ঘটনার ঘনঘটায় প্রথম রাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮টি ম্যাচ যেন একেকটি উপাখ্যান। পরতে পরতে জড়িয়ে সাফল্য-ব্যর্থতা, হাসি-কান্না, সংশয়-প্রশ্ন-রোমাঞ্চ কত কিছু! নকআউট পর্বের দমবন্ধ উত্তেজনার আগে একটু পেছন ফিরে তাকালে মন্দ হয় না

মেসি, নেইমার, টমাস মুলার
মেসি, নেইমার, টমাস মুলার

উজ্জ্বল যত তারা
বিশ্বকাপের আকাশে তারার ঘাটতি কখনোই থাকে না। তবে সব তারা আবার বিশ্বকাপে জ্বলেও না। এবার আনন্দদায়ী ব্যতিক্রম। বিশ্বকাপের আগে যাঁদের ভাবা হয়েছে সম্ভাব্য নায়ক, তঁাদের প্রায় সবাই কাঁপাচ্ছেন বিশ্বকাপ মঞ্চ। লিওনেল মেসি, নেইমার, টমাস মুলার, আরিয়েন রোবেন, রবিন ফন পার্সি, করিম বেনজেমা। ক্রিস্টিয়ানো রোনালদোই বলতে গেলে শুধু পারলেন না তাল মেলাতে।
গোলবন্যার বিশ্বকাপ
গ্রুপপর্বের ৪৮ ম্যাচে ১৩৬ গোল, ম্যাচপ্রতি গড়ে ২.৮৩ গোল। গ্রপপর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছে এবারের ব্রাজিল বিশ্বকাপ, ছাড়িয়ে গেছে ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপকে (১৩০ গোল)। এক আসরে সবচেয়ে বেশি গোলের ফ্রান্স বিশ্বকাপের রেকর্ডও (১৭১) এখন হুমকির মুখে। ব্রাজিলের সৌন্দর্য সবার মনকে উদার করে দিয়েছে বলেই হয়তো দেখা যাচ্ছে এমন উন্মুক্ত ও আক্রমণাত্মক ফুটবল!
১৪ জনের খেলা!
ফুটবল ১১ জনের খেলা? ওটা ভুলে যান। এই বিশ্বকাপ প্রমাণ করেছে ফুটবল ১৪ জনের খেলা। বদলি ফুটবলাররা ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন অনেকগুলো ম্যাচের। ২৩ বদলি ফুটবলারের গোলের বিশ্বকাপ রেকর্ড ভেঙে গেছে প্রথম রাউন্ডেই (২৬টি)। বেলজিয়াম তো প্রথম রাউন্ডের বৈতরণি পার হলো বদলির ভেলাতেই, প্রথম দুই দলকে জিতিয়েছেন সুপার সাবরা। চিলির বিপক্ষে হল্যান্ডের দুই গোলই করেছেন দুজন বদলি। নকআউটের মরণলড়াইয়ে হয়তো অপেক্ষা করছে বদলির আরও ভেলকি!
গরমে নাভিশ্বাস
আমাজন জঙ্গলের ভেন্যু মানাউস তো গরমের আবহে আিলঙ্গন করতে তৈরি ছিল আগে থেকেই। প্রচণ্ড গরমে ফুটবলারদের হাঁসফাঁস করতে হয়েছে কমবেশি সব ভেন্যুতেই। পানিবিরতি না পেয়ে ক্ষোভ জানিয়েছে অনেক দল, হস্তক্ষেপ করতে হয়েছে আদালতকে। বিশ্বকাপ ইতিহাসে প্রথম পানিবিরতি দেখেছে যুক্তরাষ্ট্র-পর্তুগাল ম্যাচ। ইউরোপের দলগুলো ব্যর্থতার পেছনেও একটা বড় কারণ কন্ডিশনে মানিয়ে নিতে না-পারা।
প্রশ্নবিদ্ধ রেফারিং
প্রথম ম্যাচেই ব্রাজিলকে বিতর্কিত পেনাল্টি দেওয়া থেকে শুরু। গ্রুপপর্বের অনেক ম্যাচেই এরপর প্রশ্নবিদ্ধ হয়েছে রেফারিং। এমনিতে রেফারিং বিতর্ক খেলাটার নিত্যসঙ্গী। কিন্তু এবার যেন একটু বেশিই উঠেছে প্রশ্ন, অনেক সিদ্ধান্তে জেগেছে সংশয়।
নতুনের আলিঙ্গনে
রেফারির শর্টসের সঙ্গে ঝোলানো একটি স্প্রে। ফ্রি-কিকের মানবদেয়ালের সামনে সেই স্প্রে দিয়ে লাইন এঁকে দিচ্ছেন রেফারি! ভ্যানিশিং স্প্রের যাত্রা শুরু হয়েছে এই বিশ্বকাপে। গোললাইন প্রযুক্তির সফল সূচনা হয়েছে ফ্রান্স-হন্ডুরাস ম্যাচ দিয়ে। দেখা গেছে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ‘কুলিং ব্রেকও।’

