ঘরে ফিরে যাবেন ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আর থাকতে চাইছেন না স্টুয়ার্ট ল। গত ৩০ মার্চ এটা জানিয়ে বিসিবির কাছে ই-মেইল করে ল-র এজেন্ট। এর পর থেকে খবরটা চেপেই রেখেছিল বিসিবি। কিন্তু ‘শেষরক্ষা’ হয়নি। কাল প্রথম আলোয় ছাপা হয় স্টুয়ার্ট ল-র পদত্যাগের ইচ্ছার কথা। দুপুরে বাংলাদেশ দলের বিদায়ী কোচকে পাশে বসিয়ে সেটাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।স্টুয়ার্ট ল-র সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের সম্পর্ক মাত্র সাড়ে আট মাসের। গত বছরের ১ জুলাই দায়িত্ব নেওয়ার পর জিম্বাবুয়ে সফরে শুরুটা ভালো হয়নি। সর্বশেষ এশিয়া কাপে তাঁর অধীনেই সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। তবে উন্নতির ছাপ ধরা পড়ে এর আগে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ থেকেই।মাঠের সাফল্য বাংলাদেশের কোচ হিসেবে ল-র সময়টাকে করে তুলেছিল উপভোগ্য। কিন্তু জীবনের অন্য পিঠে জমছিল হতাশা। স্ত্রী ও এক সন্তান থাকে লন্ডনে। ভাইবোন-বাবা-মা ব্রিসবেনে। আট বছর ধরে অস্ট্রেলিয়ার বাইরে কাটানো ল নাড়ির টান অনুভব করছিলেন অনেক দিন ধরেই। কাল সংবাদ সম্মেলনে যাওয়ার আগে শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে বলছিলেন, ‘ছেলেটা বড় হচ্ছে। ওকে সময় দিতে পারি না। স্ত্রীরও অনেক অনুযোগ। অসুখী স্ত্রী বলতে পারেন (হাসি)। তা ছাড়া আমার বাবা-মা, ভাইবোনদের থেকেও দূরে দূরে থাকছি। এখন মনে হচ্ছে, পরিবারকে একটু সময় দেওয়া দরকার। স্ত্রী-পুত্র নিয়ে এখন থেকে ব্রিসবেনেই থাকব। তাতে আমার পরিবারেরও কাছাকাছি থাকা হবে।’বাবা খেলার মানুষ, ছেলের রক্তেও খেলাধুলা ব্যাপারটা ভালোই আছে। অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার সেটাও একটা কারণ বললেন ল, ‘ছেলেটা ক্রিকেট খেলে। সার্ফিংয়েও দারুণ নেশা। ইংল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়ায় এসবের সুযোগ বেশি।’সংবাদ সম্মেলনেও স্টুয়ার্ট ল বারবার এটাই বললেন—পদত্যাগের কারণ সম্পূর্ণই ব্যক্তিগত। বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেট-সংশ্লিষ্টদের ওপর কোনো রাগ নেই তাঁর। ‘আমরা সবাই জানি, পরিবারের দাবিটাই সবার আগে। পরিবার থেকে দূরে থাকায় ছেলেকে বড় হতে দেখছি না। ক্রিকেট আমার জীবনের অনেক বড় একটা অংশ নিয়ে থাকলেও বিগত বছরগুলোয় আমি বুঝেছি পরিবারের চেয়ে বড় আর কিছুই নেই। তারা সুখী না হলে আমি সুখী হতে পারি না। কাজেই দুর্ভাগ্যজনকভাবে আমাকে সরে যেতেই হচ্ছে’—কোচ নয়, কথাগুলো বলার সময় একজন দায়িত্ববান বাবা আর স্বামীকেই যেন দেখা গেল মাইক্রোফোনের সামনে।আট মাসেই বাংলাদেশের ক্রিকেটের অনেক ভালো-খারাপ দেখেছেন। তবে বিদায় বলার দিনে ল ভালোটাই শুধু বললেন, ‘আমার পদত্যাগের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট মহলের কারও সম্পৃক্ততা নেই। এখানে আমার সময়টা দারুণ ছিল। এখানকার ক্রিকেট, এখানকার সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জেনেছি। এখানকার মানুষকে চিনেছি। যেখানেই গেছি দারুণ সব বন্ধু জুটে গেছে। এই বন্ধুত্ব সব সময়ই থাকবে।’ ল-র কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের কোচ পরিচয়টাও, ‘এখানে না এলে অনেক অভিজ্ঞতাই হয়তো হতো না। শেষ দিকে এসে এশিয়া কাপটা প্রায় জিতেই গিয়েছিলাম আমরা। বাংলাদেশের ক্রিকেট সঠিক পথে আছে এবং এটা তারই লক্ষণ।’সংবাদ সম্মেলনে বিসিবির পক্ষ থেকে স্টুয়ার্ট ল-র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জালাল ইউনুস ও ক্রিকেট পরিচালনার প্রধান এনায়েত হোসেন। ‘আমরা চেষ্টা করেছি তাঁকে রাখতে। বলেছি, প্রয়োজনে পরিবারের সদস্যদের এখানে নিয়ে আসা যেতে পারে। এশিয়া কাপের সাফল্যের পর তাঁর চলে যাওয়াটা সত্যিই দুঃখজনক’—বলেছেন জালাল ইউনুস। এনায়েত হোসেনের চোখে ল-র সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য হতাশার, ‘আমরা আগেও ভালো খেলেছি। তবে ল আসার পর অল্প কদিনেই অনেক উন্নতি করেছি। তাঁর বিদায়ে বাংলাদেশের ক্রিকেট-সংশ্লিষ্টরা আশাহত হবেন। তবে ল-র কথাও ঠিক—পরিবারই আগে।’এনায়েত জানিয়েছেন, স্টুয়ার্ট ল-র উত্তরসূরি খুঁজতে প্রয়োজনে তাঁর সাহায্যও নেবে বিসিবি। ল-র দৃষ্টিতে সেই উত্তরসূরি আছে বাংলাদেশ দলের বর্তমান কোচিং স্টাফের মধ্যেই। সংবাদ সম্মেলন শেষে বললেন, ‘বোলিং কোচ শেন ইয়ুর্গেনসেন ভালো কোচ, অনেক অভিজ্ঞতা তাঁর। তাঁকে বিবেচনা করা যেতে পারে। তবে আমি বুঝি, বিসিবি হয়তো বড় কোনো নামই খুঁজবে। বাংলাদেশের মতো উদীয়মান দলের জন্য অনেক সময় বড় নামের কোচই কার্যকর বেশি হয়।’বিসিবির সঙ্গে ল-র দুই বছরের চুক্তি ছিল ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত। পদত্যাগের ঘোষণা দিয়ে দিলেও জালাল ইউনুস জানিয়েছেন, আগামী ৩০ জুন পর্যন্ত থেকে চুক্তির এক বছর শেষ করে যাবেন ল। সে ক্ষেত্রে বাংলাদেশ দল পাকিস্তান সফরে গেলেও কি সঙ্গী হবেন ল? ‘যত দূর জানি, বিসিবি এখনো পাকিস্তান সফরে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আমি মাত্র (গতকাল) আজই এলাম। এখনো এ ব্যাপারে কিছু জানি না’—বলেছেন ল। তবে সূত্র নিশ্চিত করেছে, পাকিস্তান সফরে যেতে রাজি নন ল। বিসিবির সভাপতি আজ দুবাই থেকে ফিরলে তাঁর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন তিনি। পাকিস্তানে যেতে অপারগতা জানিয়ে দেবেন তখনই।