ঘরে ফিরছেন কাকা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাকা তবে ফিরছেন ব্রাজিলে? ছবি: রয়টার্স
কাকা তবে ফিরছেন ব্রাজিলে? ছবি: রয়টার্স

২৪ বছর আগের কথা। মাত্র আট বছর বয়সে কাকা নাম লিখিয়েছিলেন সাও পাওলোতে। মূল দলে জায়গা পেলেন ২০০১ সালে। এরপর ২০০৩ সালে ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করে পা বাড়ালেন এসি মিলানে। সেখান থেকে রিয়াল মাদ্রিদ। এরপর আবার মিলানেই ফিরে আসা। ফর্মটা নেই আগের মতো। মাঝেমধ্যে অবশ্য জ্বলে ওঠেন বজ্রবিদ্যুতের মতো। বিদেশ বিভুঁইয়ে অনেক হলো। ক্যারিয়ারের এ গোধূলিবেলায় কাকা ফিরছেন ঘরের ক্লাবে?

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ব্রাজিলের খেলোয়াড়দের শিকড়ে ফেরার রীতি নতুন নয়। এর আগে রোনালদিনহো ফিরেছেন, ফিরেছেন রোনালদো, রোমারিও, রবার্তো কার্লোস (এখন আনঝি মাখাচকালায়), রিভালদোরাও। ওদিকে সাও পাওলো জানিয়েছে, কাকাকে বরণ করে নিতে ভীষণ আগ্রহী তারা। সাও পাওলোর নতুন সভাপতি কার্লোস আইদার বলেছেন, ‘কাকা এখানে এলে সত্যি ভালো লাগবে।’

যদিও ৩২ বছর বয়সী এ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ এখনো এক বছরের বেশি সময় রয়েছে। তবে জানা গেছে, এ গ্রীষ্মেই তিনি এশিয়া কিংবা ইউএস মেজর লিগে চলে যেতে পারেন। এ ক্ষেত্রে সাও পাওলো সভাপতির মন্তব্য, ‘আমরা মধ্যপ্রাচ্য ও চীনা ক্লাবগুলোর সঙ্গে প্রতিযোগিতা (কাকাকে কিনতে) করতে পারব না। তবে সে এখানে দস্তানার মতো একদম মানানসই।’