পারদ ছড়ানো উত্তেজনা, দুর্দান্ত সব গোল, ম্যাচ বাঁচানো সেভ, চমকে দেওয়া ফল কী ছিল না এই ঘটন-অঘটনের ইউরোতে! প্রথম রাউন্ডে অনেকগুলো অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়েছে ফুটবলপ্রেমীরা। প্রিয় দলের সাফল্যে কেউ আনন্দে উদ্বেল, কেউ পরাজয়ের শোকে মুহ্যমান। তবে প্রভাতের সূর্যটা সব সময় দিনের সঠিক পূর্বাভাস দেয় না। রবার্ট লেভানডফস্কি যখন পোল্যান্ডের হয়ে টুর্নামেন্টের প্রথম গোলটি করেন, তখন কে ভেবেছিল সহ-স্বাগতিকদের বিদায়ঘণ্টা বাজবে প্রথম রাউন্ডেই! আরেক স্বাগতিক ইউক্রেনের খেলাও ছাপিয়ে গেছে প্রত্যাশাকে। ভাগ্য সহায় থাকলে শেষ আটে খেলাটাও হয়তো দূরের বাতিঘর হতো না। অপ্রতিরোধ্য গতিতে শুরু করা রাশিয়াকে ধরা হচ্ছিল টুর্নামেন্টের কালো ঘোড়া, কিন্তু শেষ ম্যাচে গ্রিসের কাছে অপ্রত্যাশিত পরাজয়ে শেষ আটেই যাওয়া হলো না তাদের। ওদিকে চেক প্রজাতন্ত্রের শুরুটা ভুলে যাওয়ার মতো হলেও তারাই উঠল নকআউট পর্বে। বলতে হবে আরও দুটি দলের কথা—ডেনমার্ক ও ক্রোয়েশিয়া। হারার আগে হারেনি এদের কেউই, মাটি কামড়ে লড়েছে প্রতিভায় ঢের এগিয়ে থাকা পরাশক্তিদের সঙ্গে। শেষতক ভাগ্যের শিকে ছেঁড়েনি বটে, কিন্তু ফুটবলপিপাসুদের অকুণ্ঠ প্রশংসাই কুড়িয়েছে দল দুটি। ঠিক তেমনি মুদ্রার উল্টো পিঠে ইংল্যান্ড গড়পড়তা খেলেও হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন, ওয়েইন রুনির রাজসিক প্রত্যাবর্তনে ইংলিশ মিডিয়াও এখন স্বভাবসুলভ প্রগল্ভ। এএফপি।বড় দলগুলোর ছিল চোখ ঝলসানো পারফরম্যান্স—এটা আসলে সত্যের অপলাপ। এক জার্মানি ছাড়া তিন ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট নিতে পারেনি আর কোনো দলই। জার্মানি ছাড়া বাকি দলগুলোর মধ্যে জয়ের দুর্দম মানসিকতাও তো দেখা যায়নি। আরেক হট ফেবারিট স্পেন এসেছে টানা দ্বিতীয় শিরোপা জিততে। কিন্তু আয়ারল্যান্ডের ম্যাচ ছাড়া বলার মতো পারফরম্যান্স তাদের নেই। ইতালি অবশ্য গ্রুপ পর্বে বরাবরই কিছুটা সতর্ক, তবে এবার কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে যাওয়ার মতো উঠেছে নকআউট পর্বে। কে বলতে পারে নকআউট পর্ব থেকেই নিজেদের বদলে ফেলার অভ্যাসবশত এবারও কিছু ঘটিয়ে ফেলবে না আজ্জুরিরা? মৃত্যুকূপ থেকে পর্তুগালও উতরে গেছে, শেষ ম্যাচের অনবদ্য পারফরম্যান্সে তারা এখন প্রথম বড় শিরোপা জেতার স্বপ্নে বিভোর। ওদিকে ফ্রান্স শেষ ম্যাচে সুইডেনের কাছে নাকাল হয়ে জানিয়ে দিয়েছে, শিরোপাটা হাতে নিতে হলে লা ব্লুজদের আরও কাঠখড় পোড়াতে হবে।তবে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক ফেবারিট হল্যান্ডের বিদায়, তা-ও আবার তিনটি ম্যাচে হেরেই। ডাচ দলে প্রতিভার অভাব নেই। কিন্তু দল হিসেবে তারা ছিল ছন্নছাড়া। রিক্ত হাতে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার জন্য ভাগ্যকে নয়, বরং নিজেদেরই দুষতে পারে ডাচরা।বেশ কিছু দৃষ্টিনন্দন ব্যক্তিগত পারফরম্যান্সেরও কথাও বলতে হবে আলাদা করে। দারুণ কিছু গোল হয়েছে, মারিও বালোতেল্লির ভলি, মারিও গোমেজের বাঁক খাওয়ানো শট বা বোয়াশচিকোফস্কির বাঁ পায়ের সমতাসূচক গোলের কথা মনে থাকবে। তবে সবচেয়ে এগিয়ে রাখতে হবে ইব্রাহিমোভিচের সাইড কিকে করা অসাধারণ গোলটাই, যদিও দল শেষ আটে না যাওয়ায় গোলের স্মৃতিটা শুধু ব্যথাই বাড়াবে। বড় তারকাদের নিয়েও চলছিল জল্পনা-কল্পনা, অনেকে এসেছিলেন ফর্মের তুঙ্গে থেকে, অনেকেই যুঝছিলেন ফর্মের সঙ্গে। গোলের দেখা কমবেশি সবাই পেয়েছেন, তোরেস, রোনালদোরাও অন্তত এক ম্যাচে হলেও নিজেদের জাত চিনিয়েছেন। তবে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে গোমেজই এগিয়ে আছেন। তাঁর বাকি দুই প্রতিদ্বন্দ্বী মান্দজুকিচ ও জাগোয়েভ যে শেষ আটেই নেই! একমাত্র ফ্রান্সের করিম বেনজেমাই বড় তারকাদের মধ্যে গোলের দেখা পাননি, আরও বড় কোনো উপলক্ষের জন্য তিনি গোল জমিয়ে রেখেছেন কি না কে জানে! আর এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে ফ্লপ তারকার তকমাটা অনায়াসেই দেওয়া যায় রবিন ফন পার্সিকে, ক্লাবের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটালেও কমলা জার্সিতে তাঁকে চেনা গেল কই?