আগামীকাল ফাইনালে লি নার পেছনে থাকবে পুরো এশিয়ার সমর্থন। ওপেন যুগে প্রথম এশীয় হিসেবে গ্র্যান্ড স্লাম এককের ফাইনালে উঠলেন তিনি। বলা বাহুল্য, জিতলে এটি হবে দেশ হিসেবে চীনের প্রথম একক শিরোপাও। ওপেন যুগে দেশ হিসেবে মহিলা এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা গেছে যুক্তরাষ্ট্রে, ৫৯টি! এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২২টি শিরোপা জিতেছে জার্মানি, সবগুলোই স্টেফি গ্রাফের জেতা! এরপর আছে অস্ট্রেলিয়া (২০টি), ফ্রান্স (১৮) ও বেলজিয়াম (১০)। পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপাও যুক্তরাষ্ট্রের—৫১টি! পিট সাম্প্রাস (১৪টি), আন্দ্রে আগাসি (৮), জিমি কনোর্স (৮টি) এবং জন ম্যাকেনরো (৭টি) চারজনই জিতেছেন ৩৮টি। দ্বিতীয় স্থানে আছে ২৫টি শিরোপা জেতা সুইডেন। বিয়ন বোর্গ (১১টি), ম্যাটস উইল্যান্ডার (৭টি) ও স্টেফান এডবার্গরা (৬টি) এখনো সুইডিশ পতাকা তুলে রেখেছেন। এককে কমপক্ষে ১০টি গ্র্যান্ড স্লাম শিরোপা জেতা বাকি দেশগুলো হলো অস্ট্রেলিয়া (২০), স্পেন (১৬), সুইজারল্যান্ড (১৬) ও চেকোস্লোভাকিয়া (১২)।