গ্র্যান্ডমাস্টার ছাড়াই অলিম্পিয়াডের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে প্রস্তাব ছিল দাবা থেকে মাত্র দুজন খেলোয়াড়কে এশিয়ান গেমসে খেলার সুযোগ দেওয়া হবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) এই প্রস্তাব কোনোভাবেই মানতে চায়নি দাবা ফেডারেশন। শেষ পর্যন্ত অনেক দেন-দরবারের পর দলগত ইভেন্টে খেলতে ১০ সদস্যের বাংলাদেশ দলকে চীনে পাঠাতে রাজি হয়েছে বিওএ। তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে—পুরুষ দলের পাঁচ সদস্য ও মেয়েদের দুজন সরকারি খরচে যাবেন। বাকি তিনজনের খরচ বহন করতে হবে দাবা ফেডারেশনকে।অবশেষে এই শর্তেই আগামী নভেম্বরে চীনে দল পাঠাচ্ছে দাবা ফেডারেশন। পুরুষ দলে খেলবেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ, আবু সুফিয়ান (শাকিল) ও মেহেদী হাসান (পরাগ)। মেয়েদের দলে রয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মাসুদা বেগম, নাজরানা খান (ইভা), শারমীন সুলতানা (শিরিন) ও শামীমা আক্তার (লিজা)। তাঁদের মধ্যে থেকে শারমীন ও শামীমা যাবেন সরকারি খরচে।এশিয়াডে পুরুষ দলে দুজন গ্র্যান্ডমাস্টারকে রাখা হলেও অলিম্পিয়াডের দলে নেই একজনও গ্র্যান্ডমাস্টার! মিনহাজউদ্দিন, আবু সুফিয়ান, মেহেদী হাসান, দেবরাজ চ্যাটার্জি ও মোহাম্মদ জাবেদকে নিয়ে গড়া হয়েছে অলিম্পিয়াডের পুরুষ দল। দুর্বল এই দল রাশিয়ার খান্তি মিনসিস্কে খেলতে যাবে আগামী ২০ সেপ্টেম্বর। দল নির্বাচনে কোনো অস্বচ্ছতার সুযোগ নেই বলে দাবি করলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন, ‘জাতীয় দাবায় র‌্যাঙ্কিংয়ে শীর্ষে যাঁরা তাঁদের থেকেই পাঁচজনকে বেছে নেওয়া হয়েছে। গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার তৃতীয় হলেও তিনি এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন না তাঁর চাকরির কারণে।’দেশে এখন পাঁচজন গ্র্যান্ডমাস্টার থাকলেও গত জাতীয় দাবায় খেলেছেন শুধু রিফাত বিন সাত্তার। বর্তমান কমিটির সঙ্গে মতানৈক্যের কারণে এক বছর ধরে ফেডারেশনের সঙ্গে যোগাযোগহীন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন (রাজীব) ও আবদুল্লাহ আল রাকিব। মালয়েশিয়া জাতীয় দলের কোচিং নিয়ে ব্যস্ত আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সেখানেই থাকেন বেশির ভাগ সময়। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও গত জাতীয় দাবার মাঝপথে নিজেকে প্রত্যাহার করেন, এবারও খেলেননি। সুতরাং দুর্বল এক দল হলো।তবে এভাবে দল বাছাইয়ের নিয়মটাকে হাস্যকর বলছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন, ‘আমি এর আগের কমিটিকেও ব্যাপারটা খুলে বলেছিলাম। শুধু একটা টুর্নামেন্টের পারফরম্যান্স বিচার করে এভাবে অলিম্পিয়াডে দল পাঠানোটা হাস্যকরই বটে। বিশ্বের অন্য কোনো দেশে এমনটা হয় না। আমাদের সবারই তো আন্তর্জাতিক র‌্যাঙ্কিং রয়েছে। সেটা দেখে বাছাই করলে সমস্যা কোথায়?’ তবে আন্তর্জাতিক র‌্যাঙ্কিং অনুযায়ী দলে সুযোগ দেওয়া হলেও অলিম্পিয়াডে অংশ নিতেন না এনামুল, ‘আমি আমার সেই পুরোনো অবস্থানেই অনড় আছি। এই কমিটির অধীনে কোনো টুর্নামেন্টেই খেলব না।’