.
.

স্প্যানিশ সাম্রাজ্যের পতন
পতনটা দেখতে পাচ্ছিলেন অনেকেই। তবে এমন অসহায় আত্মসমর্পণ ছাড়িয়ে গেছে বুঝি সবার কল্পনাকেও। প্রবল পরাক্রমশালী স্পেন, গত ছয় বছরে ইউরো-বিশ্বকাপ-ইউরোর হ্যাটট্রিকজয়ী স্পেন, র৵াঙ্কিংয়ের শীর্ষে স্থায়ী আসন গেড়ে বসা স্পেনের বিশ্বকাপ অভিযান শেষ শুরুতেই। হল্যান্ডের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়ে শুরু, পরের ম্যাচে চিলির কাছে হেরে ধুলোয় লুটাল স্প্যানিশ দুর্গ। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের জয় কোনো সান্ত্বনা অবশ্যই নয়। হয়তো বলা যায় ভবিষ্যৎ স্পেনের একঝলক ট্রেলার!

‘সন্ত’ থেকে মানুষ!
বলের ফ্লাইট বুঝতে হিমশিম, রোবেনের ডজে মাটিতে লুটানো, ছেলেমানুষি সব ভুল, অসহায় চাহনি—অবিশ্বাস্য সব টুকরো টুকরো ছবি। ক্লাব ও দেশের গোলবারে এক যুগেরও বেশি সময় ছিলেন আস্থার প্রতিমূর্তি হয়ে। ছিলেন স্প্যানিশ সাম্রাজ্যের অধিপতি, নেতা। ভক্তরা ভালোবেসে সেই কবে নাম দিয়েছিল ‘সেন্ট ইকার।’ নিষ্ঠুর বাস্তবতার এই বিশ্বকাপ প্রমাণ করেছে, ক্যাসিয়াসও রক্তমাংসের মানুষ! দলের পতনের চেয়ে করুণ ছিল যেন ক্যাসিয়াসের এই মর্ত্যে নেমে আসা।

.
.

মৃত্যুকূপের চমক
তিন বিশ্ব চ্যাম্পিয়নের গ্রুপে কোস্টারিকাকে ভাবা হচ্ছিল সহজ শিকার। গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ। কে জানত, শিকার নিজেই শিকার ধরতে ফাঁদ পেতে বসে আছে! উরুগুয়েকে হারিয়ে, ইতালি-ইংল্যান্ডের বিদায়ঘণ্টা বাজিয়ে গ্রুপ অব ডেথ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে কোস্টারিকা। শেষ ষোলোর প্রতিপক্ষ গ্রিস, কোয়ার্টার ফাইনালটা খেলাটাও এখন খুবই সম্ভব!