গ্র্যান্ডমাস্টার জিয়ার পাশে বিসিবি
দারুণ একটা দৃষ্টান্ত গড়ল বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নরওয়েতে দাবার বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বেশ কিছুদিন ধরে পৃষ্ঠপোষক খুঁজছিলেন। আর্থিক অনিশ্চয়তায় তাঁর বিশ্বকাপে অংশ নেওয়াটা পড়ে গিয়েছিল সংশয়ের মধ্যেই। প্রথম আলোয় এটা নিয়ে লেখা হলে সেটা নজরে পড়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের, তাঁকে সাহায্য করতে এগিয়ে আসে বিসিবি। কাল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের হাতে তুলে দেওয়া হয় ২ লাখ টাকা। টাকাটা পেয়ে দারুণ খুশি জিয়া, ‘আমাকে বিশ্বকাপে যাওয়ার জন্য সাহায্য করায় বিসিবিকে ধন্যবাদ। শেষ পর্যন্ত একটা অনিশ্চয়তা কেটে গেল।’দাবার বিশ্বকাপে খেলতে ৯ আগস্ট ঢাকা ছাড়বেন জিয়া। প্রথম রাউন্ডে খেলবেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার বরিস গেলফান্ডের বিপক্ষে। ট্রমসোতে ১০ আগস্ট-৫ সেপ্টেম্বর হবে দাবা বিশ্বকাপ।