গ্রেডিং রেখেই লিগ শুরুর ঘোষণা
সভা শুরুর আগে দু-একজন ক্লাব কর্মকর্তা বললেন, বৃষ্টির মৌসুমে তাঁরা খেলবেনই না। সভার মাঝখানে বাইরে এসেও এক কর্মকর্তার ইঙ্গিত, অক্টোবরের আগে লিগ শুরুর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সভা শেষ হতে হতেই পাল্টে গেল চিত্র। ক্লাব কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান জানালেন, ২০ জুন ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। লিগ শুরু ১ জুলাই। সব ক্লাব প্রতিনিধির সম্মতিক্রমেই হয়েছে এই সিদ্ধান্ত!পরশু মিরপুরে ২০-২২ জন ক্রিকেটারের বৈঠকের পর লিগ শুরুর মতো পারিশ্রমিকের নতুন প্রস্তাবিত পদ্ধতি নিয়েও সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। গ্রেডিং পদ্ধতি ও নির্দিষ্ট টাকায় মুশফিকুর রহিমদের আপত্তি থাকলেও একটু ঘুরিয়ে এই পদ্ধতি চালুর সিদ্ধান্তই হয়েছে। শীর্ষস্থানীয় ২৪ ক্রিকেটারকে রাখা হবে প্রথম গ্রেডে। লটারিতে যে ক্লাবের নাম শুরুতে উঠবে, তারা বেছে নেবে পছন্দের একজন ক্রিকেটারকে। এরপর পর্যায়ক্রমে বাকি ১১ ক্লাব। এরপর আবার শুরু থেকে শুরু। কে কোন গ্রেডে থাকবে বা কোন গ্রেডের জন্য কত টাকা, দু-এক দিনের মধ্যেই তা চূড়ান্ত হওয়ার কথা। আর ঢাকায় মাঠের সমস্যার কারণে ঢাকা লিগ আবারও ঢাকার বাইরে হওয়ার সম্ভাবনাই বেশি।গ্রেডিং নিয়ে অনেক ক্রিকেটারের আপত্তি, বৃষ্টির মৌসুমসহ নানা কারণে ক্লাবগুলোর প্রায় অনড় অবস্থান, সব মিলিয়ে অনিশ্চিতই হয়ে পড়েছিল লিগ। তবে বোর্ড সভাপতির অনুরোধেই শেষ পর্যন্ত খেলতে রাজি হয়েছে ক্লাবগুলো। আবাহনীর যুগ্ম সম্পাদক ও বোর্ডের অস্থায়ী কমিটির সদস্য ইসমাইল হায়দার মল্লিক জানালেন এমনটাই, ‘এই সময়ে খেলতে আমরা ঠিক প্রস্তুত ছিলাম না। শুধু বোর্ড সভাপতির অনুরোধের প্রতি সম্মান জানাতেই আমরা সব ক্লাব রাজি হয়েছি। আমরা গ্রেডিং পদ্ধতি চালুর অনুরোধ করেছিলাম। বোর্ড সভাপতি সেই অনুরোধ রেখেছেন, কাজেই আমাদেরও দায় ছিল ওনার অনুরোধ রক্ষার।’তবে শুধু অনুরোধ রক্ষাই সম্ভবত একমাত্র কারণ নয়। বিসিবি থেকে মোটা অঙ্কের অনুদান পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে ক্লাবগুলো। বিপিএলের প্রথম আসরের লাভের অঙ্ক থেকে কিছু ভাগ দেওয়ার জন্য গত প্রিমিয়ার লিগে ৩৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছিল সব ক্লাবকে। অনুদানের অঙ্কটা যে বাড়ছে, সেটার ইঙ্গিত বোর্ড প্রধানের কথাতেই, ‘ঢাকায় মাঠ নেই। মিরপুর ব্যবহার করতে পারব না বলেই এখনো জানি। খেলতে হবে ঢাকার বাইরে। হরতাল, অবরোধ থাকলে আরও দেরি হয়ে যাবে। বৃষ্টিতে খেলা না হলে ম্যাচ বডিলি শিফট হবে। লিগ তাই লম্বা হতে পারে। এ জন্য ক্লাবগুলোকে বাড়তি ক্ষতিপূরণ দেওয়া হতে পারে।’