গ্লাসগোতে বোল্ট-শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসাইন বোল্ট দৌড়াবেন এবং জিতবেন। ব্যাপারটা তো অনুমেয়ই। পরশু রাতে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের রেকর্ড গড়ে পুরুষদের ১০০ মিটার রিলে জেতার পর ভক্তদের আবদার মেটাতে গায়ে জ্যামাইকার পতাকা জড়িয়ে পোজ দিলেন সেলফি তোলার জন্যও l এএফপি
উসাইন বোল্ট দৌড়াবেন এবং জিতবেন। ব্যাপারটা তো অনুমেয়ই। পরশু রাতে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের রেকর্ড গড়ে পুরুষদের ১০০ মিটার রিলে জেতার পর ভক্তদের আবদার মেটাতে গায়ে জ্যামাইকার পতাকা জড়িয়ে পোজ দিলেন সেলফি তোলার জন্যও l এএফপি

সতীর্থের কাছ থেকে যখন ব্যাটনটা নিলেন, ইংলিশ প্রতিদ্বন্দ্বী ড্যানি ট্যালবটসহ অন্যরাও খানিকটা এগিয়ে। তবে কি? না, কোনোরকম শঙ্কা বা প্রশ্ন উদয় হওয়ার সময় উসাইন বোল্ট দেননি। ব্যাটনটা হাতে পুরেই আড়চোখে দেখে নিলেন প্রতিদ্বন্দ্বীদের গতিবিধি। এরপরই স্কোরবোর্ডের দিকে দৃষ্টি ফিরিয়ে নিজস্ব স্টাইলে খিঁচে লম্বা লম্বা পদক্ষেপ। মুহূর্তেই পেছনে ফেললেন প্রতিদ্বন্দ্বীদের। ফিনিশিং লাইন যখন স্পর্শ করলেন, বোল্টের ধারেকাছেও কেউ নেই!
সঙ্গে সঙ্গেই গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে শুরু হলো বোল্ট-উৎসব। ১০০ ও ২০০ মিটারে যে উৎসবটা দেখতে না পেরে দর্শকদের মধ্যে একটা হতাশা ছিল বোল্ট তা পুষিয়ে দিলেন কড়ায়-গণ্ডায়। নাচলেন, গাইলেন, দর্শকদের সঙ্গে মজা করলেন, জাতীয় পতাকা গায়ে জড়িয়ে দৌড়ালেন। স্বভাবসুলভ ভঙ্গিতে অদৃশ্য গুলি ছুড়লেন। এই আনন্দ গ্লাসগো কমনওয়েলথ গেমসের ৪×১০০ মিটার রিলের সোনা জিতে একটা অতৃপ্তি মুছে ফেলার। গেমসের নতুন রেকর্ড গড়ার। সমালোচনার জবাব দেওয়ার।
এগারো মাস পর ট্র্যাকে নেমে দারুন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন হিটেই।পরশু ফাইনালে গ্লাসগোর বৃষ্টিভেজা ট্র্যাকে জেসন লিভারমোর, ১০০ মিটারে সোনাজয়ী কেমার বেইলি-কোল ও নিকেল অ্যাশমিডকে সঙ্গে নিয়ে বোল্ট স্প্রিন্ট রিলেতে সময় করেছেন ৩৭.৫৮ সেকেন্ড, যা কমনওয়েলথ গেমসে রেকর্ড। ইভেন্টে রুপা জিতেছে ইংল্যান্ড, ব্রোঞ্জ ত্রিনিদাদ ও টোবাগো।
সোনায় মোড়ানো ক্যারিয়ারে অতৃপ্তি-অপ্রাপ্তি বলতে ছিল শুধু কমনওয়েলথ গেমসের সোনা না-জেতা। ছয়টি অলিম্পিক সোনা ও আটটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ সোনার পদক যাঁর অধিকারে, কমনওয়েলথ গেমসের সোনার পদক না-থাকাটা তাঁর জন্য এমন কিছু নয়! কিন্তু সেই দাগটাই বা থাকবে কেন? কমনওয়েলথ গেমসে অভিষেক ইভেন্টেই সোনা জিতে বোল্ট প্রমাণ করে দিলেন তাঁর ক্যারিয়ার-অভিধানে ‘অতৃপ্তি-অপ্রাপ্তি’ নামক কোনো শব্দের জায়গা হতে পারে না!
একমাত্র অপ্রাপ্তিটাও মুছে ফেলার আনন্দ তো আছেই। তবে ওই বাঁধভাঙা উচ্ছ্বাসের পেছনে এর চেয়েও বড় কারণ বুঝি সমালোচনা ও বিতর্কের জবাব দেওয়ার আনন্দ। গেমস চলাকালেই ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস বোল্টকে উদ্ধৃত করে খবর ছাপে, তিনি নাকি কমনওয়েলথ গেমসকে ‘ফালতু’ বলেছেন! বোল্ট অবশ্য ওই অভিযোগ ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গেই। তবে আসল জবাবটা দিয়ে দিলেন ট্র্যাকের পারফরম্যান্স দিয়েই।
তাঁর প্রতিক্রিয়াতেও মিশে থাকল বাড়তি স্বস্তি, ‘এই সোনার পদকের অর্থ আমার কাছে অনেক। কারণ আমার সংগ্রহে একমাত্র কমনওয়েলথ গেমসের সোনার পদকটাই ছিল না।’ ১০০ ও ২০০ মিটারে দৌড়াতে না পারায় দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন, জানিয়েছেন ধন্যবাদ, ‘আমি এখানে আসতে পেরে খুবই খুশি। ব্যক্তিগত ইভেন্টগুলোয় দৌড়াতে না পারায় আমি দুঃখিত। কারণ এখানকার উচ্ছলতাটা অসাধারণ। সমর্থকদের সঙ্গে মজা করাটা আমি সব সময়ই উপভোগ করি। আমি মনে করি, তাদের কারণেই টুর্নামেন্ট এত সুন্দর।’
একমাত্র অতৃপ্তিটাও মুছে ফেললেন। চাইলে ক্যারিয়ারে ‘সব’ জয়ের আনন্দে বোল্ট ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় বলে দিতে পারতেন এখনই। কিন্তু অনেক আগে থেকেই পাখির চোখ করা ২০১৬ রিও অলিম্পিকে তো বটেই; বোল্ট ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নেবেন। আয়োজকদের পীড়াপীড়িতেই ২০১৭ লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে মনস্থির করেছেন ইতিহাসের দ্রুততম মানব, ‘আমি সব সময়ই বলেছি যে, রিও অলিম্পিকের পর অবসর নেব। কিন্তু তারা বলছে আমার সেখানে যাওয়া উচিত। আমি যাব বলেই ভাবছি। সেটাই হবে আমার শেষ টুর্নামেন্ট।’
মেয়েদের ৪×১০০ মিটার রিলেতেও সোনা জিতেছে জ্যামাইকা। কেরন স্টুয়ার্ট, ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন, শিলোনি ক্যালভার্টকে সঙ্গে নিয়ে দেশকে রিলের সোনা এনে দিয়েছেন ‘মেয়েদের বোল্ট’ শেলি-অ্যান ফ্রেসার। তাঁরা সময় করেছেন ৪১.৮৩ সেকেন্ড। এএফপি।