গ্রেপ্তার ভারতীয় তিন ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলকে ঘিরে সন্দেহের মেঘ উড়ছে সেই শুরু থেকেই। এই টুর্নামেন্টকে মনে করা হয় ম্যাচ পাতানোর উর্বর ক্ষেত্র, স্পট ফিক্সিংয়ের মৃগয়া। সংশয়-সন্দেহের সমর্থনে এবার পাওয়া গেল বড় এক প্রমাণ। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দিল্লি পুলিশ কাল ভোরে গ্রেপ্তার করেছে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে। দুপুরেই তিন ক্রিকেটারকে বহিষ্কার করেছে বিসিসিআই। বিস্ময় প্রকাশ করে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে রয়্যালস। তিন ক্রিকেটারের সঙ্গে বিভিন্ন শহর থেকে গ্রেপ্তার করা হয় ১২ জুয়াড়িকে, যাঁদের একজন দিল্লীর শীর্ষ জুয়াড়ি টিক্কু মান্দি।আইপিএল নিয়ে শুরু থেকে অনেক ঢাকঢাক-গুড়গুড় থাকলেও কান দিচ্ছিল না বিসিসিআই। আইসিসির চাপে অবশেষে তৃতীয় আইপিএল (২০১০) থেকে আইসিসি দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) কাজ করার অনুমতি দেয়। গত বছর বিসিসিআইও একটি দুর্নীতি দমন ইউনিট গঠন করে। তবে এই দুটির কোনোটাই নয়, ক্রিকেটার ও জুয়াড়িরা ধরা পড়েছে দিল্লি পুলিশের জালে। দিল্লি পুলিশ কমিশনার নিরাজ কুমারের দাবি, ৫ মে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে স্পট ফিক্সিং করেছেন পেসার শ্রীশান্ত, ‘রহস্য’ বোলার চান্ডিলা করেছেন ৯ মে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে আর বাঁহাতি স্পিনার চাভান গত পরশু মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে। হানসি ক্রনিয়ের ম্যাচ পাতানো কেলেঙ্কারিও ফাঁস করেছিল এই দিল্লি পুলিশ।পুলিশের সন্দেহ ছিল শন টেইটকে ঘিরেও। তবে টেইটের বিপক্ষে প্রমাণ মেলেনি। আর কোনো বিদেশি ক্রিকেটার আপাতত সন্দেহের তালিকায় নেই, তবে আছেন আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটার। আরও বেশ কয়েকজন জুয়াড়িকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। দিল্লি পুলিশের লক্ষ্য ছিল আসলে অপরাধজগতের সঙ্গে ক্রিকেটের যোগসূত্র খোঁজা। কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এসেছে কেউটে। পুলিশের আড়ি পাতা জুয়াড়িদের ফোনে তিন ক্রিকেটারের ঘন ঘন ফোনালাপ থেকেই স্পট ফিক্সিংয়ের সন্দেহের সূত্রপাত। সেই সূত্র ধরেই মিলেছে শ্রীশান্তদের জড়িত থাকার প্রমাণ। পুলিশের কাছে শত শত ঘণ্টা ফোনালাপের টেপ রেকর্ড আছে। এপ্রিল থেকে অনুসরণ করা হলেও নিশ্চিত প্রমাণের জন্য অপেক্ষা করা হয়েছে এত দিন। পুরো প্রক্রিয়া এতটাই গোপন রাখা হয়েছিল, গ্রেপ্তারের আগ পর্যন্ত এমনকি মুম্বাই পুলিশকেও কিছু জানানো হয়নি। আইপিএল ও ক্রিকেটে অপরাধজগতের জড়িত থাকার ‘সুনির্দিষ্ট’ প্রমাণও পেয়েছে পুলিশ।ক্রিকেটকে ধ্বংস করার অভিযোগ জন্ম থেকেই আইপিএলের সঙ্গী। ইন্ডিয়া টিভির স্টিং অপারেশনে ম্যাচ পাতানোর জড়িত থাকার প্রমাণ পেয়ে গত বছর অল্প পরিচিত পাঁচ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে বিসিসিআই। এবার এল আরও বড় ধাক্কা। আরেকবার তাই চারদিকে দাবি উঠেছে আইপিএল বন্ধ করে দেওয়ার। তবে বিসিসিআইর প্রধান এন শ্রীনিবাসন উড়িয়ে দিয়েছেন এই দাবি, ‘বোর্ডে আমার সহকর্মীদের মতো আমিও খুব বিষণ্ন, বিশেষ করে একজন টেস্ট ক্রিকেটার এতে জড়িত আছে বলে। দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে। তবে তার মানে এই নয়, পুরো টুর্নামেন্টই দুর্নীতিতে জড়িত। দু-একটি পচা ডিমের জন্য গোটা আইপিএলকে বাতিল করার অর্থ নেই।’ শ্রীশান্তের বাবা এ ঘটনাকে ‘ধোনি ও হরভজন সিংয়ের চক্রান্ত’ বলে নিজের ছেলেকে নির্দোষ দাবি করেছেন। চাভানের ভাই নিহারের দাবি, তাঁর ভাইকে ফাঁসানো হয়েছে। তবে পুলিশ যে তথ্য-উপাত্ত দিয়েছে, তাতে এসব দাবি ধোপে টেকার সম্ভাবনা কমই। এএফপি, ওয়েবসাইট।