পুরো গ্রেনাডাই এখন উৎসবের নগর। সোনার উৎসব! রূপ বদলে ৩৪৪ বর্গকিলোমিটার আয়তনের ছোট্ট দ্বীপ রাষ্ট্রটির পুরোটাই যেন ধারণ করেছে সোনা রং। রাস্তা-ঘাট, শহর-বন্দর সর্বত্রই উৎসবের ডামাডোল। কেন্দ্রবিন্দুতে সমুদ্রঘেরা ছোট্ট গ্রাম গুয়েভ। গ্রামের মানুষের জীবিকানির্বাহের একমাত্র উপায় মৎস্য শিকার। পরশু দৈনন্দিন এই কাজে সবাই যেন অঘোষিত ছুটি কাটালেন! এই গ্রামেরই ১৯ বছরের তরুণ কিরানি জেমসের হাত ধরেই যে গ্রেনাডা পেল প্রথম অলিম্পিক পদক, সোনা!পুরুষদের ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন জেমস। সময় ৪৩.৯৪ সেকেন্ড। এই ইভেন্টে ক্যারিবিয়ানদেরই জয়জয়কার। জেমসের পেছনে থেকে রুপা পেয়েছেন ডমিনিকা প্রজাতন্ত্রের লুগুয়েলিন সান্তোস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ল্যালোন্ডে গর্ডনের গলায় উঠেছে ব্রোঞ্জ। অলিম্পিকে গ্রেনাডা প্রথম অংশ নেয় ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে। সেই থেকে প্রতিটি অলিম্পিকেই প্রতিনিধিত্ব করলেও দেশটির পদকের আক্ষেপ পূরণ হচ্ছিল না কিছুতেই। অবশেষে দেশের হয়ে প্রথম সোনা, স্বপ্নের দৌড় শেষে জেমসের উচ্ছ্বাস-আবেগও তাই মিলেমিশে একাকার। ফিনিশিং টাচে পা পড়তেই মেতে ওঠেন বাঁধ ভাঙা আনন্দে। সোনার উদ্যাপন করতে গিয়ে ক্যারিবিয়ান ঢঙে নাচলেন, গাইলেন। আবেগের স্রোত ঝরল তাঁর প্রতিক্রিয়াতেও, ‘এটার মর্যাদা অনেক। আমি খুবই রোমাঞ্চিত।’ দেশের উৎসবের মাত্রাটাও জেমস টের পাচ্ছেন লন্ডনে বসেই, ‘সম্ভবত বাড়ি এখন উৎসবে রঙিন। সম্ভবত রাস্তায় বিশাল পার্টি জমে গেছে।’ সাফল্যটা অপ্রত্যাশিত নয় মোটেও। মৎস্যপাড়ার তরুণ নিজের আগমনী গান শুনিয়ে আসছেন ২০০৯ বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ থেকেই। প্রতিভার ঝলক দেখিয়ে ওই আসরে জিতে নেন সোনা। পরের বছর বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপেও ৪০০ মিটারে সোনা ওঠে জেমসের গলায়। সাফল্যের ধারাবাহিকতায় ২০১১ দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার বড়দের টুর্নামেন্টে অংশ নিয়েই সোনার পদক! ফলে ছয় ফুট চার ইঞ্চি উচ্চতার জেমসের ডাকনামটাই হয়ে গেছে ‘দ্য জাগুয়ার’। ছয় মাস আগে বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপে হয়েছিলেন ষষ্ঠ! তবে লন্ডনের জন্য মনোযোগটা ঠিকই ধরে রেখেছিলেন। সোনা জিতলেও বিশ্ব রেকর্ডের ধারেকাছেও যেতে পারেননি। এই ইভেন্টে বিশ্ব রেকর্ড যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাথলেট মাইকেল জনসনের দখলে। ১৯৯৯ সালে সেভিয়ায় তিনি সময় করেছিলেন ৪৩.১৮ সেকেন্ড। তবে অন্য রকম একটা রেকর্ড গড়েছেন জেমস। ৪০০ মিটারে যুক্তরাষ্ট্রের স্প্রিন্টারদের বাইরে তাঁর করা এটাই সেরা সময়। আর বিশ্ব রেকর্ডধারী জনসনের ভবিষ্যদ্বাণী, জেমস একদিন ঠিকই ভেঙে দেবেন তাঁর রেকর্ড। জনসন বলছেন, ‘আমি নিশ্চিত, জেমস আমার বিশ্ব রেকর্ডের দিকেই দৃষ্টি দেবে এবং এটা ভাঙতে সে খুবই ভালো একজন। সে অসাধারণ প্রতিভাবান।’তবে জেমস বলছেন অন্য কথা, ‘নিশ্চিতভাবেই সে (জনসন) মহান একজন। একটা পর্যায়ে গিয়ে প্রত্যেকেই তাঁর মানে পৌঁছাতে চায়। কিন্তু আমি সেটাতে সর্বোচ্চ মনোযোগ দেব, যা আমি পারি। মাইকেল জনসনের মতো কিছু করতে চেষ্টা করব না। যদি আমি তা করি, প্রতিবারই আমি ব্যর্থ হতে পারি।’ প্রতিবেশী দেশ জ্যামাইকার উসাইন বোল্ট বিশ্ব স্প্রিন্টেরই প্রতীক হয়ে গেছেন। ২০০ মিটারে এই বোল্টের সঙ্গেই সোনার লড়াইয়ে নামবেন গ্রেনাডার সোনার ছেলে। এএফপি, রয়টার্স।