গ্রেপ্তার হয়েছিলেন কানেরিয়া!
পাকিস্তান, ম্যাচ পাতানো, পুলিশ, তদন্ত, গ্রেপ্তার—শব্দগুলো শুনে কি ২০০০ সালের কথা মনে পড়ছে? না, শব্দগুলো আবার ফিরে এসেছে। ফিরে এসেছে পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়ার কল্যাণে। কয়েক মাস ধরেই ‘স্পট ফিক্সিং’-এর সঙ্গে নাম উচ্চারিত হতে থাকা এসেক্স ক্রিকেটার কানেরিয়াকে শুক্রবার গ্রেপ্তার করে কাউন্টি পুলিশ। কানেরিয়ার সঙ্গে গ্রেপ্তার হন তাঁর এসেক্স-সতীর্থ মারভিন ওয়েস্টফিল্ডও। অবশ্য ওই দিনই জিজ্ঞাসাবাদ করে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া হয়েছে এই দুই ক্রিকেটারকে। এসেক্স কাউন্টি পুলিশের মুখপাত্র বলেছেন, তদন্তের প্রয়োজনে আবার ডাকা হতে পারে তাঁদের। তবে জামিনে থাকার সময় কাউন্টি বা পাকিস্তান দলের হয়ে ক্রিকেট খেলতে কোনো বাধা নেই কানেরিয়ার।ঘটনার শুরু গত সেপ্টেম্বরে ডারহামের বিপক্ষে এসেক্সের ৪০ ওভারের ম্যাচে। ওই ম্যাচে জিতেছিল এসেক্স। কিন্তু তাদের বিরুদ্ধে ম্যাচটিতে ‘স্পট ফিক্সিং’য়েরও অভিযোগ ওঠে। ‘স্পট ফিক্সিং’ ব্যাপারটি কিছুদিন ধরে নতুন আমদানি হয়েছে ক্রিকেটে।এর আগে ম্যাচ পাতানো বলতে কোনো ম্যাচের ফলাফল বদলে দেওয়া বোঝানো হতো। অর্থের বিনিময়ে এ কাজটিই করতেন ক্রিকেটাররা। কিন্তু ‘স্পট ফিক্সিং’-এ ম্যাচের ফলাফল পরিবর্তনের কোনো চেষ্টা করা হয় না। এখানে বাজির বিষয় থাকে নির্দিষ্ট এক একটি বিষয়। যেমন—ওভারে কয়টি ওয়াইড হবে, অমুক ব্যাটসম্যান কত নম্বরে ব্যাট করবেন, অমুক ব্যাটসম্যান কত রান করবেন। আর অনুমান করা হয়, সংশ্লিষ্ট ক্রিকেটাররা অর্থের বিনিময়ে বাজিকরদের হয়ে ছোট ছোট এই কাজগুলো আগে থেকে ঠিক করা পথে করে থাকেন। সেই অভিযোগই উঠেছিল ওয়েস্টফিল্ডের বিপক্ষে। আর পাকিস্তানের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট নেওয়া স্পিনার কানেরিয়ার বিপক্ষে অভিযোগ, তিনিই ওয়েস্টফিল্ডের সঙ্গে জনৈক বাজিকরের পরিচয় করিয়ে দিয়েছেন।কানেরিয়া অবশ্য শুরুতেই তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, ‘এসব গল্প একেবারেই ভিত্তিহীন। আমি সততা ও গৌরবের সঙ্গে পাকিস্তান ও এসেক্সের হয়ে ক্রিকেট খেলেছি। জীবনে কখনো অন্যায় করিনি।’ পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘শুক্রবার ২২ ও ২৯ বছর বয়সী দুজন ব্যক্তিকে প্রতারণার দায়ে গ্রেপ্তার করা হয়েছিল। দুজনকেই পরে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।’ এসেক্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই দুই ক্রিকেটার হলেন কানেরিয়া ও ওয়েস্টফিল্ড।আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই গ্রেপ্তার সম্পর্কে পরিষ্কার কিছু না জানলেও কাউন্টি ক্রিকেটে ‘স্পট ফিক্সিং’-এর ব্যাপারে নিবিড় পর্যবেক্ষণ করছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বারবাডোজে থাকা আইসিসি সভাপতি ডেভিড মরগান বলছেন, তিনি নিজেও এই স্পট ফিক্সিং ব্যাপারটা নিয়ে ঠিক পরিষ্কার নন, ‘সত্যি কথা বলছি, এই স্পট ফিক্সিং নিয়ে আমার ভালো জ্ঞান নেই।’ এএফপি, ক্রিকইনফো।