একটি ক্লাব সূত্রের দাবি, কমপক্ষে ৫০ লাখ টাকা অনুদান পাচ্ছে তারা। এরপর ‘ক্ষতিপূরণ’ যোগ হয়ে অঙ্কটা ৭০-৭৫ লাখ টাকার মতো হবে। এই ভরসাতেই বোর্ড প্রধানের অনুরোধকে ‘সম্মান’ জানিয়েছে তারা। অনুদানের অঙ্কটা কয়েক দিনের মধ্যেই নির্ধারিত হবে বোর্ডসভায়।গ্রেডিং পদ্ধতি ও পারিশ্রমিক নিয়ে বোর্ড প্রধান দাবি করলেন, ‘দুজন ক্রিকেটার ছাড়া গতবার বাকি সবাই ১২ লাখ, ১০ লাখ, আট লাখ, সাত লাখ করে পেয়েছে। গ্রেডিংয়ে আমরা তো ১০-১৫-২০ লাখ রাখছিই। তাই শতকরা ৯৫-৯৭ বা ৯৯ ভাগ ক্রিকেটারের আয়ে প্রভাব পড়বে না। দু-তিনজন ক্রিকেটার কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। আমি আশা করব, ক্রিকেটের স্বার্থে তারা এটা মেনে নেবে।’পরশু নিজেদের সভা শেষে বোর্ড প্রধানের সঙ্গে দেখা করে ‘কিছু ক্রিকেটারের আপত্তি আছে’ জানিয়ে এসেছেন মুশফিক। গ্রেডিং পদ্ধতি না তুললে লিগ বয়কটের সিদ্ধান্তও নিতে পারেন জাতীয় দলের ক্রিকেটাররা, এমনও শোনা যাচ্ছিল। তবে নাজমুল হাসানের আশা, তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না, ‘ক্রিকেটাররা রাজি না হলে আগাম বলা মুশকিল কী ব্যবস্থা নেব...তবে আমি এখনো আশা করছি, সব ক্রিকেটারই খেলতে রাজি হবে।’ প্রতিশ্রুত টাকা পুরোটা পাবেন না বলে ক্রিকেটারদের শঙ্কারও কোনো কারণ দেখছেন না বোর্ড সভাপতি, ‘ক্লাব ক্রিকেটে ছয় বছর টানা ছিলাম, কোনো সমস্যা কখনো শুনিনি। তবে আগে কখনো চুক্তি ছিল না, এবার একটি চুক্তি হবে। বিসিবি থেকেই আমরা চুক্তিপত্র তৈরি করে দেব... ক্লাবগুলো অবশ্যই মুক্ত থাকবে, এটা তো আর বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ নয়, তবে আমরা কিছু খবরদারি রাখতে পারব এবার। টাকা নিয়ে ঝামেলা হওয়ার কথা নয়।’গ্রেডিংয়ে সব ক্লাবই যে খুশি, তা কিন্তু নয়। গাজী ট্যাংকের কর্ণধার লুৎফর রহমান যেমন প্রশ্ন তুললেন, ‘আমার সামর্থ্য থাকলে আমি তো চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে চাইতেই পারি। চাইতে পারি সেরা ক্রিকেটারদের দলে নিতে! এটা তো অধিকার হরণের মতো।’ এর জবাবও হয়তো বোর্ড প্রধানের ওই কথা, ‘লিগের প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো ও বৃহত্তর স্বার্থ দেখা।’ তারিখ ঘোষণা হলেও লিগ আদৌ শুরু হবে কি না, সেই সংশয়ও আছে লুৎফর রহমানের। সেই সংশয় সম্ভবত খেলা মাঠে না গড়ানো পর্যন্ত অনেকেরই থাকবে!