানের দায়ে তাঁকে বহিষ্কার করে ক্লাবটি।রুদ খুলিতডাচ কিংবদন্তি রুদ খুলিতের ভাগ্যেও জুটেছে প্রায় একই রকম ঘটনা। খেলোয়াড়ি জীবনে এসি মিলানের হয়ে তিনটি লিগ শিরোপা ও দুটি ইউরোপিয়ান কাপ জিতেছিলেন হল্যান্ডের এই ফুটবলার। জাতীয় দলের জার্সি গায়েও তিনি পেয়েছেন সফলতা। ১৯৮৮ সালে তাঁর নেতৃত্বেই শেষবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল হল্যান্ড। কিন্তু কোচ হিসেবে অনেক জায়গায় কাজ করলেও কোনোবারই সফল হতে পারেননি রুদ খুলিত। প্রথম বছরেই চেলসিকে এফএ কাপ জয়ের স্বাদ দিলেও পরে বহিষ্কার করা হয়েছিল এই ডাচ কিংবদন্তিকে। এরপর তাঁর ঠিকানা হয়েছিল নিউক্যাসলে। সেখানে সাবেক ইংলিশ ফুটবলার অ্যালান শিয়ারারের সঙ্গে বিবাদে জড়িয়ে সমর্থকদের সমর্থন হারান খুলিত। পরে বাধ্য হন পদত্যাগ করতে। এরপর এলএ গ্যালাক্সি ও রাশিয়ার ক্লাব টেরেক গ্রোজনির কোচ হয়েও দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু সুখস্মৃতি নেই কোনোখানেই। দুই জায়গাতেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল রুদ খুলিতকে।লোথার ম্যাথিয়াসজার্মান ফুটবলের অন্যতম সফল ফুটবলার লোথার ম্যাথিয়াস। খেলোয়াড় হিসেবে পুরো ক্যারিয়ারেই একের পর এক সাফল্য পেয়েছেন জার্মানির সাবেক এই অধিনায়ক। ১৯৯০ সালে দেশকে জিতিয়েছেন বিশ্বকাপ। ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন আটটি লিগ শিরোপা। ইন্টার মিলানের জার্সি গায়েও পেয়েছেন সফলতা। ইতালিয়ান লিগ শিরোপা জিতেছেন একবার। দুটি ক্লাবের হয়ে উয়েফা কাপ জয়ের কৃতিত্বও আছে এই জার্মান মিডফিল্ডারের। জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি তিনি ছিলেন সমানভাবে সফল। কিন্তু কোচ হিসেবে ফুটবলবিশ্বে স্মরণীয় হয়ে থাকতে পারেননি লোথার ম্যাথিয়াস। অস্ট্রেলিয়া, সার্বিয়া, ব্রাজিল ও ইসরায়েলের মোট পাঁচটি ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এ ছাড়া হাঙ্গেরি ও বুলগেরিয়ার কোচ হিসেবেও নাম লিখিয়েছিলেন ম্যাথিয়াস। কিন্তু সফল হতে পারেননি কোনো জায়গাতেই। তাঁর স্বপ্ন ছিল জার্মান লিগের কোনো দলের কোচ হিসেবে কাজ করার। কিন্তু সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি তাঁর।মার্কো ফন বাস্তেনরুদ খুলিতের মতো আরেক ডাচ কিংবদন্তি মার্কো ফন বাস্তেনের জীবনেও ঘটেছে একই রকম ঘটনা। খেলোয়াড়ি জীবনে অসাধারণ সব গোল করে ফুটবলপ্রেমীদের মনে স্থান করে নিয়েছেন এই ডাচ স্ট্রাইকার। আয়াক্সের হয়ে তিনবার জিতেছেন ডাচ লিগ শিরোপা। ইতালিয়ান লিগেও তিনি ছিলেন সমানভাবে সফল। এসি মিলানের হয়ে চারটি লিগ শিরোপা ও তিনবার ইউরোপিয়ান কাপ জয়ের কৃতিত্ব আছে তাঁর ঝুলিতে। অথচ কোচ হিসেবে ব্যর্থতার মুখ দেখতে হয়েছে ফন বাস্তেনকে। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত হল্যান্ডের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তাঁর অধীনেই ২০০৬ সালের বিশ্বকাপ ও ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল হল্যান্ড। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড ও ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান ফন বাস্তেন। যে ক্লাবের হয়ে খেলোয়াড়ি জীবনে অনেক সাফল্য পেয়েছিলেন, সেই আয়াক্সের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই ডাচ তারকা। সেখানেও সফল হতে পারেননি তিনি। আয়াক্সের কোচ হিসেবে মাত্র এক বছরই কাজ করেছিলেন। সেবার মাত্র ১২ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছিল ডাচ ফুটবলের শীর্ষ এই দলটি। তথ্যসূত্র: ওয়েবসাইট।