
ঘামে জবজবে শরীর, অনুশীলনের জার্সি লেপ্টে আছে গায়ের সঙ্গে। পরশু যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন জিয়ানলুইজি বুফন, তাঁর পুরো শরীরেই বর্তমান বাস্তবতা। কণ্ঠে একই সঙ্গে শঙ্কা আর আশাবাদ!
বাস্তবতা হলো গরম। প্রচণ্ড গরমে ঘেমেনেয়ে একাকার। ঘাম মুছতে মুছতেই ইতালিয়ান অধিনায়ক বললেন, ‘অসহ্য গরম। গরমের কারণেই অনেক ইউরোপিয়ান দল লাতিন দলগুলোর সঙ্গে পেরে উঠছে না।’ তবে গরমকে ব্যর্থতার ঢাল বানিয়ে যে পার পাওয়া যাবে না, সেটা ভেবেই হয়তো পরক্ষণে যোগ করলেন, ‘গরম কোনো অজুহাত হতে পারে না। আবহাওয়া তো সব দলের জন্যই এক। সত্যটা হলো, প্রথম ম্যাচের পারফরম্যান্স আমরা পরের ম্যাচে ধরে রাখতে পারিনি। আজ নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে। মাথা ঠান্ডা রেখে উজ্জীবিত হয়ে খেলতে হবে। প্রথম রাউন্ড থেকে বিদায় মানে চরম ব্যর্থতা।’
বুফনের শেষ বাক্যটিই এখন চরম বাস্তবতা। শঙ্কা চরম ব্যর্থতার। অসহ্য গরম বা আগের পারফরম্যান্স—এসবের মূল্য সামান্যই। আজ হারলেই বিদায়। সেটি বুফনের দলের জন্য যেমন, তেমনি প্রতিপক্ষ উরুগুয়ের জন্যও। মৃত্যুকূপ এই গ্রুপে হিসাবের বাইরে রাখা হচ্ছিল যে দলকে, সেই কোস্টারিকাই সবার আগে উঠে গেছে শেষ ষোলোতে। বিদায় নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ আরও এক চ্যাম্পিয়নের বিদায় নিশ্চিত।
নাতালে আজকের এই ম্যাচের দুই প্রতিপক্ষই হারিয়েছে ইংল্যান্ডকে, হেরেছে কোস্টারিকার কাছে। কোস্টারিকার সাফল্যে ফুটবল-নৈপুণ্যের সঙ্গে আবহাওয়ার ভূমিকা না থেকে পারেই না। গত ম্যাচটিতেই যেমন সময়ের সঙ্গে মন্থর হয়ে পড়া ইতালির সঙ্গে পুরো ম্যাচেই একই গতিতে খেলে গেছে কোস্টারিকা। ম্যাচ শেষে ফিফা তো আর এমনি এমনি একসঙ্গে সাতজন কোস্টারিকানের েডাপ পরীক্ষা করায়নি! বুফন মাথা ঠান্ডা রেখে খেলতে বললেও তাই কাজটা ভীষণ কঠিন মানছেন ইতালিয়ান মিডফিল্ডার ক্লদিও মার্কিসিও, ‘এই গরমে মাথা ঠান্ডা রাখা কঠিন। কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয়ার্ধে শরীর নুয়ে পড়ছিল, মাথা কাজ করছিল না।’
আবহাওয়ায় অভ্যস্ততা নিশ্চিতভাবেই এগিয়ে রাখবে উরুগুয়েকে। ইতালি আবার এগিয়ে থাকছে সমীকরণে। দুই দলেরই পয়েন্ট ৩, তবে গোল ব্যবধানে এগিয়ে আজ্জুরিরা (ইতালির গোল ব্যবধান ০, উরুগুয়ে-১)। ইতালিকে তাই ড্র করলেই চলবে। উরুগুয়ের জয় ছাড়া উপায় নেই। কোস্টারিকার বিপক্ষে বাজে হার দিয়ে শুরুর পর উরুগুয়ে দারুণভাবে ফিরেছে ইংল্যান্ডের বিপক্ষে। চোট কাটিয়ে ফেরা লুইস সুয়ারেজের জোড়া গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। ওই ম্যাচকেই প্রেরণা মানছেন গত বিশ্বকাপে দলকে সেমিতে তুলে দেওয়া কোচ, ‘চাপ কীভাবে সামলাতে হয় আমরা জানি। ইংল্যান্ডের বিপক্ষেও তো ভীষণ চাপের ম্যাচ ছিল!’
সুয়ারেজকে ভয় ইতালিয়ানদেরও। অাক্রমণভাগে তাঁর সঙ্গী এডিনসন কাভানিও নিজের দিনে একাই ম্যাচ জেতাতে পারেন। তবে বুফন আলাদা করে বললেন সুয়ারেজের কথাই, ‘কাভানির খেলা আমরা খুব ভালোভাবে জানি, নাপোলি, পালের্মোতে খেলেছে। কিন্তু সুয়ারেজকে কমই জানি।’ এসি মিলান, ক্যালিয়ারিকে কোচিং করানো উরুগুয়ের কোচ তাবারেজও আবার ভালোই জানেন ইতালিয়ান ফুটবলকে!
আজ অবশ্য ছক বদলানোর কথা ভাবছেন ইতালিয়ান কোচ সিজারে প্রানদেল্লি। ৪-১-৪-১ থেকে ৩-৪-২-১ বা ৩-৫-২ ছকে খেলতে পারে ইতালি। দুই স্ট্রাইকার নিয়ে খেললে মারিও বালেতেল্লির সঙ্গে জুটি বাঁধবেন চিরো ইম্মোবিলে। তবে ধাক্কা চোটের কাছে অভিজ্ঞ মিডফিল্ডার ড্যানিয়েল ডি রসিকে হারিয়ে ফেলাটা ইতালির জন্য বড় ধাক্কা।
তবে ম্যাচ হারলে কোনো কিছুকেই ঢাল বানানো যাবে না। ওই যে বুফন বলেছেন, প্রথম রাউন্ডে বিদায় মানেই চরম ব্যর্থতা। আজ তাই গ্লানির দুয়ারে দুই দল—চারবার আর দুবারের চ্যাম্পিয়ন! তথ্যসূত্র: এএফপি, রয়টার্স, গোলডটকম।