ঘটন-অঘটনের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হয়ে গেল আমাদের আঙিনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ক্রিকেট মহাযজ্ঞের রেশ থেকে যাবে আরও কিছুদিন। সময়ের ফিতেটা পেছনে গেলে মনে পড়বে এই টুকরো ছবিগুলো

চট্টগ্রামে ডাচ-রূপকথা, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ রঙিন হয়ে উঠেছে এমন আরও অনেক বর্ণিল ছবিতে । প্রথম আলো
চট্টগ্রামে ডাচ-রূপকথা, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ রঙিন হয়ে উঠেছে এমন আরও অনেক বর্ণিল ছবিতে । প্রথম আলো

কমলা উৎসব
ডাচদের ‘কমলা উৎসব’—শুনলেই বেশির ভাগ মানুষের চোখে ভেসে ওঠে হল্যান্ড ফুটবল দলের উচ্ছ্বাসের ছবি। ওই উচ্ছ্বাস ফুটবলেই বেশি মানায়। ক্রুইফ-খুলিত-বাস্তেনদের দেশে ক্রিকেটের বিস্তার আমাদের দেশে খো খো খেলার মতোই! কিন্তু এই ক্রিকেটই আরও একবার লিখল ডাচ-রূপকথা। প্রথম পর্বে আরব আমিরাতকে তারা হারিয়েছে প্রত্যাশিতভাবেই। একেবারে অপ্রত্যাশিত নয় আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ও, তবে অভাবনীয় সেই জয়ের ধরন। সুপার টেনে উঠতে হলে ১৯০ তাড়া করে জিততে হতো ১৪.২ ওভারে। সিলেটে চার-ছক্কার সুনামি তুলে ডাচরা জিতল ৩ বল আগেই! এরপর আর কিছু না করলেও চলত। কিন্তু রান্নাঘরে আরও ছিল! ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড-বধের পুনরাবৃত্তি হলো চট্টগ্রামে, এবার জয় ৪৫ রানে। এই বিশ্বকাপের বিস্ময় তো হল্যান্ড!

অন্ধকারের লজ্জা

উৎসবমুখর পরিবেশ, গ্যালারি-ভর্তি দর্শক। আয়োজক হিসেবে সর্বোচ্চ প্রশংসাই পেতে পারত বাংলাদেশ। চট্টগ্রাম ও সিলেটকে সেই প্রশংসা থেকে কিছুটা বঞ্চিত করেছে বিদ্যুৎ-বিভ্রাট। ১২ মার্চ আফগানিস্তান-হল্যান্ডের প্রস্তুতি ম্যাচে প্রথম সমস্যা দেখা দেয় চট্টগ্রামে। তখন ব্যবস্থা নিলে হয়তো মূল পর্বে সমস্যাটা এড়ানো যেত। কিন্তু কেন জানি সেটা হয়নি। ফলে ফ্লাডলাইট নিভে যাওয়ায় কয়েক দফা খেলা বন্ধ রাখতে হয় ২৪ মার্চ হল্যান্ড-শ্রীলঙ্কা ও ২৯ মার্চ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। এর আগে ১৯ মার্চ সিলেটে আয়ারল্যান্ড-আরব আমিরাত ম্যাচেও বিদ্যুৎ না থাকায় কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। একটা বৈশ্বিক টুর্নামেন্টে একাধিকবার এমন ঘটনা লজ্জা ছাড়া আর কী!

হেরাথের ঘূর্ণি

শ্রীলঙ্কা দিতে পেরেছিল মাত্র ১২০ রানের লক্ষ্য। ছোট এই লক্ষ্যটা ছুঁয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার দারুণ সুযোগই ছিল নিউজিল্যান্ডের। কিন্তু রঙ্গনা হেরাথ যে অন্যকিছু ভেবে রেখেছিলেন! ম্যাককালামদের সব হিসাব একাই লন্ডভন্ড করে দিলেন শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নেমেই গড়লেন অসাধারণ কীর্তি। ৩.৩ ওভারে ৩ রান দিয়ে নিলেন ৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি দ্বিতীয় সেরা বোলিং, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা। তবে এক দিক দিয়ে সবার থেকে এগিয়ে হেরাথ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই সবচেয়ে মিতব্যয়ী বোলিং (ম্যাচে অন্তত তিন ওভার বল করে)। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে একটা সময় তাঁর বোলিং পরিসংখ্যান ছিল ২ ওভারে বিনা রানে ৩ উইকেট!

