গ্লানি নিয়ে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোহায় ঘণ্টাখানেক দেরি। ঢাকায় পৌঁছাতেও তাই দেরি হলো—ভোর সোয়া পাঁচটার জায়গায় ছয়টায়। স্কটল্যান্ড থেকে লন্ডন-দোহা হয়ে কাল সকালে দেশে ফেরা বাংলাদেশ দলটার ক্লান্তিতে বিধ্বস্ত থাকাটাই স্বাভাবিক। তবে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আয়ারল্যান্ড আর হল্যান্ডের কাছে না হারলে সেটা হয়তো এভাবে ধরা পড়ত না। এই দুই পরাজয়ই দুমড়েমুচড়ে দিয়েছে দলটাকে।আয়ারল্যান্ডে শেষ ম্যাচ খেলে সে রাতেই ধরতে হয়েছিল স্কটল্যান্ডের বিমান। হল্যান্ডের কাছে হারার পরও একই অবস্থা—মাঠ থেকেই ছুটতে হয়েছে বিমানবন্দরে। নিজেদের মধ্যে ব্যর্থতার ময়নাতদন্ত তাই সেভাবে হয়নি। তবে দল সূত্রের খবর, এ দুটি পরাজয় মেনে নিতে পারছে না কেউই। ক্লান্তিতে বিধ্বস্ত হয়ে ঢাকায় নামার অনেক আগে থেকেই বিষণ্ন ক্রিকেটাররা। হতবিহ্বল পুরো দল।এর মধ্যেও কারণ অনুসন্ধান চলেছে ব্যর্থতার। তবে সেটা জানানোর আগে সব ক্রিকেটারই বলে নিয়েছেন, ‘কোনো অজুহাত দিচ্ছি না। আয়ারল্যান্ড-হল্যান্ডের কাছে হেরে যাওয়ার কোনো অজুহাত হয় না।’ কাউন্টি দল উস্টারশায়ারে যোগ দেওয়ায় দলের সঙ্গে ফেরেননি সাকিব আল হাসান। ছুটি কাটাতে মোহাম্মদ আশরাফুলও রয়ে গেছেন ইংল্যান্ডে।অজুহাত না দিলেও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমন কিছু বিষয় সামনে নিয়ে এসেছেন, যেগুলো এই দুই ম্যাচে, বিশেষ করে হল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সে প্রভাব ফেললেও ফেলতে পারে, ‘ম্যাচটা তো আমরা খেলতেই চাইনি! বৃষ্টিতে মাঠের অবস্থা এতটাই খারাপ ছিল যে আউটফিল্ডে দাঁড়ালেই পা দেবে যাচ্ছিল, নিচ থেকে পানি উঠছিল। আম্পায়ারদের বলেছি, এ মাঠে খেলা যায় না। তার পরও তাঁরা জোর করে খেলা চালিয়েছেন।’ টসে জিতলে পরে ব্যাটিং করে কন্ডিশনের প্রতিকূলতা কিছুটা হলেও এড়ানো যেত বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচেও তাঁর একই কথা।তবে কন্ডিশনের ওপর নয়, ব্যর্থতার দায়দায়িত্ব নিজেদের কাঁধেই নিয়েছেন মাশরাফি, ‘শেষ ম্যাচে আমাদের শুরুটা খুব ভালো হলেও মাঝখানে কেমন যেন দায়িত্বহীন ব্যাটিং করল সবাই। নইলে আরও ২০-৩০ রান বেশি হতো। এ ছাড়া ফিল্ডিংও হয়েছে খুব বাজে। দুই ম্যাচেই ক্যাচ পড়েছে, রানআউট মিস করেছি। আমার মনে হয়, সবার আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।’ আয়ারল্যান্ড-স্কটল্যান্ডে দলের ঠাসা সূচির প্রসঙ্গও টেনেছেন অধিনায়ক, ‘স্কটল্যান্ডে আমরা বৃষ্টির জন্য প্র্যাকটিসই করতে পারিনি। প্রথম দিন হোটেল রুমে কাটিয়েছি। পরদিন মাঠে গিয়েও অনুশীলন করতে পারিনি। এরপর প্রথম ম্যাচটা তো হলোই না! হল্যান্ডের বিপক্ষে সরাসরি ম্যাচ খেলতে নামতে হয়েছে।’কোচ জেমি সিডন্সেরও একই রকম হতাশা। পারফরম্যান্স এবং কন্ডিশন দুটোকেই দায় দিয়েছেন তিনি স্কটল্যান্ড-ব্যর্থতায়, ‘স্কটল্যান্ডে ম্যাচের আগে উইকেট প্রায় চার-পাঁচ দিন কাভারে ঢাকা ছিল। তার পরও হল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমরা টসে হেরেও ২০০ রানের টার্গেট দিলাম। কিন্তু বোলাররা তাদের এর নিচে আটকাতে পারেনি। আমরা দুটো সহজ ক্যাচও ছেড়েছি এবং ক্যাচগুলো যাদের ছিল তারাই হল্যান্ডকে ম্যাচ জিতিয়ে দিয়েছে।’ব্যস্ত সূচি এবং কন্ডিশনের কথা বলেছেন দুই ওপেনার তামিম ইকবাল আর ইমরুল কায়েসও। তামিমের তো মনে হয়েছে হল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাঠ-উইকেট আন্তর্জাতিক ক্রিকেটেরই অনুপযুক্ত ছিল! আর ইমরুল নাকি ব্যাটিংয়ের সময়ও ভেজা-নরম উইকেটের ব্যাপারে কয়েকবার আম্পায়ারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। তবে মাশরাফির সঙ্গে এই দুজনও একমত, সবকিছুর পরও আয়ারল্যান্ড ও হল্যান্ডকে হারানো উচিত ছিল। ‘হল্যান্ডের বিপক্ষে প্রথম ১৫ ওভারে আমরা ১১৮ রান করেছিলাম। কিন্তু পরের ১৫ ওভারে এল মাত্র ৮০ (৮১)! আমাদের আরও বেশি রান করা উচিত ছিল। ফিল্ডিংয়েও আরও ভালো করা উচিত ছিল। ইংল্যান্ডকে হারানোর পর আমাদের পারফরম্যান্সে যে জোয়ারটা আসার কথা ছিল, সেটা আসেনি’—বলেছেন তামিম। যদিও ইমরুল মনে করছেন, ‘রান আমরা কম করিনি। ৩০ ওভারে ২০০ রানের টার্গেট খারাপ ছিল না। কিন্তু আমাদের কিছু ক্যাচ মিস হয়েছে। আর ওরাও (হল্যান্ড) খুব ভালো ব্যাটিং করেছে।’বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের চোখে এই ‘ভালো’টা আবার অন্যরকম, ‘ওরা তো উল্টাপাল্টা ব্যাট চালিয়েই জিতে গেল! এদিকে শট খেলে তো বল ওদিকে যায়! চোখ বন্ধ করে ব্যাটিং করেছে বলতে পারেন। আসলে আমাদের বিপক্ষে হল্যান্ডের তো হারানোর কিছু ছিল না...। তবে আমাদের আরও রান করা উচিত ছিল।’কাল দল দেশে ফেরার পর যেখানে ইংল্যান্ডকে হারানোর সাফল্যে উৎসব হতে পারত, সেখানে সব আলোচনাই এখন দুটি পরাজয়কে ঘিরে। হল্যান্ড ও আয়ারল্যান্ড এমনই ক্ষত এঁকে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটে!