গ্লাভস বিফোর উইকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোরবোর্ডে লেখা থাকবে ‘এলবিডব্লু’। কিন্তু আসলে তো হবে জিবিডব্লু!‘জিবিডব্লু’টা আবার কী? বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসানের আউটটা দেখে থাকলে আপনার বুঝে ফেলার কথা। জিবিডব্লু মানে গ্লাভস বিফোর উইকেট! সাকিব তো তা-ই হলেন কাল!গ্লাভসকে ব্যাটের বর্ধিত অংশই ধরা হয় বলে গ্লাভসে লাগা আর ব্যাটে লাগা একই ব্যাপার। অনেক আম্পায়ারিং ভুলেরও উৎস এটি। বাউন্সার হয়তো ব্যাটসম্যানের গ্লাভস ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভসে গেছে, আম্পায়ার আউট দিলেন না। আবার উল্টোটাও হয়। তবে ব্যাটসম্যানের গ্লাভসে বল লাগার পর প্যাডে লেগেছে ভেবে আম্পায়ার এলবিডব্লু দিয়ে দিয়েছেন—এই ঘটনা এর আগে ঘটেছে কি না সন্দেহ! শাবাশ, টনি হিল! আপনি ভাই ইতিহাস গড়ে ফেলেছেন।তবে এই ‘জিবিডব্লু’ কখনোই ‘এসবিডব্লু’র মতো পরিচিতি পাবে না। এই শব্দসংক্ষেপটা অপরিচিত লাগতে পারে, তবে পুরোটা বললে ক্রিকেটের অনুসারীমাত্রই তা বুঝে ফেলবেন। শোল্ডার বিফোর উইকেট!আম্পায়ার ড্যারিল হার্পারের ল্যাপটপে এখনো ছবিটা আছে। মাঝেমধ্যেই নাকি তা দেখেন এবং নিজেই নিজের পিঠ চাপড়ে দেন—ঠিক সিদ্ধান্তই তো দিয়েছি। ক্রিকেটের অনুসারীমাত্ররই ঘটনাটা জানা বলেছি, সেটির বর্ণনা তাই কারও কাছে অকারণ মনে হতে পারে। তারপরও একটু বলে নেওয়া ভালো। ১৯৯৯ সালে অ্যাডিলেড টেস্টের ঘটনা। গ্লেন ম্যাকগ্রার বাউন্সার এড়াতে প্রায় বসে পড়লেন শচীন টেন্ডুলকার। বলটা না উঠে লাগল টেন্ডুলকারের কাঁধে। ম্যাকগ্রার আপিলে আঙুল তুলে দিলেন হার্পার।কাঁধে বল লাগায় এলবিডব্লু, তার ওপর আবার ব্যাটসম্যানের নাম শচীন টেন্ডুলকার! দ্বিতীয় কারণটাই হয়তো ক্রিকেট ইতিহাসে ‘শোল্ডার বিফোর উইকেট’ শব্দবন্ধ ঢুকে যাওয়ার কারণ। সাকিবের আউটটাও তো বিচিত্র, আমরা কিছুদিন মনে রাখলেও রাখতে পারি, কিন্তু বাকি বিশ্বের তা মনে রাখতে বয়েই গেছে! হার্পার মনে করেন, তিনি ঠিক সিদ্ধান্তই দিয়েছিলেন। গ্লেন ম্যাকগ্রাও মনে করেন তা-ই। যে ব্যাখ্যাটা হার্পারের দেওয়ার কথা, সেটিই দিয়েছেন তিনি। টেন্ডুলকারের যে উচ্চতা, তাতে বসে পড়লে তাঁর কাঁধ স্টাম্প-উচ্চতাকে ছাড়িয়ে যাওয়ার মতো নয়। দাঁড়িয়ে থাকলে বল টেন্ডুলকারের প্যাডেই লাগত। ‘ভুল’ আউট হয়েছেন বলে নয়, টেন্ডুলকারের জন্য ম্যাকগ্রার একটু খারাপ লেগেছে উইকেটের প্রতারণার শিকার হয়েছেন বলে। বলটা বাউন্সারই ছিল, উইকেটের ভোজবাজিতেই তা ওঠেনি।ক্রিকেট যাদের কাছে সবার আগে আবেগের নাম, সেই ভারতীয়রা এত যুক্তি-টুক্তি শুনলে তো! ড্যারিল হার্পারের কুশপুতুল দাহ-টাহও হয়েছিল। এখনো ভারতীয়দের কাছে হার্পারের পরিচয়—যে বদ আম্পায়ারটা টেন্ডুলকারকে শোল্ডার বিফোর উইকেট আউট দিয়েছিল!হার্পারের ওই সিদ্ধান্ত নিয়ে ভারতে যখন ক্ষোভের ঝড়, একমাত্র মনসুর আলী খান পতৌদিই স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিলেন, রিপ্লে দেখে তাঁর মনে হয়েছে বল স্টাম্পেই লাগত। তাহলে তো এলবিডব্লুই! লেগ বিফোর উইকেট বললে কী হবে—বল পায়ে লাগুক বা শরীরের অন্য যেকোনো জায়গায়—বিবেচ্য তো একটা ব্যাপারই—বলটা স্টাম্পে লাগত কি না। হেলমেটে বল লেগে রান হলেও সেটিকে কি লেগ বাই বলা হয় না?ড্যারিল হার্পার তাঁর সিদ্ধান্তের পক্ষে আরেকটা যুক্তি কাল পেয়েই গিয়েছিলেন প্রায়। স্টুয়ার্ট ব্রডের বাউন্সারে ডাক করতে গিয়ে বসে পড়া ইমরুল কায়েসের পিঠে লেগেছিল বল। ‘হক আই’ বলছে, সেটি স্টাম্পেই লাগত। বলটা লেগ স্টাম্পের বাইরে পিচ না পড়লে নির্ঘাত আঙুল তুলে দিতেন আম্পায়ার। সেটিকে কী বলা হতো তখন—ব্যাক বিফোর উইকেট?আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হওয়ার পর স্কোরকার্ড দেখে নিশ্চয়ই খুব রাগ হয় ব্যাটসম্যানের। যে আউট হননি, সেটি যে লেখা সেখানে। ইতিহাস তো আর আসল ঘটনা মনে রাখবে না। আম্পায়ার ভুল করে থাকলে স্কোরবোর্ডের নিচে সেটির টীকা থাকার দাবিও তুলতে পারেন তাঁরা! কিন্তু তাহলে যে আম্পায়ারের ভুলে বেঁচে যাওয়ার ব্যাপারটাও যোগ করতে হয়।ক্যারিয়ারটা একটু লম্বা হলে এই দুটি ভুলে বোধ হয় কাটাকাটিই হয়ে যায়। ভারতীয় গ্রেট গুন্ডাপ্পা বিশ্বনাথ আম্পায়ারের সিদ্ধান্ত নতমস্তকে মেনে নেওয়ার কারণ হিসেবে এই যুক্তিই দিতেন, ‘আম্পায়ার আমাকে ভুল করে আউট দিয়েছেন। কিন্তু ভুল করে আউট দেননি, এই ঘটনাও তো ঘটেছে। ক্যারিয়ার শেষে দেখা যাবে, শোধবোধ হয়ে গেছে।’‘ওয়াক’ করার বিরুদ্ধবাদীদেরও একই রকম যুক্তি—আম্পায়ার ভুল করে আউট না দিলে যে বেরিয়ে আসব, ভুল করে আউট দিলে তো সেটির সংশোধন হয় না। আধুনিক ক্রিকেটের প্রায় সব ব্যাটসম্যানই এই মতবাদে বিশ্বাসী। অ্যালিস্টার কুকও। এই টেস্টের প্রথম দিনেই ইনিংসের শুরুর দিকে সাকিবের বলে কট বিহাইন্ড ছিলেন। আম্পায়ার বুঝতে পারেননি। পরে হোটেলে সাকিবের কাছে কুক স্বীকার করেছেন যে, তিনি আউট ছিলেন। ‘ওয়াক’ করাটা প্রাগৈতিহাসিক ব্যাপারে পরিণত বলে এতে কেউ আর মাইন্ডও করে না। সাকিবও করেননি।ক্রিকেটে মজার কিছু পরিভাষা আছে। ‘ওয়াক’ মানে যেমন হাঁটা, তবে ক্রিকেটে এর অর্থ—আউট বুঝতে পারলে ব্যাটসম্যানের নিজে থেকেই চলে যাওয়া। ‘ওয়াকার’ মানে—‘যে ব্যাটসম্যান তা করে।’ নিজের নামে শব্দটা থাকার পরও ‘ওয়াকার’ ইউনুস তা করতেন না। গত দেড়-দুই দশকে তো মাত্র দুজন ‘ওয়াকার’কেই খুঁজে পাচ্ছি। ব্রায়ান লারা ও অ্যাডাম গিলক্রিস্ট।গিলক্রিস্টের ‘ওয়াক’ করার সবচেয়ে বিখ্যাত ঘটনাটির প্রত্যক্ষদর্শী আমি। ২০০৩ বিশ্বকাপে পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সেমিফাইনাল। অরবিন্দ ডি সিলভার বল গিলক্রিস্টের প্যাডে লেগে সাঙ্গাকারার গ্লাভসে যাওয়ার আগে তাঁর ব্যাট ছুঁয়ে গেছে, রুডি কোয়ের্তজেন তা বুঝতেই পারেননি। গিলক্রিস্টকে বেরিয়ে যেতে দেখে দক্ষিণ আফ্রিকান আম্পায়ারই সম্ভবত সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন।প্রেসবক্সও কম অবাক হয়নি। বিশ্বকাপের সেমিফাইনাল বলে কথা, সেটিতে এমন ঘটনা! তার ওপর আবার এক অস্ট্রেলিয়ান—যাদের সম্পর্কে কথাই আছে, ‘অস্ট্রেলিয়ানরা শুধু তখনই “ওয়াক” করে, যখন তাদের গাড়ি নষ্ট হয়ে যায়।’ ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিকি পন্টিংও পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন, গিলক্রিস্টের ভালোমানুষি অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম খুব ভালোভাবে নেয়নি।তাঁদের সময়েও গিলক্রিস্ট-লারারা বিরল প্রজাতি হয়ে ছিলেন, এখন বোধহয় বিলুপ্ত প্রজাতি!