ঘরপালানো ছেলের পদক জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেটি বাবার সঙ্গে রাগ করে ঘর পালিয়ে এসেছিল ঢাকায়। এরপর রাজধানীর বিভিন্ন খাবার হোটেলে বয়ের কাজ করত। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস একদিন এক হোটেলে খেতে গিয়ে দেখেন রাজীব হোসেনকে। এরপর থেকে প্রায় তিন বছর রাজীবের ঠিকানা অ্যাথলেটিকস ফেডারেশনের বারান্দা। ফেডারেশন কর্তাদের ফুটফরমাশ খাটে সে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কার্যালয়ের ভেতরে দাঁড়িয়ে রাজীব এত দিন দেখে এসেছে অ্যাথলেটদের উল্লাস আর বিজয়মঞ্চে ওঠার আনন্দ। কাল সেই রাজীবই উঠল বিজয়মঞ্চে। জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে হাইজাম্পের বালক বিভাগে প্রথমবারের মতো অংশ নিয়ে ব্রোঞ্জ জিতেছে শরীয়তপুরের কিশোর। লাফিয়েছে ১.৫৫ মিটার। অথচ সব রকমের সুযোগ-সুবিধা পাওয়া বিকেএসপির অ্যাথলেট জুলফিকার নাঈম রুপা জিতেছে রাজীবের চেয়ে মাত্র .০৫ মিটার বেশি লাফিয়ে! সোনাজয়ী কুড়িগ্রামের এস এম সাখাওয়াত লাফিয়েছে ১.৬৩ মিটার।
রাজীব অংশ নিয়েছে নারায়ণগঞ্জের হয়ে। পদক নেওয়ার আগে সে ছিল দারুণ রোমাঞ্চিত, ‘আমি স্বপ্নেও ভাবিনি এমনটা হবে। চেঙ্গিস স্যার বলেছেন, আমি নিজে তোর গলায় মেডেল পরাব। কী যে ভালো লাগছে!’
নিজের একমাত্র সাইকেলটা বিক্রি করে ঢাকায় এসেছিল রাজীব। অষ্টম শ্রেণির পর আর পড়াশোনা হয়নি। তবে ফেডারেশনের চাকরির পাশাপাশি এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছে। বিজেএমসির অ্যাথলেট শিরিন আক্তার তাকে মাত্র দেড় মাস অনুশীলন করিয়েছেন। তাতেই এমন সাফল্য পেয়ে এবার দূরের বাতিঘরে চোখ রাজীবের, ‘আমি দীর্ঘ মেয়াদে অনুশীলন করতে চাই। আন্তর্জাতিক টুর্নামেন্টেও পদক জিততে চাই।’