গ্র্যান্ডমাস্টার জিয়া এখন কোচও
পাঁচজন গ্র্যান্ডমাস্টার পাওয়ার পর থমকে আছে বাংলাদেশের দাবা। প্রশিক্ষণ কর্মসূচি সেভাবে হচ্ছে না। খেলোয়াড় উঠে আসার পথ বন্ধ। দুজন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও মিনহাজ উদ্দিন সাগর সিঁড়ি পাচ্ছেন না গ্র্যান্ডমাস্টার হওয়ার। আন্তর্জাতিক মাস্টার নর্ম করা আছে ফিদে মাস্টার পরাগ, নাসির, খন্দকার আমিনুলের। সম্ভাবনাময় এই খেলোয়াড়দের জন্য অবশেষে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ফেডারেশন। আর সেই প্রশিক্ষক বিদেশি কেউ নন, দেশেরই একজন—গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
দুই আইএম এবং তিন ফিদে মাস্টারকে নিয়ে মাসে ২০টি ক্লাস করবেন। এরই মধ্যে দুটি করেও ফেলেছেন। আপাতত তিন মাসের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম এর সঙ্গে যোগ করলেন, ‘জিয়াকে আমরা মাসে এক লাখ টাকা করে সম্মানী দেব।’
জিয়া নিজেও ফেডারেশনের এই উদ্যোগে বেশ খুশি, ‘দাবার জন্য এটা ভালো ফলই আনবে আশা করি। কারণ, এই খেলোয়াড়দের সঙ্গে আমি অভিজ্ঞতা বিনিময় করলে ওরা যেমন উপকৃত হবে, আমি নিজেও সমৃদ্ধ হব।’
তবে শুধু এই খেলোয়াড়েরাই নন, ফেডারেশন সম্পাদক বলেন, দেশের কনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমানসহ আরও কিছু কিশোরকে প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হবে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবকে। এত দিন ফাহাদের কোচ ছিলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। কিন্তু নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় নিয়াজ আর কাজটা চালিয়ে যাচ্ছেন না।