ঘটন-অঘটনের একদিন

জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিনটা ভরা থাকল ঘটনার ঘনঘটায়।
কী হয়নি কাল! দিনের শুরুতে বগুড়ায় বাংলাদেশের মাটিতে সর্বনিম্ন প্রথম শ্রেণীর স্কোর করে অলআউট ঢাকা মহানগর। সেটাও আবার মাত্র ১৩.১ ওভারে। প্রতিপক্ষ ছিল রংপুর। বিকেএসপিতে আবার উল্টো ঘটনা। টানা দুই দিন ব্যাট করে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ৬৬২ রান তুলে ফেলেছে ঢাকা বিভাগ। উইকেট পড়েছে মাত্র চারটি। জাতীয় লিগের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি বাংলাদেশের মাটিতে চতুর্থ সর্বোচ্চ। মাত্রই মিরপুর টেস্টে শ্রীলঙ্কার গড়া রেকর্ড থেকে ৬৮ রানের দূরত্বে ঢাকা। দলটির তাইবুর পারভেজ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিকে ডাবলে রূপ দিয়ে রয়েছেন অপরাজিত। সিলেটে স্বাগতিকদের বিপক্ষে ১৩টি ছয় মেরেছেন খুলনার জিয়াউর রহমান। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে উপেক্ষিত এই মারকুটে

ব্যাটসম্যান করেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ১৬৭ রান।
বগুড়ার উইকেটে তেমন কিছু ছিল না। কিন্তু সকালের আর্দ্রতা কাজে লাগিয়ে হঠাৎই ভয়ংকর হয়ে ওঠেন রংপুরের দুই পেসার সাজেদুল ও শুভাশিস। ৩.৩ ওভারে ১ উইকেটে ১২ রান, দিনের খেলা শুরুর আগে মহানগরের স্কোর। আর মাত্র ৯.৪ ওভারেই নেই মহানগরের শেষ ৮ উইকেট (তাসামুল আহত)। ২৪ রানে ৫ উইকেট, সাজেদুল পাঁচ বছর পর দেখা পেলেন ৫ উইকেটের। শুভাশিস নিয়েছেন ৪ উইকেট। ফলোঅন করতে নামা মহানগরের দ্বিতীয় ইনিংসে আবার পুরোই উল্টো ছবি। ৪ উইকেটে ২৬০ রান করে দলটি এগিয়ে গেছে ৬৮ রানে। ৯৪ রানে অপরাজিত আসিফ দাঁড়িয়ে তিন ম্যাচে তৃতীয় সেঞ্চুরির সামনে।
বিকেএসপিতে তাইবুর করেছেন ডাবল সেঞ্চুরি। ২০০ রানের দ্বিতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী মজিদ সেটা পাননি ১৮ রানের জন্য। বাঁহাতি তাইবুর পরে রকিবুলের সঙ্গে তৃতীয় উইকেটে ৭৩ ও নাদিফের সঙ্গে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ১৫৪ রান যোগ করেছেন।
সিলেটে ২১৫ রানেই ৮ উইকেট হারায় খুলনা। এরপর জিয়ার রুদ্রমূর্তি। নবম উইকেটে রাজিবুলের (১৬*) সঙ্গে ১৩৭ রানের জুটি, যার ১১৪-ই জিয়ার। ২১০ বলে ৯ চার ও ১৩ ছয়ে ১৬৭ রান, জিয়া সেঞ্চুরি ছুঁয়েছেন অলক কাপালিকে ছয় মেরে। তাঁর প্রথম শ্রেণীর প্রথম সেঞ্চুরিতে ছিল ১৫টি ছক্কা (২৭ ডিসেম্বর ২০১২, দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল, মিরপুর, বিসিএল)।
চট্টগ্রামে স্বাগতিকদের বিপক্ষে ১৫৩ রানে এগিয়ে বরিশাল। চট্টগ্রামের প্রথম ইনিংসে ২৭ রানে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার মনির হোসেন, যেটি তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট: ১২৩ ও ৩৯ ওভারে ১২৬/৩ (ইমতিয়াজ ৩৯, অলক ৩৫*, সায়েম ৩১; নাহিদুল ১/১৮, নিজামউদ্দিন ১/১৮, মুরাদ ১/২৭)। খুলনা ১ম ইনিংস: ৮৯.৪ ওভারে ৩৫২ (জিয়াউর ১৬৭, মিঠুন ৫৩, তুষার ৫০; নাবিল ৫/৮৫, এনামুল জু. ৪/১২৭, নাজমুল ১/৪৩)।

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১৮০ ওভারে ৬৬২/৪ (তাইবুর ২০৪*, মজিদ ১৮২, রনি ১০৩, নাদিফ ৭১*, রকিবুল ৪১, শুভাগত ৩১; সাকলাইন ২/১৪৭, ফরহাদ হোসেন ১/৫৬, দেলোয়ার ১/৬৫)।
রংপুর ১ম ইনিংস: ২৪০। ঢাকা মহানগর ১ম ইনিংস: ১৩.১ ওভারে ৪৮ (মার্শাল ১৩, সানি ১১; সাজেদুল ৫/২৪, শুভাশিস ৪/২০) ও ২য় ইনিংস: ৭৮ ওভারে ২৬০/৪ (আসিফ ৯৪*, মার্শাল ৬৫, সানি ৪৬, আবু বক্কর ৩৩; সোহরাওয়ার্দী ২/৭৪, তানভীর ১/৪৪, আরিফুল ১/৬৩)।
বরিশাল: ১৯৭ ও ৪৫ ওভারে ১৩৫/৫ (ফজলে রাব্বী ৪৮, সালমান ৩৫*; ইয়াসিন ৩/৫৬, ইউনুস ২/২২)। চট্টগ্রাম ১ম ইনিংস: ৭১ ওভারে ১৭৯ (ইরফান ৫৮, ফয়সাল ৩৮; মনির ৬/২৭, ইসলামুল ৩/৫৯, কামরুল ১/৪৯)।
প্রথম শ্রেণীর সর্বনিম্ন তিন ইনিংস
স্কোর (ওভার) ম্যাচ ভেন্যু মৌসুম
৪৮ (১৩.১)* ঢাকা মহানগর-রংপুর বগুড়া ২০১৩-১৪
৫৪ (৩৪.১) খুলনা-চট্টগ্রাম খুলনা ২০০৮-০৯
৫৯ (২৩.৪) বিসিবি একাডেমি-জিম্বাবুয়ে বগুড়া ২০০৮-০৯
* একজন আহত অবসর