ঘরই বাঁধতে চেয়েছিলেন পিস্টোরিয়াস!
আগের দিন আদালতে কান্নায় ভেঙে পড়েছিলেন। কান্নাটা অনুতাপের নাকি শোকের, সেটা জানা যায়নি। অস্কার পিস্টোরিয়াস এখনো স্বীকার করেননি, বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে তিনিই খুন করেছেন। উল্টো ‘ব্লেড রানারের’ চাচা অ্যান্থনি পিস্টোরিয়াসের কথা শুনলে ভিরমিই খেতে পারেন। অ্যান্থনি দাবি করেছেন, তাঁরা নাকি বিয়ের চিন্তাও করছিলেন, ‘তারা দুজন একসঙ্গে থাকার পরিকল্পনা করছিল। অস্কার তার ব্যক্তিগত জীবনে যেকোনো সময়ের চেয়েই সুখী ছিল।’ যার সঙ্গে ঘর বাঁধার কথা, কী করে তাঁর জীবনপ্রদীপ এমন অবলীলায় নিভিয়ে দেওয়া যায়? প্রশ্নের উত্তর মেলেনি এখনো। খুনটা ঠান্ডা মাথায় নাকি মুহূর্তের উত্তেজনাবশত সেটাও এখনো থেকে গেছে রহস্যাবৃত। পূর্বপরিকল্পিত প্রমাণ হলে এমনকি যাবজ্জীবন কারাদণ্ডও জুটতে পারে ২৬ বছর বয়সী এই অ্যাথলেটের। তবে অ্যান্থনির দাবি অনুযায়ী পিস্টোরিয়াস নিজেও নাকি শোকাচ্ছন্ন হয়েই আছেন, ‘আমরা সবাই রিভার জন্য শোক করছি। তার পরিবার ও বন্ধুরাও। আর অস্কারও আঘাত ও শোকে একেবারে বিবশ হয়ে পড়েছে।’ পিস্টোরিয়াসের পুরো পরিবারও এখনো তাঁর পাশেই আছে জানিয়ে অ্যান্থনি বলেছেন, ‘এমন পরিস্থিতিতে পড়লে অন্যসব পরিবার যা করে, পরিবার হিসেবে আমরাও অস্কারকে সাহস জোগানোর চেষ্টা করছি।’ গত শুক্রবার গ্রেপ্তারের পর থেকে এখনো অবশ্য পুলিশি হেফাজতেই আছেন ‘বিশ্বের পা-বিহীন দ্রুততম মানব’। একটা রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন স্টিনক্যাম্প। জ্যামাইকাতে ধারণ করা এই অনুষ্ঠান দক্ষিণ আফ্রিকায় প্রচারিত হওয়ার কথা ছিল গতকালই। এই অনুষ্ঠানেই প্রচার হওয়ার কথা স্টিনক্যাম্পের অপ্রকাশিত এক সাক্ষাৎকারও। সেখানে বলেছিলেন চিরতরে চলে যাওয়ার আগে জীবনে ইতিবাচক একটা প্রভাব রেখে যেতে চান। চাওয়াটা যে পূরণ হওয়ার নয়, সেটা যদি তখন জানতেন! এএফপি, রয়টার্স।