গ্লানিমোচনের সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিং, ম্যাচ পাতানোর উতোর-চাপান, উটকো ঝুটঝামেলা... বিতর্ক বিস্তর হলো। এবার তবে ক্রিকেট হোক!আজ মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হওয়ার সময় সবার প্রার্থনা সম্ভবত মিলছে একই মোহনায়—ক্রিকেট ফিরে পাক নিষ্কলুষতা। ২০০১ সালে এই ভারত-অস্ট্রেলিয়ার হাত ধরেই পরিত্রাণ মিলেছিল ক্রিকেটের। হানসি ক্রনিয়ের সূত্র ধরে অন্ধকার-কলুষিত একটা জগৎ বেরিয়ে পড়েছিল যখন, বিশ্বাসের শেকড়ে যখন ধরেছিল ঘুণপোকা; সেই সময় দুর্দান্ত এক টেস্ট সিরিজ উপহার দিয়েছিল এই দুই দল। হরভজন সিংয়ের হ্যাটট্রিক, ভিভিএস লক্ষ্মণের মহাকাব্যিক ইনিংস, উত্তেজনামুখর তিনটি টেস্ট ম্যাচ...২০০০-০১ সালের ওই সিরিজটি সাম্প্রতিককালেরই অন্যতম সেরা ক্রিকেটীয় দ্বৈরথ হয়ে আছে।এবার অবশ্য ক্রিকেট-ভুকদের ক্ষুধা কতটা মিটবে কে জানে। কারণ বোর্ডার-গাভাস্কার ট্রফির এই সিরিজটি মাত্রই দুই ম্যাচের। ট্রফিটা ভারতের কাছেই আছে। সর্বশেষ দুই বছর আগে ২-০ ব্যবধানে জিতে সাত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল ভারত।গত দুই বছরে অবশ্য দৃশ্যপট পাল্টেছে সময়ের চেয়েও দ্রুতগতিতে। অস্ট্রেলিয়া র‌্যাঙ্কিংয়ের এক নম্বর থেকে নেমে এসেছে চারে। ভারতই এখন শাসন করছে ‘গদা’ হাতে। আর এই সিরিজ হেরে গেলে আগামী অ্যাশেজের আগে আত্মবিশ্বাসে বড় একটা ধাক্কাই শুধু খাবে না, অস্ট্রেলিয়ার র‌্যাঙ্কিং-পতন গিয়ে পৌঁছাবে পাঁচে।ক্রিকেট থেকে বিতর্কের ভূত তাড়ানোর এই সিরিজ। কিন্তু দুরুদুরু বক্ষের এই প্রশ্নটাও থাকছে—নতুন কোনো বিতর্ক আবার জন্ম নেবে না তো! সৌরভ গাঙ্গুলী কর্তৃক আমদানিকৃত সেই মেজাজটা এখনো রয়ে গেছে এই দুই দলের লড়াইয়ে। একটা স্নায়ুর খেলাও চলে। ফলে সাম্প্রতিক সময়ে ক্রিকেটে রোমাঞ্চের পাশাপাশি কিছু অনাকাঙ্ক্ষিত বিতর্কের জন্মও কিন্তু হয়েছে এই দুই দেশের লড়াইয়ে।তবে সৌরভ ভারতের বড় উপকারই করে দিয়ে গেছেন। সেটা গত এক দশকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের রেকর্ড দেখলেই পরিষ্কার। এই সময়টায় একমাত্র ভারতই অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার চেয়ে জিতেছে বেশি (৬ হার ৭ জয়)। আবার এও সত্যি, এই এক দশকে অস্ট্রেলিয়াই একমাত্র দল, যারা ভারতকে তাদেরই মাটিতে হারিয়েছে টেস্ট সিরিজে। এমনিতেই কি আর ক্রিকেটপ্রেমীরা উন্মুখ হয়ে আছেন এই সিরিজের জন্য!যুদ্ধের ভেতরে থাকে খণ্ডযুদ্ধ। সেটা ভারত-অস্ট্রেলিয়া হলে তো সোনায় সোহাগা। অ্যান্ড্রু সাইমন্ডস নেই বলে হরভজন সিংয়ের মন হয়তো একটু খারাপ। কিন্তু রিকি পন্টিং তো আছেন। পন্টিং নির্দ্বিধায় স্বীকার করেছেন, হরভজন তাঁর কাছে যন্ত্রণার অন্য নাম। পন্টিংয়ের সঙ্গে অন্য রকম একটা লড়াই থাকছে শচীন টেন্ডুলকারেরও। টেস্টের সর্বকালের দুই সর্বোচ্চ রান-সংগ্রাহকের সম্ভবত এটাই শেষ লড়াই। দেখা যাক, কে জেতে তাতে।হরভজন এ টেস্টে নাও খেলতে পারেন। সেটা অস্ট্রেলিয়ার জন্য সুসংবাদ হলে অবশ্যই দুঃসংবাদ গত দুই বছরে বীরেন্দর শেবাগের ফর্ম। এই সময়টায় ‘ব্র্যাডম্যানীয়’ গড়ে রান তুলে যাওয়া শেবাগকে অস্ট্রেলিয়া যে ভয় পায়, সেটাও স্বীকার করে নিয়েছেন কোচ টিম নিলসেন।দল হিসেবে ভারতের ফর্মও শেবাগের মতোই। সর্বশেষ সাতটি সিরিজেই অপরাজিত। জিতেছে এর পাঁচটিই। তার ওপর নিজেদের মাটিতে খেলা। ধোনি তো বলেই দিয়েছেন, ‘র‌্যাঙ্কিংয়ে আমরা কোথায় আছি, সেটা বড় কথা নয়। বরং নিজেদের মাটিতে খেলছি বলেই আমাদের জয়ের ভালো সম্ভাবনা আছে।’ সেই পালে হাওয়া দিচ্ছে মোহালি, যেখানে ৯ টেস্টের মাত্র একটাতেই হেরেছে ভারত।তবে মাঠের খেলায় শেষ পর্যন্ত এসব রেকর্ড-টেকর্ডও অনেক সময় বোকা গর্দভ বনে যায়। দল দুটো যে ভারত আর অস্ট্রেলিয়া। আর সে কারণেই দানা বাঁধছে প্রত্যাশাটা—গত কিছুদিনের জমে ওঠা গ্লানি মিলিয়ে দেবে এই সিরিজ।এবার তবে ক্রিকেটই হোক!