ঘরে ফিরলেন সুবোধ রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাগলা ঘোড়া খেপলে চাবুক ছুড়ে মারবেই। তবে ঘোড়াটি আপাতত শান্ত। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। জাতীয় দলের হয়ে দায়িত্ব শেষ করে মাদ্রিদে ফিরেই একটি বিবৃতিও দিয়েছেন। আর তাতে আপাতত শান্ত ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনের জলোচ্ছ্বাস। রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার বলেছেন, তাঁর পুরো মনোযোগ এখন রিয়ালকে ঘিরেই।বিশ্বকাপ বাছাইপর্বে দুটি সফল ম্যাচ শেষে গত বুধবার ফিরে আসেন এই উইঙ্গার। রিয়ালের অনুশীলন ভেন্যুতে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই পৌঁছে গেছেন তিনি। এর পর কোচ হোসে মরিনহোর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেই বৈঠকে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজেরও থাকার কথা ছিল। তবে পেরেজ আসেননি। মরিনহোর সঙ্গে ওই বৈঠকের রোনালদোকে একটি বিবৃতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গুরুর কথা সুবোধ শিষ্যের মতো মান্য করেন এই ২৭ বছর বয়সী পর্তুগিজ।‘আমি নিশ্চিত করে বলতে চাই, চুক্তি নিয়ে আমি উদ্বিগ্ন নই। সতীর্থদের অপরিহার্য সমর্থন এবং সব মাদ্রিদিস্তাকে নিয়ে আমার পুরো মনোযোগ শুধু প্রতিটা ম্যাচ এবং সম্ভাব্য সব শিরোপা জেতার দিকেই কেন্দ্রীভূত’—ওই বিবৃতিতে বলেছেন রোনালদো।গুঞ্জনের ঢেউটা তৈরি করেছিলেন রোনালদো নিজেই। ‘মাদ্রিদে আমি সুখী নই’ মন্তব্য করে রোনালদোই বারুদে একটা স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিলেন। পরে স্পেনের পত্রপত্রিকাগুলোয় লেখা হয়, আরও বেশি বেতন চান বলেই এমনটা করেছেন রোনালদো। ক্লাবের কিছু কিছু সতীর্থের সঙ্গে তাঁর কল্পিত দ্বন্দ্বের খবরও বেরোয়। রোনালদো অবশ্য তখন ফেসবুকের মাধ্যমে জানিয়েছিলেন, টাকার জন্য তিনি এমন মন্তব্য করেননি। কিন্তু আসল কারণ কী, সেই ব্যাখ্যাও দেননি। পরশু দেওয়া বিবৃতিতেও পরিষ্কার হলো না, হঠাৎ কী এমন ঘটেছিল, রিয়ালের হয়ে গ্রানাডার বিপক্ষে জোড়া গোল করার পর কেন অমন কথা বলেছিলেন। এমন মন্তব্য তাঁর পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন। সেটা যে পড়বে না, এমন শোরগোলের মধ্যেই পর্তুগালের হয়ে দুটি ম্যাচেই দারুণ খেলে বুঝিয়েও দিয়েছেন। লুক্সেমবার্গের বিপক্ষে গোল করেছেন। আজারবাইজারে বিপক্ষে গোল না পেলেও করিয়েছেন দুটি গোল। তৃপ্ত রোনালদো বলেছেন, ‘দুটি ম্যাচে ৬ পয়েন্ট, মিশন সম্পন্ন। এখন সময় এসেছে ক্লাবে ফিরে শুধু ক্লাব নিয়ে ভাবার।’ ওয়েবসাইট। ক্লাবকে নিয়ে ভাবতেই হবে। শনিবার সেভিয়ার বিপক্ষে খেলা। এর পর মঙ্গলবারই চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে খেলতে হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।