গ্রেপ্তার মেসির সেই বুট মুছে দেওয়া ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই দৃশ্য, পরম মমতায় মেসির বুট মুছে দিচ্ছে সেই ভক্ত
সেই দৃশ্য, পরম মমতায় মেসির বুট মুছে দিচ্ছে সেই ভক্ত

শুধু দূর থেকে দেখে আশা মেটেনি। লিওনেল মেসির পা দুটোও জড়িয়ে ধরেছিলেন আর্জেন্টিনার এক সমর্থক। পরম মমতায় মুছে দিয়েছিলেন আর্জেন্টাইন তারকার বুটজোড়া। মেসিও আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেছিলেন সেই ভক্তকে। উপহার দিয়েছিলেন নিজের সোয়েটার। আর্জেন্টিনার ট্রেনিং ক্যাম্পে হূদয়স্পর্শী এই ঘটনাটি ঘটেছিল কয়েক দিন আগে।
গতকাল আবারও নতুন করে সংবাদ শিরোনাম হয়েছেন মেসির সেই ভক্ত। মেসির উপহার দেওয়া সেই সোয়েটারে একটা অটোগ্রাফ নেওয়ার জন্য আবারও এসেছিলেন আর্জেন্টিনার অনুশীলনে। কিন্তু এবার আর পুলিশের হাত গলে মেসির কাছে পৌঁছাতে পারেননি।

ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেই মেসি-ভক্তকে
ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেই মেসি-ভক্তকে

অবাক করার বিষয় হলো, ৩৩ বছর বয়সী এই মেসি-ভক্তকে প্রথমে আর্জেন্টাইন ভাবা হলেও পরে দেখা গেছে তিনি আসলে একজন ব্রাজিলিয়ান। আর্জেন্টিনার অনুশীলনের সময় অনেক ব্রাজিলিয়ানকেই দেখা গেছে মেসির উদ্দেশে দুয়োধ্বনি দিতে। কিন্তু মেসির এই পাগল ভক্ত প্রিয় খেলোয়াড়টির কাছাকাছি পৌঁছানোর জন্য জেলে যেতেও দ্বিধা করছেন না।

স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা যখন তাঁকে বাইরে নিয়ে যাচ্ছিলেন, তখন সাধের অটোগ্রাফটি না পাওয়ার দুঃখে কেঁদেই ফেলেছিলেন এই মেসি-ভক্ত।
মেসির কানে এই খবরটি পৌঁছালে হয়তো জেল-হাজতের হাত থেকে বেঁচেও যেতে পারেন। সূত্র: এএফপি।