গ্রেটদের পাশে কাম্বলিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইলফলকটি ছুঁয়েছেন নাথান হরিজকে ছক্কা মেরে। তবে টেস্টে এক হাজার রান পূর্ণ করতে সময়টা বেশিই নিয়ে ফেললেন মিসবাহ-উল-হক, ১৯ টেস্ট আর ৩২তম ইনিংস! কতটা বেশি, তা বুঝতে পারবেন দ্রুততম এক হাজার রান পূর্ণ করার রেকর্ডটি জানলে। ওটা মাত্র ১২ ইনিংসের! রেকর্ডটি দুজনের। একজন ইংল্যান্ডের হারবার্ট সাটক্লিফ, সর্বকালের সেরা ওপেনারদের একজন। আরেকজন ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ‘থ্রি ডব্লু’র এখনো বেঁচে থাকা একমাত্র জন, স্যার এভারটন উইকস। এই দুজনের ঠিক পরের নামটিও অপ্রত্যাশিত কেউ নন, স্যার ডন ব্র্যাডম্যান। সর্বকালের সেরা ব্যাটসম্যান হাজার রান পূর্ণ করেছেন ১৩ ইনিংসে। একটি দিক থেকে অবশ্য ব্র্যাডম্যান এগিয়ে। তাঁর লেগেছিল ৭ টেস্ট, আর সাটক্লিফ-উইকসের ৯ টেস্ট। ১৪ ইনিংসে হাজার রান পূর্ণ করেছেন অস্ট্রেলিয়ার নিল হার্ভে আর ভারতের বিনোদ কাম্বলি। তালিকায় কাম্বলির নামটি দেখে পুরোনো আফসোসটা অনেকের নতুন করে জাগতে পারে, ‘প্রতিভার কী নিদারুণ অপচয়!’