ফুটবলের পর নির্বাচনী হাওয়া লেগেছে দাবায়। বর্তমান কমিটির মেয়াদ শেষ ১৮ জুন। তবে তার আগেই ৩১ মে দাবা ফেডারেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ৪ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। কিন্তু ফেডারেশনের দেওয়া ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ, এমন দাবি করে কাল এক পক্ষ সংবাদ সম্মেলন করেছে এনএসসি টাওয়ারে।
সম্মিলিত দাবা পরিষদের ব্যানারে এই পক্ষের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশ দাবা ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মুজিবুর রহমান হাওলাদারকে। এই সংবাদ সম্মেলন আয়োজকদের সব অভিযোগ বর্তমান কমিটির কর্মকর্তাদের প্রতি। আসন্ন নির্বাচনে কাউন্সিলর নিয়ে নানা অনিয়ম ও পক্ষপাতিত্বের কথা তুলে ধরে এই পরিষদ। ফেডারেশনের হিসাব-নিকাশে ব্যাপক অনিয়ম হয়েছে দাবি করে কার্যনির্বাহী কমিটির পদত্যাগী সদস্য মুশফিকুর রহমান মোহন বলেন, ‘নরওয়েতে গত দাবা অলিম্পিয়াডে ১৭ জন কর্মকর্তা দলের সঙ্গে গিয়েছিলেন। এটা গিনেস রেকর্ড হওয়ার মতো ঘটনা। ফেডারেশনের তৈরি করা ২৬টি ব্লেজারের মধ্যে আমারটি আমাকে না দিয়েও বিল ভাউচার তুলে নিয়েছেন কর্মকর্তারা। ফেডারেশনে পুকুরচুরি হয়েছে, এ নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রতিবেদনও ছাপা হয়েছে।’ মুজিবুর রহমানের অভিযোগ, উপহার হিসেবে দেওয়া ফিদের ঘড়িগুলো দিয়েই বর্তমান কমিটির কর্মকর্তারা ভোট কিনছেন, ‘গত ফিদে নির্বাচনের একজন সভাপতি প্রার্থী আমাদের ৫৮০টা ঘড়ি দিয়েছিলেন। সিঙ্গাপুর থেকে আসা ঘড়িগুলো ছয় মাস আটকে ছিল বিমানবন্দরে। নিলামে ওঠার সময় আমিই ওয়েটিং চার্জ দিয়ে এগুলো ছাড়িয়ে আনি। কিন্তু বর্তমানে এই ঘড়িগুলো কাউন্সিলরদের দিয়ে তাদের ভোট চাওয়া হচ্ছে।’
দাবায় দুই পক্ষের কাদা-ছোড়াছুড়ি নৈমিত্তিক ঘটনা। এসবের অবসানকল্পে দাবাড়ুরা খাঁটি সংগঠকদের দেখতে চান কমিটিতে। কাল সংবাদ সম্মেলনে আসা তিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীবের কণ্ঠে ছিল অভিন্ন সুর, ‘নিঃস্বার্থ সংগঠক দেখতে চাই আমরা। যাঁরা দাবাড়ুদের সুযোগ-সুবিধা দেখবেন, খেলাকে প্রাধান্য দেবেন—এমন লোকজনকেই দরকার দাবায়।’