আলেক্সান্ডার দ্য হেলস্

ওই ম্যাচে অনেকগুলো ক্যাচ পড়েছিল ইংলিশদের হাত থেকে। শ্রীলঙ্কা ফেলেছিল মাত্র একটি—আলেক্সান্ডার ড্যানিয়েল হেলসের। মাহেলা জয়াবর্ধনে তখনো বুঝতে পারেননি ৫৫ রানে অ্যালেক্স হেলসের ক্যাচ ফেলার মূল্যটা দিতে হবে এত নিষ্ঠুরভাবে। শেষ ৬ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ৭৩ রান! ৬৪ বলে অপরাজিত ১১৬ রানের ইনিংস খেলে হেলস্ প্রায় অসম্ভব হয়ে যাওয়া ম্যাচটাই জেতাননি, নিজেও ঢুকে গেলেন ইতিহাসের পাতায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ইংলিশ ব্যাটসম্যানের এটাই প্রথম সেঞ্চুরি, এবারের বিশ্বকাপে ছেলেদের হয়েও প্রথম। পরে অবশ্য বাংলাদেশের বিপক্ষে ৬২ বলে ১১১ রান করেছেন পাকিস্তানের আহমেদ শেহজাদও। তবে সেটা আগে ব্যাট করে এবং প্রায় চাপহীন পরিস্থিতিতে। পাহাড়সম রান তাড়া করতে নেমে হেলসের সেঞ্চুরিটার মাহাত্ম্য তাই আলাদাই।

ঢাকায় গেইলদের গ্যাংনাম নাচ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ রঙিন হয়ে উঠেছে এমন আরও অনেক বর্ণিল ছবিতে । প্রথম আলো, এএফপি
ঢাকায় গেইলদের গ্যাংনাম নাচ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ রঙিন হয়ে উঠেছে এমন আরও অনেক বর্ণিল ছবিতে । প্রথম আলো, এএফপি

গেইলদের গ্যাংনাম
পার্ক জে-স্যাং ‘পিএসওয়াই’ যখন মিউজিক ভিডিওটা বের করেছিলেন, তাঁর দূরতম কল্পনাতেও হয়তো ছিল না যে এই গান আর নাচ একসময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের উদ্যাপনের সমার্থক হয়ে যাবে। শুরুটা ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। দক্ষিণ কোরীয় র‌্যাপ গায়কের গ্যাংনাম-জ্বরে তখন পুরো বিশ্ব কাঁপছে। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে গেইলদের তাৎক্ষণিক উদ্যাপনটাও হলো সেই নাচেই। বিখ্যাত হয়ে গেল সেই উদ্যাপন। এবার ক্যারিবীয়রা শিরোপা ধরে রাখতে পারেনি। কিন্তু জেমস ফকনারের মন্তব্যে তেতে থাকা ওয়েস্ট ইন্ডিজের কাছে অস্ট্রেলিয়া ম্যাচটা যেন হয়ে গিয়েছিল ফাইনালের চেয়েও গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়টাও এল এমনভাবে যে এরপর গ্যাংনাম না হলে জমত না পুরো ব্যাপারটা। গেইলরা নাচলেন, নাচালেনও।

ক্যাচ ওঠে, ক্যাচ পড়ে

প্রতি ম্যাচেই গোটা তিন-চার ক্যাচ পড়বে, এটাই নিয়ম যেন নিয়ম হয়ে গিয়েছিল এই বিশ্বকাপে। নেপাল-হংকংয়ের মতো নবীন দলগুলো যেমন ক্যাচ ফেলেছে, হাতের ফাঁক গলে বল চলে গেছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া-ভারতের দুর্দান্ত ফিল্ডারদেরও। সব মিলিয়ে ৮০টিরও বেশি ক্যাচ পড়েছে এ বিশ্বকাপে। একটা সময় তো প্রতিবার ক্যাচ পড়ার পর টেলিভিশনেও মোট ক্যাচ ফেলার হিসাব দেখানো শুরু হলো। অথচ এর বেশির ভাগই এই পর্যায়ে ক্রিকেটারদের জন্য খুব সাধারণ ক্যাচ হওয়ার কথা! কারণ হিসেবে ধোনি বলেন, বল বেশি উঁচুতে ওঠা এবং আলোর কারণে সমস্যা হচ্ছে। প্রায় একই যুক্তি দেখান মুশফিক, ফ্যাফ ডু প্লেসিস ও চান্ডিমালরা।

ব্যর্থ বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ কিংবা এশিয়া কাপে ব্যর্থতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশাটা খুব বেশি ছিল না। কিন্তু মুশফিকের বাংলাদেশের পারফরম্যান্স ছুঁতে পারেনি প্রত্যাশাকে। টেস্ট মর্যাদা পাওয়ার ১৪ বছর পরে আফগানিস্তান, নেপালকে হারানোটা বড় কিছু নয় মোটেও। কিন্তু শেষ পর্যন্ত প্রাপ্তির খাতায় প্রথম পর্বে পাওয়া এ দুটি জয় ছাড়া যে আর কিছুই নেই বাংলাদেশের। হংকংয়ের মতো পচা শামুকে পা কাটার পর সুপার টেনে প্রায় প্রতিটি ম্যাচেই আত্মসমর্পণ। আয়োজন যতই মুগ্ধতা ছড়াক, স্বাগতিক দর্শক-সমর্থকের কাছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মনে রাখার কারণ নেই।