ঘটন-অঘটনের প্রথম ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন কিছু কি আছে যা আজ ব্রাজিলের পক্ষে থাকবে না? খুঁজে বের করাটা একটু মুশকিল বৈকি!
ইতিহাসকে পাশে পাচ্ছে স্কলারির দল। এর আগে একবারই বিশ্বকাপের স্বাগতিক হয়েছিল সেলেসাওরা, ১৯৫০ সালে। সেবার নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল মেক্সিকোকে। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের ইতিহাসে স্বাগতিকেরা কখনো তাদের প্রথম ম্যাচে হারেনি। আগের ১৯টি আসরে স্বাগতিক দলের ২০টি প্রথম ম্যাচের ফল—১৪ জয়, ৬ ড্র। দলীয় শক্তি, সাম্প্রতিক ফর্ম সবকিছুতেই ক্রোয়েশিয়ার চেয়ে যোজন এগিয়ে নেইমাররা। সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা, নিজের মাঠে চেনা পরিবেশে খেলার সুবিধা—এসব না হয় বাদই থাকল। পুঁচকে ক্রোয়েশিয়াকে নিয়ে তবে কেন এত ভাববে স্কলারির দল?
আসলেই ভাবনার কিছু নেই। আবার আছেও। কারণ এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচেই সারা বিশ্বকে চমকে দিয়ে শুরু করার এক বিচিত্র অভ্যাস আছে বিশ্বকাপের! প্রমাণ লাগবে তো?
স্মৃতির ভেলায় ভেসে এক যুগ আগে যেবার ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল, সেই সময়টাতে ফিরে যান। সিউল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া সেনেগাল। থিয়েরি অঁরি, মার্সেল দেশাই, ডেভিড ত্রেজেগে, ফ্যাবিয়েন বার্থেজ আর প্যাট্রিক ভিয়েরার সামনে সেনেগাল যেন ছিল দুধভাত। কিন্তু সেই সেনেগালই সারা বিশ্বকে চমকে দিয়ে ওই ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল পাপা দিওপের একমাত্র গোলে! ওই ধাক্কা আর ফ্রান্স সামলাতে পারেনি। গিয়েছিল শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে, বিদায় নিল কোনো ম্যাচ না জিতে গ্রুপপর্ব থেকেই!
তারও এক যুগ আগে এ রকম অবিশ্বাস্য এক অঘটনের শিকার হয়েছিল ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। ’৮৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ১৯৯০ সালে ইতালিতে প্রথম ম্যাচেই ধরাশায়ী রজার মিলার ক্যামেরুনের কাছে! দুই লাল কার্ডের পর শেষ দিকে ৯ জনের দল হয়ে গিয়েও ওই ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ক্যামেরুন। ডিয়েগো ম্যারাডোনার দল অবশ্য পরে সেই ধাক্কা সামলে ওঠে, খেলেছে ওই বিশ্বকাপের ফাইনালেও। তবে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে উদ্বোধনী ম্যাচেই দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সেবার ফুটবল-রূপকথায় একটা নতুন অধ্যায় লিখেছিল ক্যামেরুন।
উদ্বোধনী ম্যাচে অঘটনের তালিকাটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। এরও চার বছর আগে মেক্সিকোতে তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি উদ্বোধনী ম্যাচেই ১-১ গোলে ড্র করেছিল বুলগেরিয়ার সঙ্গে। ১৯৮২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নু ক্যাম্পে উদ্বোধনী ম্যাচে বেলজিয়ামের কাছে হেরেছিল ১-০ গোলে। অথচ আর্জেন্টিনার ওই দলেও ছিলেন ম্যারাডোনা, মারিও কেম্পেস আর ড্যানিয়েল প্যাসারেলার মতো দুর্দান্ত সব ফুটবলার। তার আগের বিশ্বকাপে চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানির সঙ্গে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল পোল্যান্ড। ১৯৭০ বিশ্বকাপে সারা বিশ্বকে জোগো বোনিতোর মায়াজালে মুগ্ধ করা ব্রাজিল পরের বিশ্বকাপেই উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র করে তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে! অথচ মারিও জাগালোর ওই দলে ছিলেন রিভেলিনো-জেয়ারজিনহোর মতো কিংবদন্তিরা। বুঝতেই পারছেন চমক দিয়ে টুর্নামেন্ট শুরু করার অভ্যাস বিশ্বকাপের কত পুরোনো!
অঘটনের এই ঐতিহ্যই কি আজ কিছুটা স্বপ্ন দেখাচ্ছে ক্রোয়েশিয়াকে? হয়তো। নইলে ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচ কেন আগেই বলে দেবেন, ‘ওরা (ব্রাজিল) জানে শুধু জিতলেই হবে না। ওদের সুন্দর খেলা উপহার দিয়ে জিততে হবে। আমরা সেই সুযোগটাই নিতে চাই। ব্রাজিলের কাজ যতটা সম্ভব কঠিন করে দিতে চাই।’ বোদ্ধারাও বলছেন ব্রাজিলকে চাপে ফেলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কোনোভাবে ওদের বিপক্ষে আগে গোল করা। স্বাগতিক দর্শকেরা তখন আক্রোশে ফুঁসে উঠবে। সেই চাপ সামাল দিতে গিয়ে খেই হারিয়ে ফেলতে পারেন নেইমার-ফ্রেড-অস্কাররা। মাঠের খেলায় ব্রাজিলকে হারানোর আগে হারাতে হবে স্নায়ুর খেলায়!
স্কলারির ছাত্ররা কি আদৌ সেই সুযোগ দেবেন ক্রোয়েশিয়াকে? অঘটন ব্যাপারটাই যে স্কলারির অপছন্দ! এ রকম পরিস্থিতির কথাও কি তাই আগেই ভেবে রাখছেন না ব্রাজিল কোচ? এক যুগ আগে যখন ব্রাজিলকে পেন্টা জিতিয়েছিলেন, ওই টুর্নামেন্টে হারা তো দূরের কথা, কোনো ম্যাচে ড্রই করেনি তার দল। কোনো প্রতিপক্ষকে দেয়নি অঘটনের বিন্দুমাত্র সুযোগ৷
এবার কি দেবে? সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানস কি অপেক্ষা করছে উদ্বোধনী ম্যাচে আরও একটা অঘটনের চিত্রনাট্য নিয়ে!

বিশ্বকাপের সর্বশেষ ১২টি উদ্বোধনী ম্যাচের ৮টিতেই গোল হয়েছে মাত্র একটি করে, অথবা েগাল হয়নি

বিশ্বকাপের গ্রুপপর্বে সর্বশেষ ৯ ম্যাচের ৮টিই জিতেছে ব্রাজিল। গ্রুপপর্বে ব্রাজিলের সর্বশেষ হার ১৯৯৮ বিশ্বকাপে, নরওয়ের কাছে ২-১ গোলে

বিশ্বকাপে ১৩ ম্যাচ খেলে ১১ গোল খেয়েছে ক্রোয়েশিয়া৷ এবার বিশ্বকাপের ৩২টি দেশের মধ্যে ম্যাচপ্রতি সবচেয়ে কম গোল খাওয়ার রেকর্ড তাদের

বিশ্বকাপের ক্রোয়েশিয়ার সর্বশেষ ৯ ম্যাচের ৬টিতেই কোনো না কোনো খেলোয়াড় লাল কার্ড দেখেছেন

বিশ্বকাপে এর আগে একবারই ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছে ব্রাজিল। ২০০৬ বিশ্বকাপের সেই ম্যাচ ব্রাজিল জিতেছিল কাকার একমাত্র গোলে