ঘরে ফিরলেন ডেকো
আঁতুড়ঘরে ফিরে এলেন ডেকো। ক্যারিয়ারের সায়াহ্নে এসে জন্মভূমির ক্লাবেই নাম লেখালেন এই মিডফিল্ডার। ৩২ বছর বয়সী ডেকো নাম লেখালেন ফ্লুমিনেন্সে। ব্রাজিলের ক্লাবটি জানিয়েছে, ডেকোর সঙ্গে চুক্তিটা দুই বছরের। আজ ফ্লুমিনেন্সের জার্সি গায়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা। যদিও ডেকোর আগের ক্লাব চেলসির পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কিছু জানানো হয়নি।১৯৯৬-৯৭ মৌসুমে ব্রাজিলেরই করিন্থিয়ানসের হয়ে অভিষেক। পরের মৌসুমে ডেকো চলে যান পর্তুগিজ ক্লাব বেনফিকায়। এর পর খেলেছেন আরেক পর্তুগিজ ক্লাব পোর্তোতে। জাতীয় দল হিসেবে ব্রাজিলের বদলে ডেকো বেছে নিয়েছিলেন পর্তুগালকে। আন্তর্জাতিক ফুটবলেও অভিষেক ব্রাজিলের বিপক্ষে, ডেকো গোল করে জিতিয়ে দিয়েছিলেন দলকে। ব্রাজিলের বিপক্ষে যেটি ছিল পর্তুগালের ৩৭ বছরের মধ্যে প্রথম জয়।তার পরও কিন্তু ব্রাজিলের জন্য সব সময়ই মন কেঁদেছে তাঁর। জন্মভূমিতে তাই শেষ পর্যন্ত ফিরে এলেন দুবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এই ফুটবলার। ওদিকে নিরুত্তাপ হয়ে পড়া দলবদলের বাজারে মৃদু উত্তেজনা তৈরি হয়েছে মেসুত ওজিলকে ঘিরে। জার্মানির হয়ে গত বিশ্বকাপে নজরকাড়া ওজিলকে কিনতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও তাঁর ক্লাব ভেরডার ব্রেমেন জানিয়ে দিয়েছে, ওজিল ‘বিক্রয়ের জন্য নহে’। সত্যিই সত্যিই ক্লাবটি তা চায়, নাকি দাম বাড়ানোর কৌশল, সেটি জানা যাবে শিগগিরই। বিবিসি, ওয়েবসাইট।