দল হেরেছে, র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুযোগটাও হাতছাড়া—হতাশা নিয়েই সিরিজটা শেষ হলো হাশিম আমলার। তবে দক্ষিণ আফ্রিকা দলে খেলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যাটসম্যান ব্যক্তিগত দিক থেকে কিন্তু কাটালেন ক্যারিয়ারের সেরা সিরিজই। ৩ ইনিংসে ব্যাট করে মোট রান ৪৯০। কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ১১৪ করে জহির খানের বলে কট বিহাইন্ড হয়েছিলেন। সিরিজে আউট ওই একবারই, গড়টাও তাই ৪৯০! টেস্ট ইতিহাসে এক সিরিজে আমলার চেয়ে বেশি গড় আছে কেবল ওয়ালি হ্যামন্ডের। ১৯৩৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ৫৬৩ রান করেছিলেন ইংলিশ ওপেনার, গড়ও ছিল একই। ২০০০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে রাহুল দ্রাবিড়ের গড় ছিল ৪৩২, এবারও মোট রান ছিল একই। বাংলাদেশের বিপক্ষে ২০০৭ সিরিজে ৩ টেস্টে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার গড় ছিল ৪২৮। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের ৩ টেস্টের সিরিজে বিপক্ষে আমলার স্বদেশি ড্যারিল কালিনানের গড় ছিল ৪২৭।